স্পোর্টস ডেস্ক।।
লংকান প্রিমিয়ার লিগে গতকাল শনিবার ডাম্বুলা অরার বিপক্ষে ৫০ রানে হেরে যায় কলম্বো স্ট্রাইকার্স। প্রথমে ব্যাট করে বেন ম্যাকডারমটের অপরাজিত ৬৯ রানে ভর করে ১৬৬ রানের বড় সংগ্রহ তোলে ডাম্বুলা। জবাব দিতে নেমে ১১৬ রানেই অলআউট হয় বাবর আজমের দল কলম্বো।
ব্যাটে ম্যাকডারমটের পর ডাম্বুলার হয়ে বল হাতে আগুন ঝড়ান বিনুরা ফার্নান্দো, হাসান আলি এবং নুর আহমেদ। তিনজনে মিলে তুলে নেন প্রতিপক্ষের ৭ উইকেট। এর মধ্যে একটু বেশিই উজ্জ্বল ছিলেন হাসান। ৪ ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। এর মধ্যে আছে বাবরের গুরুত্বপূর্ণ উইকেটও।
হাসানের আউটসাইড অফে করা দারুণ একটি ডেলিভারি মিড অফের ওপর দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন বাবর। তবে, বলের গতিবিধি বুঝতে পারেননি তিনি। কভারে ওৎ পেতে থাকা সাদিরা সামারাবিক্রামার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তবে আউট করেও তেমন কোনো উদযাপন করতে দেখা যায়নি হাসানকে।
ম্যাচ পরবর্তী সাক্ষাতকারে হাসান জানালেন বাবরকে অল্প রানে আউট করেও কেন নমনীয় উদযাপন করেছেন তিনি। তিনি বাবরকে তাদের ‘কিং’ এবং অধিনায়ক উল্লেখ করে তার প্রতি যে সম্মান রাখেন সেকথাই বললেন।
হাসান বলেন, ‘তিনি (বাবর) আমাদের ‘‘কিং’’ এবং আমার অধিনায়ক, তাই তার প্রতি সবসময়ই একটি সম্মানের ব্যাপার থাকে। সে কারণেই আমি উদযাপন করিনি। আমি মনে করি, তাকে সার্কেলের মধ্যে আউট করতে পারাই আমার জন্য একটি বিশাল উদযাপন। আমরা জানি, সে যেকোনো সময় খেলার গতিপথ পরিবর্তন করে ফেলতে পারে।’










































