আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের হিমাচলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। বন্যার পানির স্রোতে ভেসে যাচ্ছেন, মানুষ, প্রাণি ও গাছপালা। প্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উদ্ধার কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
২৪ ঘণ্টার মধ্যে তিনটি বড় বন্যা সংক্রান্ত দুর্ঘটনা ঘটেছে সেখানে। আকস্মিক বন্যা ভাসিয়ে নিয়ে গেছে সাতজনকে। গত দুই দিনের অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখভিন্দার সিং সুখু। তিনি হতাহতের পরিবারকে সম্ভাব্য সকল ধরনের সহায়তা দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
রোববার তিনি বলেছেন, পাহাড়ি রাজ্যে সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান আজ থেকে বন্ধ থাকবে। সেই সময় তিনি ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা ও বন্ধ হয়ে যাওয়া রাস্তার তথ্য জানান। বন্যাকবলিত অঞ্চলে উদ্ধার অভিযান চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ভারি বর্ষণে ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোলান জেলায় মারা যান সাতজন। আর শিমলায় শিব মন্দির ধসে ৯ জনের মৃত্যু হয়। মামলিঘ গ্রাম থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেখানে দুটি বাড়ি ও একটি গোয়ালঘর ভেসে গেছে। জরুরি ব্যবস্থাপনা অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, দুর্যোগের কারণে ৭৫২টি রাস্তা বন্ধ হয়ে গেছে।
সুখবিন্দর সিং স্থানীয়দের ঘরের ভেতরে অবস্থান করার আহ্বান জানান। সেইসঙ্গে ড্রেন অথবা নদীর কাছে যেন কেউ না যান তার অনুরোধ করেছেন তিনি। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ভূমিধস প্রবণ এলাকা থেকে লোকদের সরে যেতে বলেছেন। এ ছাড়া এই সঙ্কটময় মুহূর্তে পর্যটকদের রাজ্যটিতে ভ্রমণ না করার অনুরোধ করেছেন।











































