স্টাফ রিপোর্টার।।
খুলনার নিরালা এলাকায় প্রতিপক্ষের মারধরে কোরবান আলী (৪২) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। সোমবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে নিরালা ১নং সড়কের দিঘির পাড়ে এ ঘটনা ঘটে। নিহত কোরবান আলী নগরীর সোনাডাঙ্গা হাফিজনগর এলাকার ইঞ্জিন আলী সরদারের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের নিরালা ফাঁড়ির ইনচার্জ এস আই আবদুল হান্নান জানান, পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষরা কোরবান আলীকে মারপিট করে দিঘীর মোড়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এস আই আবদুল হান্নান আরও জানান, নিহতের শরীরে আঘাতের বড় কোনো চিহ্ন নেই। এলোপাথাড়ি চড়, ঘুষিতেই তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।
তিনি আরও জানান, নিহতের ময়না তদন্তের প্রক্রিয়া চলছে । আসামিদের গ্রেপ্তারের অভিযান শুরু করেছেন বলে জানান তিনি।











































