স্পোর্টস ডেস্ক।।
ইউরোপ অধ্যায় শেষ করে যুক্তরাষ্ট্রের লিগে পাড়ি জমিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী খেলোয়াড় লিওনেল মেসি। তবে গত মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় উয়েফার বর্ষসেরার সেরা তিনে জায়গা করে নিয়েছেন এলএমটেন। মেসির সঙ্গে সেরা তিনে জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির দুই খেলোয়াড় কেভিন ডি ব্রুইনা এবং আর্লিং হল্যান্ড।
গতকাল বৃহস্পতিবার উয়েফা বর্ষসেরার দৌড়ে থাকা এই খেলোয়াড়দের নাম প্রকাশ করে। এই পুরস্কারের জন্য প্রথমে ক্লাব ও জাতীয় দলের পারফরম্যান্স বিবেচনা করে একটি প্রাথমিক তালিকা করা হয়। এই তালিকায় থাকা খেলোয়াড়দের ভোট দেন উয়েফা আয়োজিত প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেনস লিগের প্রথম রাউন্ডে খেলা দলগুলোর কোচ, নির্বাচক ও নির্বাচিত সাংবাদিকরা।
সেরা তিনে চ্যাম্পিয়নস লিগ জয়ী ম্যানচেস্টার সিটির দুই খেলোয়াড় ডি ব্রুইনা ও হল্যান্ডকে দেখে অবাক না হলেও অনেকেই অবাক হয়েছেন মেসিকে দেখে। গত মৌসুমে মেসির দল পিএসজি লিগ ওয়ান জিতলেও চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়ে। যদিও ৭ ম্যাচে ৪ গোল ও ৪ অ্যাসিস্ট করে ছন্দেই ছিলেন এই তারকা। তবে মেসি মূলত সেরার লড়াইয়ে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ পারফরম্যান্সের জন্য। উয়েফা এক বিবৃতিতে বিষয়টি স্বীকারও করে নিয়েছে।
উয়েফার সেরা তিনে থাকাটা হল্যান্ডের জন্য অনেকটা অনুমিতই ছিল। কারণ, বুরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে এসে প্রথম মৌসুমেই করেছেন ৫২ গোল। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে ১২টি ও প্রিমিয়ার লিগে ৩৬টি। হল্যান্ডের এই বিধ্বংসী পারফরম্যান্সের অবদান অনেকটাই ডি ব্রুইনার। চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগে ৯ গোলের পাশাপাশি ২৩টি অ্যাসিস্ট এই বেলজিয়ানের।
বর্ষসেরার দৌড়ে থাকা চতুর্থ খেলোয়াড় ইলকায় গুনদোয়ান, পঞ্চম রদ্রি। তালিকার ছয় নম্বরে আছেন ফ্রান্স ওপিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। এর পরের জায়গাগুলোতে লুকা মদরিচ, মার্সেলো ব্রোজোভিচ, ডেকলান রাই এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
বর্ষসেরা কোচের দৌড়ে সেরা তিনে আছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা, ইন্টার মিলানের সিমন ইনজাগি এবং নাপোলির লুসিয়ানো স্পালেত্তি। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ৩১ আগস্ট।










































