স্পোর্টস ডেস্ক।।
ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে শুরু, এরপর ইউরোপের নামিদামি অনেক তারকাকেই দলে টেনেছে সৌদি ক্লাবগুলো। ইউরোপের বেশ কয়েকজন খেলোয়াড় টানলেও পিএসজি তারকাদের ওপর আল-হিলালের লক্ষ্য যেন ছিল আলাদা নজর।
প্রথমে লিওনেল মেসিকে দলে ভেড়ানোর চেষ্টা করে ক্লাবটি। তবে, পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে পিএসজির টানাপোড়েনের সুযোগও নিতে চেয়েছিল ক্লাবটি, দিয়েছিল বড় প্রস্তাব। তাতে পিএসজি রাজি হলেও সাড়া দেননি এমবাপ্পে। অবশেষে, পিএসজির ১০ নম্বর জার্সিধারী নেইমারকে দলে ভেড়াতে রাজি করতে পেরেছে ক্লাবটি।
গণমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল রোববার আল-হিলালের প্রস্তাবে নেইমারের রাজি হওয়ার পর রাজি হয়েছে পিএসজিও। নেইমারকে নেওয়ার জন্য পিএসজিকে ৯০ মিলিয়ন ইউরো দেবে আল-হিলাল। তবে ‘অ্যাড অনস’ বাবদ খরচ আরও কিছুটা বাড়তে পারে।
নেইমারকে আনুষ্ঠানিকভাবে দলে ভেড়াতে শুধু দুইটি প্রক্রিয়া বাকি আছে। প্রথমটি হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা আর দ্বিতীয়টি প্রয়োজনীয় কাগজপত্র চূড়ান্ত করা। দুই বছরের চুক্তিতে আল-হিলালে যোগ দেবেন এই ব্রাজিলিয়ান। আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকছে তার সামনে।
প্রতি মৌসুমের জন্য আল-হিলালে ১৬০ মিলিয়ন ইউরো করে পাবেন নেইমার। সেই হিসেবে দুই মৌসুমে তাকে ৩২০ মিলিয়ন ইউরো দিবে বলেছে ক্লাবটি। দলবদল নিয়ে ইতালির নির্ভরযোগ্য সাংবাদিক এক টুইটে জানিয়েছেন, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে নেইমারের চুক্তি থাকবে। সেখানেও ১০ নম্বর জার্সি পরবেন তিনি।
বার্সেলোনা থেকে ২০১৭ সালে রেকর্ড ২২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। তবে ৬ বছর কাটালেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি এই ব্রাজিলিয়ান। জেতা হয়নি আকাঙ্খিত চ্যাম্পিয়নস লিগের ট্রফিও।
ইউরোপের বড় বড় তারকাদের টেনে দলবদলে দারুণ একটি মৌসুমই কাটাল পিএসজি। এ বছরের শুরুতে ইউরোপের বড় তারকা হিসেবে সৌদি ক্লাব আল-নাসরে পা রাখেন রোনালদো। এরপর করিম বেনজেমা, এনগোলো কান্তে, জর্ডান হেন্ডারসন, রুবেন নেভেস, সাদিও মানে ও রবার্তো ফিরমিনোরা যোগ দিয়েছেন সৌদি প্রো লিগে।










































