স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপ ফাইনাল আর তা নিয়ে ভবিষ্যদ্বাণী হবে না এমনটা কি হতে পারে? এক শব্দের উত্তর—না। মানুষ দুই দলে বিভক্ত হবে এটাই স্বাভাবিক। আর্জেন্টিনা-স্পেন ফাইনালেও তাই ব্যতিক্রম কিছু হচ্ছে না।
ভক্ত-সমর্থকরা তো আগে বিভক্ত হয়েছেনই, এবার ফুটবল পণ্ডিত হচ্ছেন। তালিকার ব্যক্তিরা হচ্ছেন ফুটবল জগতের বিখ্যাত নাম। যারা নিজেদের সময়ে মাঠে দাপট দেখিয়েছেন। তাদেরই একজন হচ্ছেন জ্লাতন ইব্রাহিমোভিচ। পুরো বিশ্বকাপে লিওনেল মেসির খেলায় মুগ্ধ হয়ে তার প্রশংসা করলেও শিরোপা জয়ে আর্জেন্টিনাকে পিছিয়ে রাখছেন ইব্রাহিমোভিচ। সুইডিশ কিংবদন্তির মতে, ফাইনালে স্পেন দাপট দেখাবে।
ফক্স স্পোর্টসের অনুষ্ঠানে ইব্রাহিমোভিচ বলেছেন, ‘ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত খেলেছে স্পেন। আর্জেন্টিনার বিপক্ষেও তাই করবে। পজেশনাল খেলাটাই খেলবে। কাউন্টার অ্যাটাকিং দল নয় আর্জেন্টিনা। তারা দলীয় খেলাটাই খেলবে। আর আমার বিশ্বাস ফাইনালে স্পেনই আধিপত্য দেখাবে। ’
ইব্রাহিমোভিচের সঙ্গে সুর মিলিয়েছেন মাইকেল ওয়েন। আর্জেন্টিনার থেকে স্পেনকেই এগিয়ে রাখছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার। তিনি বলেছেন, ‘আর্জেন্টিনা সেমিফাইনালে আসতে কিছুটা ভাগ্যকেও পাশে পেয়েছে। বিপরীতে স্পেন দুর্দান্ত। ফ্রান্সের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এটা সত্যিই দেখার মতো পারফরম্যান্স। তাই আমার মনে হয় আর্জেন্টিনার চেয়ে অনেক এগিয়ে স্পেন। আশা করছি এবার বিশ্বকাপ তারাই জিতবে, আর সেটাই হবে ন্যায্য।’
বিপরীতে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন কাইলর নাভাস। রিয়াল মাদ্রিদ ও কোস্টারিকার সাবেক গোলরক্ষকের মতে, মেসির কারণেই চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। তিনি বলেছেন, ‘কোনো একটা দলকে এগিয়ে রাখা বেশ কঠিন। ফাইনালটা সেয়ানে-সেয়ানে লড়াই হবে। দুদলই দুর্দান্ত। তবে আমাকে একটি দল বেছে নিতে হলে আর্জেন্টিনাকে নেব। কারণ তাদের দলে মেসি আছে।’









































