Home Uncategorized খুলনার পাবলিক হল কমপ্লেক্স নির্মাণ প্রকল্প: তিন বছর ধরে ফাইল চালাচালিতেই সীমাবদ্ধ

খুলনার পাবলিক হল কমপ্লেক্স নির্মাণ প্রকল্প: তিন বছর ধরে ফাইল চালাচালিতেই সীমাবদ্ধ

135

স্টাফ রিপোর্টার।।
খুলনা তিন বছর ধরে ফাইল চালাচালিতেই সীমাবদ্ধ রয়েছে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে ১৫ তলা বিশিষ্ট পাবলিক হল কমপ্লেক্স নির্মাণ প্রকল্প। এখনও একনেকের অনুমোদন মেলেনি ৩৪১ কোটি টাকা ব্যয়সাপেক্ষ প্রকল্পটির। শিববাড়ি মোড়ের পুরাতন পাবলিক হলটি ভেঙে ফেলার পর গত দেড় বছর ধরে খালি পড়ে আছে জায়গাটি। সভা- সেমিনার ও অনুষ্ঠান করার জন্য খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ভালো কোনো হল না থাকায় ক্ষুব্ধ নগরবাসী। কেসিসি সূত্রে জানা গেছে, ২০২০ সালের জুলাই মাসে ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়সাপেক্ষ ‘খুলনা সিটি করপোরেশনের ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই প্রকল্পের একটি অংশে ছিল ৪১২ কোটি টাকা ব্যয়ে ২৫ তলা ফাউন্ডেশনের উপর ২২ তলা বিশিষ্ট পাবলিক হল কমপ্লেক্স নির্মাণ কাজ। কিন্তু তখন তা অনুমোদন পায়নি।

পরবর্তীতে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধন করে ২০২২ সালের মার্চে মন্ত্রণালয়ে পাঠানো হয়। ২ হাজার ৫০৩ কোটি টাকার প্রকল্পের একটি অংশে ২০ তলা ফাউন্ডেশনের উপর ১০ তলা পাবলিক হল কমপ্লেক্স নির্মাণে ব্যয় ধরা হয় ৩১৩ কোটি টাকা। তখন মন্ত্রণালয় থেকে আবারও ডিপিপি সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। এরপর ২০২২ সালের আগস্টে প্রকল্পটি সংশোধন করে মোট ১ হাজার ৪৯৬ কোটি টাকা ব্যয় নির্ধারণ করে আবারও মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই প্রকল্পের একটি অংশে ১৫ তলা ফাউন্ডেশনসহ ১৫ তলা বিশিষ্ট পাবলিক হল ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৪১ কোটি টাকা। কিন্তু এখনও প্রকল্পটির অনুমোদন মেলেনি। সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার সভাপতি অ্যাডভোকেট কুদরত ই খুদা বলেন, শিববাড়ি মোড়ের জিয়া হলটি ভেঙে ফেলার পর দ্রুত সেখানে আরেকটি পাবলিক হল নির্মাণ করা প্রয়োজন ছিল। কিন্তু সেই কাজে দীর্ঘসূত্রিতার কবলে পড়েছে নগরবাসী। কবে হল নির্মিত হবে কিংবা আদৌ প্রকল্পটি আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে নগরবাসী সংশয়ে রয়েছে।

কেসিসির প্রধান পরিকল্পনা কর্মকর্তা মো. আবির উল জব্বার জানান, প্রকল্পটি স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের অনুমোদন পেয়েছে। গত বছরের ২৫ আগস্ট প্রকল্পটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এখন অর্থ মন্ত্রণালয়ের সম্মতির অপেক্ষায় রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে প্রকল্পটি একনেক সভায় উত্থাপন হবে। কেসিসির নব-নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রকল্পটি সংশোধন করে পাঠিয়েছিলাম। প্রকল্পটির ব্যাপারে প্রধানমন্ত্রীর সম্মতি আছে। আমি দায়িত্ব গ্রহণের পর প্রকল্পটি যাতে দ্রুত পাশ হয় সেই চেষ্টা করবো। কেসিসি সূত্রে জানা গেছে, ১ দশমিক ৭ একর জমির অর্ধেক অংশে মোট ৩৭ হাজার ৪৪০ বর্গফুটের হলটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। হলটির বেজমেন্টে থাকবে গাড়ি পার্কিংয়ের স্থান। নিচতলায় প্রধান অডিটোরিয়াম ও ইনডোরে মেলার স্থান, দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকবে একটি করে অডিটোরিয়াম ও লাইব্রেরি এবং দোকানপাট। চতুর্থ তলায় দোকানপাট ও ৩টি সেমিনার কক্ষ। পঞ্চম তলায় থাকবে ছেলে ও মেয়েদের আলাদা জিম, ছেলেদের সেলুন, মেয়েদের পার্লার ও দোকানপাট। ষষ্ঠ তলায় থাকবে সিনেপ্লেক্স, ফুডকোর্ট, ব্যাংক, বীমা ও ইন্স্যুরেন্স অফিস, সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থাসহ সুইমিং পুল ও শপিং সুবিধা। ৭ থেকে ১৪ তলা পর্যন্ত অফিস স্পেস এবং ১৫ তলায় রুফটপ রেস্টুরেন্ট।

এ ব্যাপারে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, নগরীতে সভা-সেমিনার, অনুষ্ঠান করার জন্য সিটি করপোরেশনের ভালো কোনো হল নেই। অনেক দিন ধরে শুনে আসছি শিববাড়ি মোড়ে আধুনিক ও দৃষ্টিনন্দন পাবলিক হল নির্মাণ হবে। কিন্তু তেমন কোনো অগ্রগতি দেখতেপাচ্ছি না।

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, নগরীর শিববাড়ি মোড়ের এই স্থানটিতে আগে জিয়া হল নামে একটি পাবলিক হল ছিল। নির্মাণ কাজ শেষে ১৯৯২ সালে হলটির উদ্বোধন করা হয়েছিল। এরপর জরাজীর্ণ অবস্থার কারণে ২০১০ সালে হলটি বন্ধ হয়ে যায়। ২০১৯ সালের জুন মাসে হলটিকে পরিত্যক্ত ঘোষণার পর গত বছরের জানুয়ারি মাসে ভেঙে ফেলা হয়।