স্পোর্টস ডেস্ক।।
নেইমারের আল হিলাল এফসিতে যোগদানের বিষয় নিশ্চিত করেছে বৃটিশ সংবাদ সংস্থা বিবিসি। দল বদল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর কণ্ঠেও একই সুর। বোঝাই যাচ্ছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সৌদি আরব গমনের খবরটি ঝুলে নেই শুধু সম্ভাবনার সুতোয়। এবার ফরাসি গণমাধ্যম ফুটমারকেতো জানালো, আল হিলালের সঙ্গে চুক্তিতে কিছু শর্ত দিয়েছেন নেইমার। তার মধ্যে একটি হলো ব্যক্তিগত বিমানের সুবিধা। পিএসজি ছাড়বেন নেইমার। খবরটি বেশ পুরনো।
২০২২-২৩ মৌসুম শেষে লিওনেল মেসির প্যারিস ত্যাগে সেই সম্ভাবনাটা জোরদার হয়। তবে লুইস এনরিকে পিএসজির কোচ হওয়ায় ধারণা করা হচ্ছিল সাবেক গুরুর সান্নিধ্যে পার্কে দেস প্রিন্সেসেই থিতু হবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে সব ধারণা ভুল প্রমাণ করে, সপ্তাহখানেক আগে পিএসজিকে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানান নেইমার। ফরাসি গণমাধ্যম লেকিপ জানায়, পিএসজি ছেড়ে বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন তিনি।
তবে আর্থিক দোলাচলে থাকা বার্সা তাকে ভেড়াতে সক্ষম হয়নি।
এই সুযোগ ২ বছরের চুক্তিতে নেইমারকে বাগিয়ে নেয় আল হিলাল এফসি। ফুটমারকেতো জানিয়েছে, আল হিলালের কাছে নেইমার একটি ব্যক্তিগত বিমান চেয়েছেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শর্তে রাজিও হয়েছে সৌদি প্রো লীগের দলটি। এছাড়া নেইমারের চুক্তিতে আরেকটি শর্ত আছে- প্রেমিকা ব্রুনো বিয়ানকার্দির সঙ্গে সৌদিতে থাকতে চেয়েছেন তিনি। আল হিলাল মেনে নিয়েছে সেই শর্তও। দেশটির নিয়ম অনুযায়ী, বিয়ে করা ছাড়া কোনো যুগলের একসঙ্গে থাকার অনুমতি নেই। তবে বছরের শুরুতে আল নাসর এফসিতে নাম লেখানো ক্রিস্টিয়ানো রোনালদো তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে থাকার অনুমতি পেয়েছেন আগেই। আল হিলালের প্রত্যেক জয়ে ৮০ হাজার ইউরো বোনাসও চেয়েছেন নেইমার। আর সোশ্যাল মিডিয়ায় সৌদি আরবের প্রচারণা বিষয়ক প্রতি পোস্টের জন্য ৫ লাখ ইউরো পাবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।










































