বিনোদন ডেস্ক।।
ব্যক্তিগত জীবনে নানা টানাপড়েনের মধ্যদিয়ে যাচ্ছেন। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন। তবুও তার চলচ্চিত্র জীবন যেন সোনায় সোহাগা। টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সমস্ত পিছুটান ফেলে কাজের প্রেমে পড়তে চান তিনি।
গতকাল ৩৬-এ পা দিয়েছেন অভিনেত্রী। একাধিকবার বিয়ের পিঁড়িতে বসে গাঁটছড়া বেঁধেও সংসার টেকাতে পারেননি তিনি। বার বার সম্পর্কে তিক্ততার সম্মুখীন হওয়ায় হেঁটেছেন বিচ্ছেদের পথে। তাই বিয়ের বন্ধনে আর নিজেকে জড়াতে চান না লাস্যময়ী এই নায়িকা। শুধুমাত্র কাজের প্রেমে পড়তে চান তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানান, আমি আর প্রেমে পড়তে বা বিয়ে করতে চাই না। কাজই আমার প্রেম। এখন শুধুই কাজ নিয়ে থাকতে চাই। কাজের বাইরে অন্যকিছু ভাবতে কিংবা আর কাউকে প্রাধান্য দিতে চাই না। যেহেতু আমার অতীতের সম্পর্কগুলোতে অনেক সমস্যা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তো কেউ আমার বিচার করতে পারেন না। অনেকেই অনেকভাবে কটাক্ষ করেন। কিন্তু এসবে এখন আর কিছু যায় আসে না! আমি আমার মতো করে এগিয়ে যাবো। কাজ করবো, নিজের কর্মফল পাবো, ব্যাস এতটুকুই।










































