Home খেলাধুলা রোনালদোর নৈপুণ্যে ফাইনালে আল-নাসর

রোনালদোর নৈপুণ্যে ফাইনালে আল-নাসর

69

স্পোর্টস ডেস্ক।।
আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে আলো ছড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিযোগিতাটিতে টানা চার ম্যাচে গোল পেয়েছেন আল-নাসর এফসির পর্তুগিজ সুপারস্টার। সবশেষ বুধবার রাতেও সিআরসেভেনের নৈপুণ্যে ইরাকের ক্লাব আল শর্টাকে ১-০ গোলে হারিয়ে ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে পৌঁছে আল-নাসর। প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালের পুরোটা সময় আধিপত্য দেখায় আল-নাসর এফসি। ৬৪ শতাংশ বল দখলে রেখে ১৫টি শটের ৫টি লক্ষ্যে রাখে রোনালদো-মানেরা। বিপরীতে মাত্র ৩৬ শতাংশ বল পজেশনে রাখা আল শর্টা ৬টি শটের ৩টি লক্ষ্যে রাখে। দাপুটে ছন্দে ম্যাচের ৩০তম মিনিটে আল নাসরকে এগিয়ে নিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

তবে অফসাইডের খড়গে বাতিল হয় গোলটি। ৩ মিনিটের ব্যবধানে গোলের আরো একটি সুযোগ তৈরি করে আল নাসর। তবে ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যালেক্স তেলেসের ডি-বক্সের বাইরে থেকে নেয়া শট গোলবারে প্রতিহত হয়। ৭৫তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আল নাসর।

 

আল শর্টার ডি-বক্সে বায়ার্ন মিউনিখ থেকে নাসরে যোগ দেয়া সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন ম্যাচ রেফারি। আর সফল স্পটকিকে জয়সূচক গোলটি করেন রোনালদো। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে ৪ ম্যাচে ৪ গোল পেলেন পর্তুগিজ সুপারস্টার। ম্যাচ শেষে খেলার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘আমরা ফাইনালে চলে গেলাম। সাবাশ ছেলেরা। নিরঙ্কুশ সমর্থনের জন্য ভক্তদের বিশেষ ধন্যবাদ।’ আগামী ১২ই আগস্ট আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে আল নাসর এফসির প্রতিদ্বন্দ্বী আল হিলাল এফসি।