Home খেলাধুলা নারী ফুটবলারদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নারী ফুটবলারদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

81

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।।

খুলনার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের ৪ নারী ফুটবলারকে মারধর, হেনস্তা ও হুমকির প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন করা হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ, পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে ও বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে নারী ফুটবলারদের ওপর মারধর, হেনস্তা ও হুমকির ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ, পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি কানিজ ফাতিমা’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল, বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর প্রকল্প সমন্বয়কারী তাজমেরী জাহান, প্রকল্প কর্মকর্তা মিরাজ হোসেন ও রুমা বেগম এবং পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আয়শা সিদ্দিকা প্রমূখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার ৫২ বছর পরও দেশে নারীরা নিরাপদে কাজকর্ম করতে পারছেন না। সম্প্রতি খুলনার বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামের চারনারী ফুটবলারদের হেনস্তা, মারধরসহ হামলা ও হুমকির ঘটনা ঘটেছে। যা নারীদের দমিয়ে রাখার শামিল। তাই অবিলম্বে ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মানববন্ধন থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।