Home আন্তর্জাতিক চীনে প্রথমবারের মতো হলে মুক্তি পেল এআই নির্মিত সিনেমা

চীনে প্রথমবারের মতো হলে মুক্তি পেল এআই নির্মিত সিনেমা

0

অনলা্িনি ডেস্ক।।

চীনে শুক্রবার প্রথমবারের মতো সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নির্মিত সিনেমা মুক্তি পেয়েছে। ‘সানশিংদুই: ফিউচার পাস্ট’ নামের সায়েন্স ফিকশন থ্রিলারটি ১০ হাজারের বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শন হওয়ার কথা।

তবে চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। আগাম টিকিট বিক্রি কম হওয়ায় বক্স অফিসে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে। টিকিট বিক্রির প্ল্যাটফর্ম মাওইয়ানের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত আগাম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৮০ হাজার ইউয়ান (১১ হাজার ৯৮০ ডলার)।

ধারণা করা হচ্ছে, সব মিলিয়ে বক্স অফিসে সিনেমাটির আয় দেড় লাখ ইউয়ানের নিচে থাকবে। যা নির্মাণ ব্যয়ের তুলনায় বেশ কম। নির্মাতা প্রতিষ্ঠান বোনা ফিল্ম গ্রুপ জানিয়েছে, প্রায় ১০০ জনের একটি দল দুই বছরের বেশি সময় ধরে ছবিটি তৈরি করেছে। ব্যয় হয়েছে ১ কোটি ইউয়ানের বেশি (১৫ লাখ ডলার)।

সিনেমার অভিনয়শিল্পী, তাঁদের কণ্ঠস্বর ও ব্র্যাকগ্রাউন্ড- সবই এআই দিয়ে তৈরি। গল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও মানবতার ভবিষ্যত চিত্র দেখানোর চেষ্টা করা হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বোনা ফিল্মের প্রধান নির্বাহী জিয়াং দেফু বলেন, দর্শকদের আগ্রহ কম থাকলেও চলচ্চিত্রটি নতুন দিগন্ত উন্মোচন করছে। তারাই প্রথম এটি তৈরির চেষ্টা করেছেন। দর্শকের সামনেও প্রথমবারের মতো পরীক্ষার মুখোমুখি হচ্ছেন।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে এআই দিয়ে তৈরি ভিডিও বেশ জনপ্রিয়। ভিডিও শেয়ারের স্থানীয় প্ল্যাটফর্ম দৌইনে (টিকটক) শুধু সেপ্টেম্বর মাসে এআই দিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য নাটকগুলো ২০০ বিলিয়নের বেশি বার দেখা হয়েছে।