স্পোর্টস ডেস্ক।।
ভারতের ইতিহাস গড়া হলো না। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচ পিছিয়ে থেকে প্রথম কোনো দল হিসেবে সিরিজ জয়ের হাতছানি ছিল দলটির। তবে পারলেন না হার্দিক পান্ডিয়ারা। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় ব্যবধানে জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ ঘরে তুলল ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজ হারার পর অবশ্য ভারতীয় অধিনায়ক হার্দিকের দাবি, মাঝে মাঝে হেরে যাওয়াটাই নাকি দরকার দলের জন্য, ‘মাঝে মাঝে হারা ভালো। সেখান থেকে অনেক কিছু শেখা যায়। ছেলেরা তাদের মান দেখিয়েছে। হারা জেতা খেলারই অংশ। আমাদের প্রক্রিয়া অটুট রেখে শিখতে হবে। ছেলেদের মন অনেক বড়। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই বেশি প্রয়োজন।’
অথচ ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে। তারা প্রতিনিয়তই সমালোচনা শুনছে। কিন্তু সেই উইন্ডিজের কাছেই সিরিজ হার। তাও পরের বিশ্বকাপ (২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ) এর মূল ভেন্যুতেই। স্বাভাবিকভাবেই তাই সিরিজ হারকে বড় করে দেখতে চাইবে ভারতের সমর্থকরা।
হার্দিক পান্ডিয়া আরও বলেন, ‘আমাদের নিজেদেরকে চ্যালেঞ্জ জানাতে হবে। এই ম্যাচগুলো থেকে আমাদের শিখতে হবে। আমাদের যতটা কঠোর হতে হয় হবো। একটা সিরিজে তেমন কিছু যায় আসে না, আমাদের লক্ষ্য কী সেটাই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ এখনও অনেক দূরে। সামনে এবার ওয়ানডে বিশ্বকাপ।’











































