আন্তর্জাতিক ডেস্ক।।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম এক কোটি ডলার ঘোষণা করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা।
ইরানপন্থি এই সংগঠনটি গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ট্রাম্পকে হত্যা করতে পারলে ওই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।
বিবৃতিতে ট্রাম্পকে ‘অপরাধী’ হিসেবে উল্লেখ করে ইসলামিক রেজিস্ট্যান্স জানায়, তাদের সদস্য ও সমর্থকদের অনুদানের অর্থ থেকে এক কোটি ডলারের এই পুরস্কার বরাদ্দ করা হয়েছে।
যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী ট্রাম্পকে হত্যা করবে, তারা এই অর্থ পাবে বলে দাবি করা হয়েছে। সংগঠনটির বিবৃতিতে আরও বলা হয়, ‘বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাবে। স্বৈরাচারীরা কখনো শান্তি পাবে না। সম্মানিত মানুষের ক্ষোভ থেকে ওই অপরাধী নিরাপদ আশ্রয় খুঁজে পাবে না। ’
এতে আরও দাবি করা হয়, যোদ্ধাদের জন্য প্রতিশোধ নেওয়া ‘বাধ্যতামূলক অঙ্গীকার’। বিবৃতিতে বলা হয়েছে, ‘শহীদদের রক্ত অভিশাপ হয়ে অহংকারীদের সিংহাসন কাঁপিয়ে দেবে, যতক্ষণ না আগ্রাসনকারীরা পরাজিত হয় এবং স্বৈরাচারের দুর্গগুলো ধসে পড়ে।’
এদিকে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ২০২০ সালে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যায় তার ভূমিকা ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই প্রকাশ্য বক্তব্যকে ভালোভাবে নেয়নি ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। এর পরই সংগঠনটি ট্রাম্পের মাথার দাম ঘোষণা করে।









































