স্পোর্টস ডেস্ক।।
ক্রিকেটে নিত্যনতুন রেকর্ড তৈরি করে আলোচনায় থাকেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রেন্ডিংয়ে ছিলেন মাঠের বাইরের কারণে। কারণ, বিয়ের গুঞ্জন উঠেছে বর্তমানের অন্যতম সেরা এই ব্যাটারের।
শোনা গিয়েছিল, অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের পরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাবর। এক্স-এ (সাবেক টুইটার) ‘কিং বাবর আজম আর্মি’ একটি পেইজের পোস্টে লেখা হয়, ‘বিশ্বকাপের পর নভেম্বরেই বিয়ে করতে যাচ্ছেন বাবর।’
বাবরের পরিবারের সঙ্গে কথা বলেছে পাকিস্তানি গণমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান।’ বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তারা। বাবরের পরিবারের এক সদস্য জানিয়েছেন, তার বিয়ের এত তাড়া নেই। বর্তমানে ক্রিকেটের মনোনিবেশ করছেন তিনি। ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে দলকে আরও ভালো কিছু উপহার দিতে বদ্ধপরিকর তিনি। বাবরকে বিয়ের পোশাকে দেখতে আরও কমপক্ষে ১ বছর অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।
বাবরের দেখভালকারী প্রতিষ্ঠান সায়া কর্পোরেশনও বিয়ের এমন গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট দিয়ে তারা একথা জানায়।
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ১৭ তারিখে হবে ফাইনাল। এর পরের মাস অক্টোবরের ৫ তারিখ থেকে আবার শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনের পরদিন হায়দ্রাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাকিস্তান।










































