বিনোদন ডেস্ক।।
বলিউডের ‘দেশি গার্ল’ থেকে হলিউডের আন্তর্জাতিক তারকা—দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অবস্থান আরো শক্ত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য।
১৮ জুলাই (শনিবার) ৪৪ বছরে পা রাখা এই অভিনেত্রীর সম্পদের পরিমাণ নিয়েও ভক্তদের আগ্রহের শেষ নেই। ২০১৮ সালে রাজস্থানের জোধপুরে রাজকীয় আয়োজনে মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। বর্তমানে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন এই তারকা দম্পতি। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে তাদের কোলজুড়ে আসে কন্যাসন্তান মালতী মেরি।
বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রিয়াঙ্কা ও নিক জোনাস বর্তমানে বিশ্বের অন্যতম ধনী তারকা দম্পতির মধ্যে অন্যতম। তাদের যৌথ সম্পদের পরিমাণ প্রায় ১ হাজার ২৫০ কোটি রুপি।
২০০২ সালে একটি তামিল সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন প্রিয়াঙ্কা। পরের বছর বলিউডে অভিষেকের পর ‘ফ্যাশন’, ‘ডন’, ‘বাজিরাও মাস্তানি’সহ একাধিক সফল চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

বর্তমানে তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। ভারতীয় গণমাধ্যমের দাবি, মহেশ বাবুর সঙ্গে আসন্ন সিনেমার জন্য তিনি প্রায় ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এছাড়া আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এ অভিনয়ের জন্য প্রায় ৪১ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিনয়ের বাইরেও ব্যবসায়ী হিসেবে সফল প্রিয়াঙ্কা। গয়না, প্রসাধনী ও ফ্যাশন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হওয়ার পাশাপাশি ২০২১ সালে নিজের হেয়ার কেয়ার ব্র্যান্ড চালু করেন।
এছাড়া ডেটিং অ্যাপ, জুতার ব্র্যান্ড এবং খাদ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন স্টার্টআপেও বিনিয়োগ রয়েছে তার।
বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রিয়াঙ্কা চোপড়ার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৫৮৩ কোটি রুপি। অন্যদিকে নিক জোনাসের সম্পদের পরিমাণ প্রায় ৬৬৬ কোটি রুপি। ফলে তাদের সম্মিলিত সম্পদের একটি বড় অংশের মালিক প্রিয়াঙ্কাও।
২০১৯ সালে লস অ্যাঞ্জেলেসে প্রায় ২০০ লাখ মার্কিন ডলার ব্যয়ে একটি বিলাসবহুল প্রাসাদ কিনেছিলেন প্রিয়াঙ্কা ও নিক। প্রায় ২০ হাজার বর্গফুট জায়গাজুড়ে নির্মিত সেই বাড়িতে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। বিশেষজ্ঞদের মতে, এই দম্পতির বিপুল সম্পদের বড় অংশই ভবিষ্যৎ পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের ফল।









































