স্পোর্টস ডেস্ক।।
হ্যারি কেইনকে ঘিরে ইংলিশ ক্লাব টটেনহ্যাম ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের মধ্যে বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছে দরকষাকষি। বায়ার্নের একের পর এক দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিল টটেনহ্যাম। অবশেষে বায়ার্নের দেওয়া প্রস্তাবে কেইনের বর্তমান ক্লাব টটেনহ্যাম রাজি হয়েছে বলে জানিয়েছে জার্মান ও ব্রিটিশ গণমাধ্যম।
বৃহস্পতিবার টটেনহ্যামের রাজি হওয়ার খবর দেয় গণমাধ্যমগুলো। এসব প্রতিবেদন অনুযায়ী, কেইনকে পেতে বায়ার্নকে গুনতে হবে ১০০ মিলিয়ন (১০ কোটি) ইউরোর বেশি।
যদি কেইন শেষ পর্যন্ত বায়ার্নে যোগ দেন তাহলে তিনিই হবেন ক্লাবটির ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়। এর আগে ফরাসি ডিফেন্ডার লুকা এর্নান্দেজকে কিনতে অ্যাতলেতিকো মাদ্রিদকে ৮০ মিলিয়ন ইউরো দিতে হয়েছিল বায়ার্নকে।
গত ২০২০-২১ মৌসুমে বায়ার্ন ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন রবার্তো লেভানদভস্কি। এরপর থেকেই একজন স্ট্রাইকারের অভাবে ভুগছে জার্মান জায়ান্টরা। পোলিশ তারকা লেভানদভস্কিকে ছাড়াই ১১তম লিগ শিরোপা জিতলেও শেষ ম্যাচ পর্যন্ত যেতে হয়েছে চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়ার জন্য। তাছাড়া চ্যাম্পিয়নস লিগেও নিজেদের শক্তি বাড়াতে চায় দলটি।
টটেনহ্যামের হয়ে বয়সভিত্তিক দলে খেলে ২০১১ সালে মূল দলে অভিষেক হয় কেইনের। ৪৩৫ ম্যাচে ২৮০ গোল করে ক্লাবটির হয়ে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনি। প্রিমিয়ার লিগেও ৩২০ ম্যাচে ২১৩ গোল করে আছে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুইয়ে।










































