সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার আশাশুনিতে এক মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর উপজেলার পরান্দাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কাশিমপুর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী ওই প্রতিষ্ঠানের হিফজ বিভাগের ছাত্র এবং মাদরাসার আবাসিক বোর্ডিংয়ে থাকত।
এজাহারে অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময়ে ওই শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তাকে হয়রানি ও মারধর করা হতো। এ ছাড়া গত কয়েকদিন ধরে গভীর রাতে নিজের কক্ষে নিয়ে শিক্ষার্থীকে দিয়ে হাত-পা টেপাতেন তিনি। সর্বশেষ গত ২১ অক্টোবর সকাল ৭টার দিকে বোর্ডিং থেকে চাল-ডাল নিয়ে রান্নাঘরে দিয়ে ফেরার পথে প্রধান শিক্ষক ওই শিক্ষার্থীকে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক যৌন নিপীড়ন করা হয়। এ সময় ওই শিক্ষার্থী চিৎকার করলে অভিযুক্ত শিক্ষক তার মুখ চেপে ধরেন এবং কাউকে ঘটনাটি না জানানোর জন্য নিষেধ করেন। পরে বাড়িতে ফিরে ওই শিক্ষার্থী তার বাবা-মাকে বিষয়টি জানায়। অসুস্থতা বোধ করায় তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার আশাশুনি থানায় একটি মামলা করেন।
আরও পড়ুন
‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুর রহমান বলেন, মামলার পর সাতক্ষীরা সদর উপজেলার পরান্দাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।










































