Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

129
নিপুণ শিল্পের কারিগর কালো বুক বাবুই পাখি। বাসা তৈরির জন্য উপকরণ খুঁজতে আখখেতে এসে বসেছে পাখিটি-সংগৃহীত

 ঢাকায় ১০ জনসহ ডেঙ্গুতে আরও ১৪ মৃত্যু

ঢাকা অফিস

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। গেলো ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৪ জন মারা গেছে। নতুন মৃতদের মধ্যে ১০ জনই ঢাকার। আর বাকি চার জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৭ জনে। এ ছাড়া গেল ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৬৪ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার (৬ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৫১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১১৯ জন ও ঢাকার বাইরের এক হাজার ৬৩২ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের মধ্যে ১০ জন ঢাকার বাসিন্দা। চারজন ঢাকার বাইরের বাসিন্দা।

 

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৬৯ হাজার ৪৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৬ হাজার ৭২০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৩২ হাজার ৭৬৩ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ হাজার ৫৮৪ জন। ঢাকায় ৩১ হাজার ৮১০ এবং ঢাকার বাইরে ২৭ হাজার ৭৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

 

চট্টগ্রামে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

খুলনাঞ্চল রিপোর্ট

অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের।

 

টানা চার দিন ধরে বৃষ্টিতে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের বেশির ভাগ এলাকা। কোথাও কোথাও কোমর পানি, বুক সমান পানি। এতে নগরীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেও পানি উঠে গেছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা বর্ষণ নগরীর খুলশি ও অক্সিজেনের পাহাড়ি এলাকা ছাড়া ৪১ ওয়ার্ডের সবকয়টি এলাকায় এখন থইথই করছে পানি।

 

এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস-পরীক্ষা আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (১০ আগস্ট) পর্যন্ত তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার দিবাকর বড়ুয়ার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবল বর্ষণের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক জনজীবন বিপর্যস্ত হওয়ায় শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা ৮ আগস্ট হতে ১০ আগস্ট ২০২৩ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় চবি অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

অতি বৃষ্টির জমাট পানিতে সড়ক ও রেললাইন ডুবে থাকার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

 

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ, তীব্র যানজট

খুলনাঞ্চল রিপোর্ট

এইচএসসি ২০২৩ পরীক্ষার তারিখ পেছনের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১টা ২০ মিনিটে দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এতে ধানমণ্ডি, কলাবাগান, শাহবাগ ও নিউ মার্কেট এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী কমিশনার(এসি) নব কুমার বিশ্বাস বলেন, সাইন্সল্যাবে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার তারিখ পেছানের দাবিতে অবস্থান নেওয়ায় আধঘণ্টা যাবৎ তীব্র যানজটের তৈরি হয়েছে। এ মুহূর্তে চার দফা দাবি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো: ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে। পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে।

ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয়। পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেওয়া।

 

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার সিদ্ধান্ত

ঢাকা অফিস

বহুল আলোচিত-সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ নামে নতুন একটি আইন করার কথা জানিয়েছে আইন মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

 

এর আগে, গত বুধবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল বা পরিবর্তন করা হবে না। তবে আইনের অপব্যবহার রোধে এটি সংশোধন করার প্রক্রিয়া চলছে, যা আগামী সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

 

 

প্রসঙ্গত, ডিজিটাল নিরাপত্তা আইনে ২৬ মাসে (২০২০ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত) মোট মামলা হয়েছে ৮৯০টি, অভিযুক্ত হয়েছেন ২ হাজার ২৪৪ জন এবং আটক হয়েছেন ৮৪২ জন। গড়ে প্রতি মাসে অভিযুক্ত ৮৬ জনের বেশি। আটক হয়েছেন গড়ে ৩২ জন। আর প্রতি মাসে গড় মামলার সংখ্যা ৩৪টি। তবে ২০২১ সালের এপ্রিল থেকে ২০২২ সালে ফেব্রুয়ারি পর্যন্ত গড়ে প্রতি মাসে অভিযুক্ত হয়েছেন ১৪৭ জন এবং আটক হয়েছেন ৬৭ জন করে।

 

 

সবচেয়ে বেশি মামলার শিকার ও আটক হচ্ছেন রাজনীতিবিদ (২৫ দশমিক ৪০ শতাংশ) এবং সাংবাদিক (১৮ দশমিক ৭৩ শতাংশ)। আর ডিজিটাল নিরাপত্তা আইনে সবচেয়ে বেশি মামলা করেছেন ক্ষমতাসীন দলের দলের নেতা-কর্মীরা। এছাড়া প্রধানমন্ত্রীর অবমাননার অভিযোগে মামলা করা হয়েছে ৯৮টি, মন্ত্রীর অবমাননার মামলা করা হয়েছে ৫১টি এবং রাজনৈতিক নেতাদের আবমাননার মামলা করা হয়েছে ৭৫টি। ফেসবুকে মতামত প্রকাশের জন্য এই আইনের অধীনে মামলা করা হয়েছে ৩৯৯টি।

 

 

গত শনিবার সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ আয়োজিত ওয়েবিনারে প্রকাশিত গবেষণা প্রবন্ধে এসব তথ্য দেওয়া হয়েছে। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন গবেষণা কার্যক্রমের মুখ্য গবেষক, যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের ডিস্টিংগুইসড প্রফেসর এবং সিজিএস-এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. আলী রীয়াজ।

 

পরীক্ষা দিতে বের হয়ে জলাবদ্ধ সড়কে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

খুলনাঞ্চল রিপোর্ট

চট্টগ্রামে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে যাওয়া সড়ক পার হতে গিয়ে পানিতে ডুবে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ২১ বছর বয়সী নিপা পালিত হাটহাজারী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

সোমবার সকালে হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিপার ফুফাত ভাই জয় ঘোষ বলেন, ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল আমার বোনের। পরীক্ষার কেন্দ্র পড়েছে ফটিকছড়ির নাজিরহাট কলেজে। সকালে পরীক্ষা দিতে বের হওয়ার পর আমরা খবর পেয়ে বাড়ির সামনের সড়কে পানিতে ভাসমান অবস্থায় নিপার মরদেহ দেখতে পাই। সেখানে কোমর সমান পানি ছিল।

 

 

তিনি বলেন, নিপার মৃগী রোগ ছিল। ধারণা করা হচ্ছে পানি পার হওয়ার সময় মৃগী রোগের কারণে ডুবে যায়।

 

 

খবর পেয়ে হাটহাজারী থানা পুলিশ ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

 

থানার পরিদর্শক নুরুল আলম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, বাড়ির সামনের সড়কে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে, কিন্তু অস্বাভাবিক মৃত্যু হওয়ায় আমরা মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।

 

শতবার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

ঢাকা অফিস

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের শততম বার সময় নিয়েছে তদন্তকারী সংস্থা। সোমবার মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকেলও তা করা হয়নি।

 

আদালত থেকে পাওয়া সর্বশেষ তথ্য মতে, প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করা হয়েছে। এর ফলে প্রতিবেদন দাখিল ১০০ বারের মতো পেছাল।

 

 

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। তখন বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সারোয়ার মেঘ। হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। হত্যাকাণ্ডের সাড়ে ১১ বছর পার হয়ে গেছে। দীর্ঘ এই সময়ে আদালত থেকে দফায় দফায় প্রতিবেদন দাখিল করার সময় বেঁধে দেওয়া হলেও হত্যার রহস্য উদ্ঘাটন করে প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

 

তবে মামলার পর রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য আসামিরা হলেন- বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। এদের মধ্যে তানভীর ও পলাশ রুদ্র জামিনে। অন্য আসামিরা এখনো কারাগারে।

 

 

লোকসভার সদস্যপদ ফিরে পেলেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

মোদি পদবি নিয়ে মন্তব্যের জেরে বাতিল হওয়া ভারতের কংগ্রেস নেতা সংসদ সদস্য পদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধী। গুজরাটের সুরাট আদালতের নির্দেশের ওপর সম্প্রতি দেশটির শীর্ষ আদালত সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন।

তারপরই সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লা সংসদ সদস্য পদ ফিরিয়ে দিলেন রাহুল গান্ধীর। স্পিকারের সচিবালয় থেকে ওই বিষয়ে নির্দেশ জারি করা হয়েছে। এর জেরে মঙ্গলবার (৮ আগস্ট) থেকে সংসদ ভবনে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটি হওয়ার কথা। তাতে অংশ নিতে আর কোনো বাধা রইল না রাহুলের।

 

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে কর্নাটকে প্রচারে গিয়ে মোদি পদবি নিয়ে মন্তব্যের কারণে গত ২৩ মার্চ রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা হয় সুরাটের নিম্ন আদালতে। সেই রায়ে রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেন গুজরাট রাজ্যের সুরাটের নিম্ন আদালত। সুরাট আদালতের সেই সিদ্ধান্তের জেরে একদিন পরেই অর্থাৎ ২৪ মার্চ সাংসদ সদস্য পদ খোয়াতে হয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে। যদিও সাজা শোনানোর পরই রাহুলকে ৩০ দিনের জন্য শর্তসাপেক্ষে জামিন দেয়া হয়েছিল।

 

একইসঙ্গে জানিয়ে দেয়া হয়েছিল, এই ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করারও সুযোগ পাবেন রাহুল। পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুরাটের নগর-দায়রা আদালতে মামলা করেছিলেন রাহুল। গত ১৩ এপ্রিল মামলাটি ওঠে সুরাটের নগর-দায়রা আদালতে। ২০ এপ্রিল শুনানিতে রাহুলের দাবি ছিল, তার রাজনৈতিক পরিচয়ে প্রভাবিত হয়ে অতিরিক্ত শাস্তি দিয়েছে নিম্ন আদালত।

 

কিন্তু, নগর দায়রা আদালতের বিচারক পি মোগেরা. রাহুলকে কোনোরকম স্বস্তি দেননি। রাহুলের আরজি খারিজ করে দিয়েছিল নগর দায়রা আদালতও। সেদিনই কংগ্রেসের তরফে ইঙ্গিত দিয়ে রাখা হয়েছিল, আরও উচ্চতর আদালতে মামলা দায়ের করবেন রাহুল। এরপরই ২৫ এপ্রিল গুজরাট হাইকোর্টে মামলা দায়ের করে কংগ্রেস নেতা তথা রাহুলের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। সেই মামলা গত ৭ জুলাই গুজরাট হাইকোর্টেও খারিজ হয়ে যায়। এরপরই সুপ্রিম কোর্টে মামলাটি ওঠে।

 

 

গত শুক্রবার (৪ আগস্ট) রাহুলের দুই বছরের জেলের সাজার ওপর স্থগিতাদেশ দেন আদালত। অথচ সুপ্রিম কোর্ট রাহুলকে স্বস্তি দেয়ার পর লোকসভা সচিবালয়ের সেই ক্ষিপ্রতা দেখা যায়নি। সেই কারণে বিরোধীরা সমষ্টিগতভাবে স্পিকারের ওপর চাপ তৈরি করেছিলেন। এমনকি কংগ্রেস ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার বার্তা দিচ্ছিল। এমন পরিস্থিতিতে সোমবার (৭ আগস্ট) সংসদের অধিবেশন শুরু হওয়ার আগেই স্পিকার ওম বিড়লা জানিয়ে দেন যে রাহুলের লোকসভার সদস্য পদ ফেরানো হয়েছে।

 

 

রঙ চা এর উপকারিতা

সারাদিনের ব্যস্ত সময়ে শরীর চাঙ্গা করে তোলার জন্য এক কাপ চা-ই যথেষ্ট। কমবেশি সবাই দুধ চা পছন্দ করে থাকেন। ক্ষণিকের জন্য এই দুধ চা মনটাকে চনমনে করে তুললেও শরীরের জন্য তা মোটেও উপকারি নয়। তাই নিয়মিত দুধ চা পান করে নিজের ক্ষতি করার চাইতে নিয়মিত পান করতে পারেন রঙ চা। লাল চা স্বাস্থ্যের জন্য বেশ উপকারি।

আসুন জেনে নেয়া যাক রঙ চা এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে-

 

-রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

 

-ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে

 

-স্ট্রেস কমাতে সাহায্য করে

 

-হাড়কে শক্ত এবং মজবুত করতে বেশ কার্যকরী

 

-হজমে সাহায্য করে

 

-ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে

 

-হার্টের স্বাস্থ্যের উন্নতিতে লাল চায়ের ভূমিকা অপরীসীম

 

 

হাসপাতালে ভর্তি তিশা

  বিনোদন ডেস্ক

দর্শকনন্দিত অভিনেত্রী তানজিন তিশাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

স্ট্যাটাসে তিনি লেখেন, গত কয়েক দিন ধরে আমি অসুস্থ। কিন্তু গতকাল আমার শারীরিক অবস্থা বেশি খারাপ ছিল। যার কারণে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার কারণে অনেকের কল রিসিভ করতে পারিনি।

 

বর্তমান শারীরিক অবস্থার কথা উল্লেখ্য করে তানজিন তিশা বলেন, আলহামদুলিল্লাহ! এখন অনেকটা ভালো বোধ করছি। আমি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠি, এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।

 

 

তবে তিশার কী হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি তিনি। এদিকে তিশার ভক্তরা পছন্দের অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ফেসবুক পোস্টে কমেন্ট করে দ্রুত সুস্থতার জন্য শুভ কামনা জানাচ্ছেন তারা।

 

খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভা আজ

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভা আজ (মঙ্গলবার) বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়কবৃন্দসহ সকল সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদক, আহবায়ক/সদস্য সচিব, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির আহবায়কবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

 

 

খালিশপুরে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার

নগরীর খালিশপুরের গাবতলা মোড়ে বোনকে ইভাজিং করার প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। মূমূর্ষ অবস্থায় ভাই মোঃ ইসমাইল হোসেন (৩৩) ও ১৫নং ওয়ার্ড আ’লীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক শেখ শামস পারভেজ (৩২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মোঃ ইসমাইল হোসেন জানান, রোববার অসুস্থ মাকে ডাক্তার দেখিয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে খালিশপুরের গাবতলা মোড়ে আসলে একটি বখাটে ছেলে আমার বোনের ছবি তোলে ও ভিডিও করে। ছবি তোলা দেখে আমার বোন প্রতিবাদ করে ও আমি এগিয়ে যাই। এ সময় স্থানীয় মোঃ হারুন হাওলাদারের ছেলে সন্ত্রাসী মোঃ টিটু (৩০) তাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে, খালিশপুরের গাবতলা মোড়ে রাত ৯ টায় দিকে বক্কারের চা এর দোকানে মোঃ ইসমাইল হোসেনকে মীমাংসার জন্য ডাকা হয়। মীমাংসা চলা অবস্থায় ১৫ নং ওয়ার্ড আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আঃ জব্বার নেতৃত্বে সন্ত্রাসী মোঃ টিটু (৩০), মোঃ আরিফ, মোহনা আক্তার সানু, মোঃ সোহাগসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মোঃ ইসমাইল হোসেনের উপরে হামলা চালায়। বাচাঁর জন্য চিৎকার করলে ১৫নং ওয়ার্ড আ’লীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক শেখ শামস পারভেজ এগিয়ে যান। এ সময় সন্ত্রাসী তার উপরে হামলা চালায়। ঘটনার সময় সন্ত্রাসীরা চা দোকানটি ভাঙচুর করে এবং নগদ অর্থসহ শেখ শামস পারভেজ এর গলা থেকে স্বর্ণের চেইন নিয়ে যায়। হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা মোঃ ইসমাইল হোসেন এবং শেখ শামস পারভেজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায় এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব মনীরুল গিয়াস বলেন, ঘটনাটা আমি শুনেছি। শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ মামলা, তদন্তে পিবিআই

ফুলবাড়ীগেট প্রতিনিধি

ফেসবুকে পরিচয় পরে বন্ধুত্ব এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে কয়েক দফা ধর্ষণের অভিযোগে মো. হাফিজুর রহমান নামের এক পুলিশ কন্সটেবলের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্য বর্তমানে পটুয়াখালী পুলিশ লাইনে কর্মরত রয়েছে (কনস্টেবল নং বিপি-৯৮১৮২১৮৪৮২)। তার বিরুদ্ধে প্রথম বিবাহের কথা গোপন রেখে একাধিক বিবাহের অভিযোগও রয়েছে। ভুক্তোভোগী  দরিদ্র পরিবারের ১৬ বছর বয়েসি ঐ নারী বাদী হয়ে খুলনা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে-২‘ এর আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিযে তদন্তের জন্যে খুলনা পিবিআইকে নির্দেশ দিয়েছে।

মামলার অভিযোগ সুত্রে জানাগেছে, দৌলতপুর থানাধিন কার্ত্তিককুল এলাকার কাশেম শেখের পুত্র পটুয়াখালী পুলিশ লাইনের পুলিশ কনস্টেবল মো. হাফিজুরের সাথে ফেসবুকে পরিচয় হয় আড়ংঘাটা থানাধিন তেলিগাতী গ্রামের এক কিশোরীর সাথে। ফেসবুকে পরিচয় রুপ নেয় বন্ধুত্বের এক পর্যায়ে ঐ কিশোরীকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার তাকে জোরপুর্বক ধর্ষণ করে বলে ভিকটিম ঐ কিশোরী  মামলায় উল্লেখ করে। বিষয়টি এ কিশোরী পরিবারের কাছে জানালে স্থানীয় জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ  কিশোরীকে বিবাহের আশ্বাস দিয়ে কর্মস্থল পটুয়াখালী চলে যায়।  পর কিশোরীর পরিবার এ বিষয়ে পটুয়াখালী পুলিশ লাইনে লিখিত ভাবে জানালে চাকুরী চলে যাওয়ার ভয়ে ঐ মেয়েকে বিবাহ করতে রাজি হয়। অভিযুক্ত হাফিজুর ছুটিতে এসে গত ১০ ফেব্রয়ারী ২০২৩ বিবাহ করে। বিবাহের কিছু দিন পরেই তাকে বিভিন্ন ভাবে নির্যাতন করে এক পর্যায়ে যৌতুকের  টাকা দরিদ্র পরিবার দিতে না পারায় তাকে তালাক দিয়েছে বলে ভুক্তোভোগী পরিবার জানায়।  অভিযুক্ত হাফিজুর ২৬ ডিসেম্বর ২০২২ সালে মোসা. কানিজ সুর্বণা নামের একটি মেয়েকে বিবাহ করে। প্রথম স্ত্রীর কথা গোপন রেখে দ্বিতীয় বিবাহের অভিযোগ রযেছে তার বিরুদ্ধে। এ বিষয়ে  নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে ৭৮/২৩ তাং ১৩/৭/২৩ পিটিশন রুজু করা হয়েছে। এছাড়া  অভিযুক্ত হাফিজুর ও তার মা জোসনা বেগমের নামে সিআর ৬৬/২৩ যৌতুক আইনের ৩ ধারায়  মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে খুলনা পিবিআইকে দতন্তের নির্দেশ দিয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত হাফিজুর ধর্ষণের কথা অস্বীকার করে বলেন ফেসবুকে পরিচয় হলে তাকে আমি বিবাহ করি । পরে তার সাথে আমার ফ্যামিলী এবং আমার বনিবনা না হওয়ায় আমি তাকে তালাক দিয়েছি।

মামলার বিষয়ে পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, আদালতের নির্দেশে মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসাবে আমি তদন্তের দায়িত্ব পেয়েছি। দুই তিন দিন হলো আমি হাতে কাগজ পেয়েছি। অসুস্থতার কারনে আমি তদন্ত কার্যক্রম এখন শুরু করেনি তবে আজ কালের মধ্যে আমি ঘটনাস্থলে গিয়ে ভিকটিম এবং অন্যান্যা সকলের সাথে কথা বলবো।

 

 

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বির্নিমানে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রিয় ক্ষমতায় আনতে হবে

 ফুলবাড়ীগেট প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মহানগরীর ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক। বলেছেন ‘‘ বন্ধবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র ভেদ করে আওয়ামী লীগ রাষ্ট্রিয় ক্ষমতায় এসে দেশ এখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। তখনই বিএনপি জামায়াত ষড়যন্ত্র করছে, তিনি বলেন বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিল তার কন্যা  জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চলেছে। তাই আগামীর প্রজন্মকে সুখি ও সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ দেখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রিয় ক্ষমতায় আনতে হবে। আর এ জন্য সকল ভেদাভেদ ভুলে দল যাকে মনোনয়ন দেবে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে। ’’। তিনি গতকাল সোমবার  বিকাল সাড়ে ৪ টায় গিলাতলা সোনাতলা বাজার ঘাটে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা, সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সোহাগ, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভপতি শেখ আবিদ হোসেন, সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান,

৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ খান হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ আঃ হকের সঞ্চালনায় শোক সভায় বক্তৃতা করেন   ৪ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী জাকারিয় রিপন, ৩৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মফিজুর রহমান, ৩৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খম লিয়াকত আলী, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ কিসমত আলী,  আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন,    সুরুজ্জামান হানিফ, সরদার আলী হোসেন, তাতীলীগ নেতা কাজী আজাদুর রহমান হিরোক, নাসিরউদ্দীন, রিয়াজুল ইসলাম রাজা, রেজওয়ান রাজা আকুজ্ঞী, ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

 

 

দাকোপে ভুমিহীন ও গৃহহীদের মাঝে ঘর প্রদানের লক্ষে প্রেসব্রিফিং

 

 

মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) আগামী ৯ আগস্ট বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। তারই অংশ হিসেবে দাকোপের কামারখোলা ইউনিয়নে ৪২টি উপকারভোগী ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হবে।  এ লক্ষ্যে গতকাল সোমবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদেরকে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের প্রেসব্রিফিংয়ে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন এদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। তাই এ উপজেলার ৬নং কামারখোলা ইউনিয়নে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) ৪২টি উপকারভোগী ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দলিলসহ ২ শতাংশ জমি ও গৃহ প্রদান করা হবে। উল্লেখ থাকে যে  ৪২টি পরিবারের মধ্যে সমাজের মুল ধারায় ফেরাতে ২টি জলদস্যু পরিবারকে পূর্নবাসন করা হয়েছে। এ সব পরিবারের প্রতিটি ঘরের জন্য বিদ্যুত সংযোগ এবং ৩ হাজার লিটারের ১টি করে পানির ট্যাংক। প্রতি ১০ পরিবারের ব্যবহারের জন্য ১টি করে টিউবওয়েল স্থাপন করা হবে। জমির কাবুলিয়াত, গৃহ প্রদান সনদ এবং নামজারিরখতিয়ান সরবরাহ করা হবে এবং সেই সাথে ১শত ফলের গাছ প্রদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার(ভুমি) পাপিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানা, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজাসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমের কর্মীবৃন্দ।

 

 

সুন্দরবন পশ্চিম বিভাগের অভিযানে চিংড়ী মাছসহ অন্যান্য সামগ্রী জব্দ

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

সুন্দরবন পশ্চিম বিভাগের অভিযানে বিপুল পরিমান চিংড়ী মাছসহ অন্যান্য সামগ্রী জব্দ। এ অভিযান পরিচালনা করেন সুন্দরবন পশ্চিম বিভাগের অভিযানকারী কর্মকর্তরা। রবিবার দিন – রাত ও সোমবার এক অভিযানে এসকল জিনিসপত্র জব্দ করে বনরক্ষীরা। সংশ্লিষ্ট বন বিভাগ সূত্রে জানা যায়, কালাবগী ষ্টেশন কর্মকর্তা আব্দুল হাকিমের নেতৃত্বে বনরক্ষিরা সুন্দরবনের পশুর নদীর বাইন এলাকায় এক অভিযান পরিচালনা করে। রবিবার সন্ধ্যায় পরিচালিত অভিযানের বিষয় আচ করতে পেরে অবৈধ মৎস্য জীবিরা বনের গহীনে চলে যায়। এ সময় ঘটনাস্থলে থেকে ১৭ বস্তা শুকনো চিংড়ী মাছসহ ২ টি ডিঙ্গি নৌকা, ৪ খানা বৈঠা, ৪ টি পানির ড্রাম ও ২ টি লিটার জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার আওয়াতায়ে আনা হয় বলে কালাবগী ষ্টেশন কর্মকর্তা আব্দুল হাকিম তথ্য নিশ্চিত করেছেন।

 

ঝিনাইদহ-যশোর ৬ লেন সড়ক প্রকল্পের ভূমি অধিগ্রহন ও পূনর্বাসন কর্ম পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ-যশোর ৬ লেন সড়ক সেকশন (ফেজ-১) প্রকল্পের ভূমি অধিগ্রহন ও পূনর্বাসন কর্ম পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগ আর এইচ ডি উইকেয়ার প্রজেক্ট ম্যানেজার মোয়াজ্জেম হোসেন, তুহিন মাহমুদ, নাকিবুল বারী, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় পশ্চিম অর্থনৈতিক করিডোর এবং আঞ্চলিক বিকাশ কর্মসূচী উইকেয়ার ঝিনাইদহ-যশোর সড়ক সেকশন (ফেজ-১) প্রকল্পের ভূমি অধিগ্রহন ও পূনর্বাসন কর্ম পরিকল্পনার কার্যক্রম শুরু হয়েছে। যা চলতি বছরের শেষ দিকে ঝিনাইদহ-যশোর ৪৭ কিলোমিটার সড়কের কাজ শুরু হয়ে তা শেষ হবে ২০২৬ সালের জুন মাসে।

 

১৭ বস্তা অবৈধ শুটকি চিংড়ি সহ ২ নৌকা জব্দ

কয়রা(খুলনা)প্রতিনিধি

সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের অধিনস্থ ভদ্রা টহল ফাঁড়ির সদস্যরা পশুর নদীতে অভিযান চালিয়ে ১৭ বস্তা অবৈধ শুটকি চিংড়ি সহ ২ টি নৌকা জব্দ করেছে।  এ সময় নৌকায় থেকে ২ বোতল ভারতীয়  নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে শুটকি চিংড়ি মাছ পাচারকারীরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়।  জানা গেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও)  ড.আবু নাসের মোহসীন হোসেনের নির্দেশনায় ও খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমানের সার্বিক তত্বাবধানে  ভদ্রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে গতকাল সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে এ সকল অবৈধ শুটকি চিংড়ি সহ নৌকা জব্দ করা হয়েছে। কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আঃ হাকিম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। সুন্দরবেনর সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

 

ফকিরহাটের পিলজংগের শেখেরডাঙ্গা গ্রামের ব্রীজটি এখন মরণ ফাঁদ

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়ার শেখেরডাঙ্গা এলাকার একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ ব্রীজের মাঝখানে ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হওয়ায় ব্রীজটি দিয়ে জনসাধারনের চলাচল করা চরম ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। অতিদ্রুত ব্রীজটি মেরামত করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয় এলাকাবাসি ব্রীজটি মেরামতের জোর দাবী করেছেন। জানা গেছে, খুলনা-মোংলা মহাসড়কের পিলজংগ ইউনিয়নের কাটাখালী বাসস্ট্যান্ডের অদুরে অথাৎ কাাটখালী হাইওয়ে থানার সামনে দিয়ে শেখেরডাঙ্গা চামারিয়া মন্দির হয়ে ভিতর দিয়ে যে সড়কটি টাউন নওয়াপাড়া মোড়ে গিয়ে মিসেছে। সেই সড়কের প্রবেশদ্বারে অথাৎ মোশারেফ হোসেন মোশা এর বাড়ির সামনে এই ব্রীজটি দন্ডায়মান রয়েছে। যে ব্রীজটি দীর্ঘদিনের পুরাতন হওয়ায় ব্রীজের ভিতরের একটি বড় অংশ ভেঙ্গে সেখানে বৃহৎ আকারের একটি গর্তের সৃষ্টি হয়েছে। সেই ব্রীজের গর্তের ভিতর পড়ে স্থানীয়রা অনেকে মারাত্বক আহত হচ্ছেন। জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় প্রতিদিন শতশত জনসাধারন চলাচল করার সময় গর্তের ভিতর পড়ে অনেকে মারাত্বক আহত হচ্ছেন। এলাকাবাসিরা বলেছেন, গত ২/৩বছর ধরে ব্রীজটির করুন অবস্থা হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি একটি স্টিলের পাত দিয়ে চলাচলের যোগ্য করে তোলেন। কিন্তু অজ্ঞাত চোরচক্রের সদস্যরা সেটি রাতের আধারে চুরি করে নিয়ে যাওয়া ঐ সড়ক দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দিনের বেলায় গর্তটি দেখা গেলেও রাত্রীকালিন সময়ে গর্তটি দেখা যায়না। আর না দেখার কারনে গর্তের ভিতর পড়ে অনেকে আহত হচ্ছেন। অতিদ্রুত ব্রীজটি মেরামত করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এব্যাপারে স্থানীয় এলাকাবাসি ব্রীজটি মেরামতের জোর দাবী করেছেন।

 

 

যশোরে মাদককে না বলার শপথ গ্রহণ

তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি

ঢাকা আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পূণর্বাসন কেন্দ্র যশোরের উদ্যোগে সোমবার (০৭ আগষ্ট) সকালে যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের সেমিনার কক্ষে শিক্ষার্থীদের নিয়ে “মাদকাসক্তির প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য” শীর্ষক এক সচেতনতা কার্যক্রমের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার বলেন, ছাত্র-ছাত্রীদের পারিবারিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে ভালো থাকার জন্য সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। 

 

এ সময় শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন, যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মোঃ আসলাম হোসেন।

 

অনুষ্ঠানে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিষ্ট এবং ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অধিনে মনোযত্ন আউটডোর কাউন্সিলিং সেন্টারের ফোকাল রাখী গাঙ্গুলী।

 

কলেজের সহযোগী অধ্যাপক  মোঃ মহসীন উদ্দিনের সভাপত্বিতে  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,  প্রফেসর ড. মোঃ আবু বক্কর সিদ্দিকী, সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় যশোর এবং ঢাকা আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পূণর্বাসন কেন্দ্র যশোরের সেন্টার ম্যানেজার সৈয়দ মিজানুর ইসলাম। এছাড়াও এম এম কলেজের ২৫০ শিক্ষার্থী সেমিনারে অংশ্যগ্রহণ করে।

 

দেবহাটায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প

দেবহাটা প্রতিনিধি

অসংক্রামক ব্যাধি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয়ে সাতক্ষীরার দেবহাটায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮ টা থেকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের প্রত্যন্ত জনপদ আষ্কারপুর কমিউনিটি ক্লিনিকে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় ক্যাম্প আয়োজন ও রেফারেল’র মাধ্যমে বিনামুল্যে এলাকার কয়েক’শ নারী ও পুরুষের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নির্ণয়ে পরীক্ষা-নীরিক্ষা করা হয়।

প্রকল্পের প্রাথমিক পর্যায়ে উপজেলার দু’টি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক গুলো সমৃদ্ধকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষকে কমিউনিটি ক্লিনিকমুখী করতে কাজ করছে সংস্থাটি।

ফ্রি মেডিকেল ক্যাম্পে আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ এবিএম কামরুল আহসান, আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, প্রকল্প সমন্বয়কারি ডা. জি এম ইমতিয়াজ আহমেদ, নলতা হাসপাতালের ল্যাব টেকনোলজিষ্ট আব্দুস সবুর, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি দিপক ঘোষ, প্রকল্প অফিসার আলমগীর হোসেন, হিসাবরক্ষক ফজলুল হক, স্বাস্থ্যকর্মী  রবিউল ইসলাম, আল-আমিন হোসেন, মাধবী মন্ডল, রিক্তা পারভীন, রাকিবা সুলতানা, শেফালি পারভীন, রবিউল ইসলাম, ফজলুল হকসহ দাতা ও বাস্তবায়কারি সংস্থার বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

দেবহাটায় জনসাধারণের চলাচলের পথ নিয়ে বিরোধের জের, মিথ্যা মামলায় হয়রানি, মুক্তিপেতে সংবাদ সম্মেলন!

দেবহাটা প্রতিনিধি

জনসাধারণের চলাচলের পথ বন্ধের বিরোধ নিয়ে দায়েরকৃত ননএফআইআর প্রসিকিউশন মামলায় হয়রানীমূলক আসামী করার অভিযোগ এনে এ সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার দেবহাটা প্রেসক্লাবের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করেছেন দেবহাটার কোমপুর গ্রামের কিশোরী মোহন দাসের ছেলে রাকেস দাস (৪০)। লিখিত বক্তব্যে তিনি জানান, সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা মৌজার ডিএস খতিয়ান- ৫৫৬, হাল দাগ- ৫১৪ জমির উপর দিয়ে জনসাধারণের চলাচলের দীর্ঘদিনের একটি রাস্তা ছিল। তবে জমির বর্তমান মালিক দাবিদার দক্ষিণ কোমরপুর গ্রামের অনিল দাসের পরিবার সেটি ভোগদখল করে আসছিল। বিধায় বিভিন্ন সময় ওই পথটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসিছিল মালিকপক্ষ। এনিয়ে বহুবার তাদের সাথে ওই পথ ব্যাবহারকারী ৩৫ ঘর কাহার সম্প্রদায়ের মানুষের সাথে গোলোযোগ সৃষ্টি হয়। পাশাপাশি অনিলের পরিবার তাদের জমির বাদেও সরকারি খাসজমি দখল করে রেখেছে। সেকারণে ওই পথ ব্যাবহারকারীরা রাস্তাটি বন্ধ করে না দেওয়ার দাবি করে আসছিল। কিন্তু অনীল দাসের পরিবারের সাথে কোমপুর গ্রামের মৃত দুলাল কাহারের ছেলে অমল কাহারের সাথে অন্য একটি জমি নিয়ে প্রায় ৬/৭ মাস আগে গোলোযোগ বাধে। এরই প্রেক্ষিতে শক্রতার বসবর্তী হয়ে ৩৫ ঘরের চলাচলের পথ বন্ধ করে দেয় অনীল দাসের পরিবার। এঘটনায় ভূক্তভোগীরা সাতক্ষীরা সদর থানায় যৌর্থ স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় মেম্বারের সহযোগীতায় উক্ত চলাচলের পথ উন্মুক্ত করে দেন। পরবর্তীতে গালিগালাজ, হুমকির অভিযোগ এনে চলতি বছরের ১২ মে অনীল দাসের স্ত্রী জবা রানী দাস (৩৫) বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় ৭৪৬ নং একটি সাধারণ ডায়েরী করে। পরে সদর থানার এএসআই শরিফুল ইসলাম বিষয়টি তদন্ত করে ১৩ মে ৩২৩/৫০৬ (২) পিসি ধারায় ননএফআইআর প্রসিকিউশন- ৪৯/২০২৩ মামলা দায়ের করেন। যেখানে মিথ্যা তথ্যের ভিত্তিতে ৪জনকে আসামী করা হয়। যার মধ্যে আমার কাকা মৃত সনদ দাসের ছেলে ধ্রুব দাস (৫৫) কে প্রধান আসামী করা হয়েছে। এছাড়া ২য় আসামী করা হয়েছে আমাকে। অথচ আমি ঘটনাস্থলে আমি ছিলাম না। এমনকি বিষয় সম্পর্কে আমি কিছু জানি না। অপর দিকে অমল কাহার ও কমল কাহারকে ৩ এবং ৪ নং আসামী করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি লিখিত বক্তব্যে আরো অভিযোগ করেন মামলার স্বাক্ষী ফয়জুলের বাড়ি থেকে ৩ কিলোমিটারের দুরের এবং তিনি কোন কিছুই জানেন না। অপরদিকে স্বাক্ষী শ্যামল ঘটনার আগে কাজের উদ্দেশ্য এলাকার বাহিরে আছেন এবং স্বাক্ষী মিথুন বাদির আপন দেবর। তাদের এই মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আমাকে, আমার কাকা সহ আরো ২ জনকে হয়রানি করছে। আমরা এই মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে চায়। তাই জেলার বিজ্ঞ বিচারক ও জেলা পুলিশ সুপারের আশু সুদৃষ্টি কামনার মাধ্যমে মিথ্যা মামলা বন্ধ করার দাবি জানাচ্ছি।

 

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে ০৮ আগস্ট (মঙ্গলবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১০টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের মহীয়সী বঙ্গমাতা এঁর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদে দোয়া মাহফিল। উক্ত কর্মসূচিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দদের উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে।

 

 

 

খুবি পুকুরে পোনামাছ অবমুক্তকরণ

নিরাপদ মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধিক গবেষণা প্রয়োজন : উপাচার্য

খবর বিজ্ঞপ্তি

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ আগস্ট (সোমবার) সকাল ১১.৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সম্মুখস্থ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ পোনামাছ অবমুক্ত করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। ২০২৩-২৪ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন এবং মৎস্য অধিদপ্তর, খুলনার আয়োজনে এ পোনামাছ অবমুক্ত করা হয়।

এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, শ্রাবণের এই বারিধারার মধ্যে পুকুরে মৎস্য অবমুক্ত করা এক দারুণ অনুভূতি। আমরা যে মাছে-ভাতে বাঙালি তা আবারও প্রমাণিত হলো। তিনি বলেন, আমাদের প্রোটিনের চাহিদার সিংহভাগই পূরণ হচ্ছে মাছের মাধ্যমে। এজন্য ফিশারিজ সেক্টরের অবদান অনেক। তবে আমাদের এখন নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন মাছ উৎপাদনে জোর দিতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে অধিক গবেষণার প্রয়োজন।

তিনি আরও বলেন, আমাদের দেশে মাছের উৎপাদন বাড়লেও প্রাকৃতিক জলাধার থেকে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে। এখন আমাদের দেশীয় মাছের উৎপাদন বাড়াতে উদ্যোগ নিতে হবে। বিশেষ করে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে নতুন জলাশয়গুলো তৈরি করা হয়েছে তাতে দেশীয় প্রজাতির মাছ ছাড়ার জন্য এফএমআরটি ডিসিপ্লিন উদ্যোগ নিতে পারে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যথাসম্ভব সহযোগিতা করা হবে।

অনুুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এসময় এফএমআরটি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ার ও জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

মহেশপুরে উপজেলা প্রশাসনে প্রেস ব্রিফিং

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের  জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের অগ্রগতি নিয়ে উপজেলা প্রশাসনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সাথে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী সভাপতিত্বে প্রেস ব্রিফিং বক্তব্য রাখেন , সহকারী কমিশনার ভূমি শরিফ শাওন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুণ নেছা এবং উপজেলা প্রকৌশলী সৈয়দ শাহারিয়া আকাশ । প্রেস ব্রিফিং জানানো হয় ৪র্থ পর্যায় গৃহহীন পরিবারের মধ্যে ৮৬ টি দুই কক্ষ বিশিষ্ট ঘর হস্তান্তর করার জন্য সম্পন করা হয়েছে। ইতোমধ্যে ২০টি ঘর হস্তান্তর করা হয়েছে বাকী ৬৬ টি ঘর আগামী ৯ই আগষ্ট মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক শেখ এনামুলহক দুলু,মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন লিটন,সাধারণ সম্পাদক অসীম কুমার মদক ,প্রেসক্লাব মহেশপুরের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়সহ  সাংবাদিক বৃন্দ।

 

চুয়াডাঙ্গায় অতিরিক্ত পুলিশ সুপারের যোগদানে বরণ অনুষ্ঠান

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গায়  যোগদানকৃত নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)- কে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।

 

সোমবার  দুপুর সাড়ে ১২ টায়   পুলিশ সুপারের কার্যালয়ে  চুয়াডাঙ্গা জেলা পুলিশে সদ্য যোগদানকৃত  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম কে  স্বাগত জানান চুয়াডাঙ্গা জেলা পুলিশ  সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। উল্লেখ্য মোঃ রিয়াজুল ইসলাম ২৮তম বিসিএস-এ পুলিশ ক্যাডারে গত ১লা ডিসেম্বর ২০১০ খ্রিঃ তারিখ সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি কেএমপি, খুলনার আড়ংঘাটা থানাধীন গাইপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্বভার গ্রহণ করে জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। উক্ত বরণ অনুষ্ঠানে  আরও উপস্থিত ছিলেন মোঃ আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি, আলমগীর কবীর, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা, মোঃ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,  সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক, ডিএসবি, শেখ মাহাবুব, ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

 

দামুড়হুদার কুড়ুলগাছি গাজাসহ ২ জন গ্রেফতার

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিরোধী অভিযানে দামুড়হুদার কুড়ুলগাছি গাছি থেকে  ৩ কেজি গাঁজাসহ ২ জনকে  গ্রেফতার করেছে।

 

সোমবার সকাল ৭টায় জেলা গোয়েন্দ শাখার অফিসার ইনচার্জ  মোঃ ফেরদৌস ওয়াহিদের  নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ সাজ্জাদ হোসেন সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোহাম্মদ শিহাব উদ্দীন, এসআই (নিঃ) মুহিদ হাসান, এএসআই (নিঃ) রমেন কুমার সরকার, এএসআই (নিঃ) মোঃ মাহমুদুল ইসলাম জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় ফোর্সসহ কুড়ুলগাছি গ্রামে  মাদক বিরোধী অভিযান চালান। এসময় কুড়ুলগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কুড়ুলগাছি মাঠ পাড়ার মোঃনুর ইসলামের ছেলে  মোঃ আব্দুল কুদ্দুস (৩৫) ও রাজবাড়ি জেলার কালুখালীর  গঙ্গানন্দপুর গ্রামের ভানু  মন্ডলের ছেলে মোঃ আকরাম মন্ডল (২২) সন্দেহজনক মনে হলে তাদের গতি রোধ করে।এসময় তাদের কাছে  ১ টি ব্যাগ উদ্ধার করে পরে ব্যাগের ভিতর থেকে ৭৫ হাজার টাকা মূল্যের  ৩ কেজি গাঁজা উদ্ধার করে। পরে তাদের গ্রেফতার দর্শনা থানায় হস্তান্তর করে। আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য,মামলায় গ্রেফতারকৃত কুদ্দুসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং আকরামের বিরুদ্ধে মাদক, চোরাচালান, চুরি, চোরাইমাল হেফাজতে রাখা, মারামারি ও ডাকাতির প্রস্তুতির ৭টি মামলা ইতিপূর্বে হয়েছে মর্মে রেকর্ডে আছে বলে জানা গেছে।

 

 

রামপালে প্রধানমন্ত্রীর দেওয়া ভূমিহীনদের আরও ১০০ টি ঘর প্রস্তুত

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম এক প্রেস ব্রিফিং করেছেন। সোমবার (৭ আগষ্ট) দুপুর ১ টায় নির্বাহী কর্মকর্তা তার কার্যালয় থেকে পাঠানো তথ্যে তিনি উল্লেখ করেন, মুজিব শতবর্ষ উপলক্ষে “বাংলাদেশে একজন মানুষ ও গৃহহীন থাকবে না”। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেণীভূক্ত পরিবার পূনর্বাসন কার্যক্রমের আওতায় ১ম ১০ টি পরিবারের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। ২য় পর্যয়ে ৪০ টি, ৩য় পর্যয়ে ১০৫ টি, ৪র্থ পর্যয়ের ১ম ধাপে ২০ টি সহ মোট ১৭৫ টি ঘর প্রদান করা হয়েছে।

 

সারাদেশে ৩৭ হাজার ৭৮৯ টি ঘরের মধ্যে রামপালে ৪র্থ পর্যয়ে জমির দলিল প্রস্তুতসহ ১০০ টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। যা আগামী ৯ আগষ্ট ভুমিহীন ও গৃহহীনদের মাঝে  প্রদান করা হবে।

 

নির্বাহী কর্মকর্তা আরও জানান, এ উপজেলায় তালিকাভূক্ত ভূমিহীনের সংখ্যা মোট ১ হাজার ১৮৭ টি পরিবার। এর মধ্যে ১৭৫ জনকে ইতিমধ্যে পুনর্বাসন করা হয়েছে। এখনও ৯১২ টি পরিবার ভুমিহীন ও গৃহহীন অবস্থায় রয়েছেন।

 

ঘরের গুণগত মান নিশ্চিতে উপজেলা টাস্কফোর্স সার্বক্ষণিক তদারকি করেছেন। এবার ঘরগুলোতে অতিরিক্ত ডিজাইন যোগ করে প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা। ভূমিহীনদের তালিকাভূক্ত করণে যাচাই বাছাই শেষ পর্যয়ে বলে টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান জানান।

 

বাজুয়ার জেলেরা হতাশ ভরা মৌসুমেও মিলছেনা  নদীতে  ইলিশের দেখা

বাজুয়া (দাকোপ)  প্রতিনিধি

ভরা মৌসুমেও খুলনার দাকোপের বাজুয়ায় স্থানীয় বিভিন্ন নদীতে দেশের জাতীয় মাছ ইলিশের দেখা মিলছে না। এতে রূপালী ইলিশের স্বাদ ভুলতে বসেছেন এলাকার জনসাধারণ। আবার বিকল্প কর্মসংস্থান না থাকায় উপজেলার হাজারো জেলে পরিবার মানবেতর জীবন যাপন করছেন।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, পৃথক ৩টি দ্বীপের সমন্বয় গঠিত এই উপজেলার চারপাশে নদী দিয়ে পরিবেষ্টিত। এঅঞ্চলের অধিকাংশ মানুষ এক সময়ে মৎস্য আহরনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। আর এ মৎস্য আহরনের অভয়ারণ্য ছিল উপজেলার উল্লেখযোগ্য ঢাকী, ভদ্রা, শিপসা, কাজীবাছা, মাঙ্গা, পশুর ও ঝপঝপিয়া নদী। বর্তমানে বিভিন্ন এলাকার প্রায় হাজারো জেলে পরিবার এই পেশার উপর নির্ভরশীল। এসব জেলেরা বিভিন্ন এনজিও থেকে ঋণ ও মহাজনের দাদন নিয়ে জাল নৌকা কিনে অনেকে নদীতে নেমেছেন। কিন্তু দিনরাত নদীতে জাল ফেলেও ইলিশ না পেয়ে তারা নিরাশ হয়ে বাড়ি ফিরছেন। এমনকি ভরা মৌসুমেও ইলিশের দেখা পাচ্ছেন না এসব জেলেরা। যে কারনে উপজেলার বিভিন্ন হাট-বাজারেও ক্রেতাদের সাথে ইলিশের দেখা মিলছে খুব কম। মাঝে মধ্যে দুই একজন জেলের জালে দুই একটি মাছ ধরা পড়লেও বাজারে তার দাম আগুনের মত। যা সাধারন মানুষ কিনে খেতে পারছেন না। এনজিও ঋনের কিস্তি পরিশোধ করতে না পারায় তাদের সাথে প্রায়ই বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ছেন। মাঝে মধ্যে আবার আত্মগোপন করেও থাকতে হচ্ছে অনেক জেলেকে। অন্য কোন আয়ের উৎস্য না থাকায় বেকার হয়ে পড়েছেন উপজেলার এসকল জেলে পরিবারগুলো। জেলেদের পরিবারের সদস্যরা প্রায়ই অনাহারে অর্ধহারে দিন কাটাছেন। এতে জেলেরা অর্থ কষ্টে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আবার সাধারন মানুষও রূপালী ইলিশ মাছের স্বাদ প্রায় ভুলতে বসেছেন। এদিকে দীর্ঘদিন ইলিশের দেখা না পেয়ে ইতি মধ্যে এ পেশা ছেড়ে কেউ কেউ আবার অন্য পেশা শুরু করে সংসার চালাছেন। সরকার সহজ শর্তে ঋণ দিলে তাদের কিছুটা মাথা গোজার ঠাই হতো বলেও এসব জেলেরা জানান। পশুর নদীর জেলে উপজেলার খলিসা এলাকার শিবপদ বিশ^াস জানান, তার একমাত্র পেশা ইলিশ মাছ ধরা। চলতি মৌসুমে মহাজনের কাছ থেকে দাদন নিয়ে জাল এবং নৌকা কিনেছেন। কিন্তু ভরা মৌসুমেও নদীতে দিনরাত জাল ফেলে ইলিশ মাছের দেখা না পেয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরছেন। এতে অভাব অনাটনে তাদের ৪টি পরিবার অনেক কষ্টে দিনাতিপাত করছেন বলে জানান। মাছ বাজারে এ প্রতিবেদকের কথা হয় আব্দুল ছাত্তার ও সোহাগ আহমেদ নামে ক্রেতার সাথে। তারা বলেন স্থানীয় নদীর ইলিশের স্বাদ বেশি বিধায় মাছ কিনতে এসেছেন। কিন্তু বাজারে দুই একটা মাছ আসায় দাম অত্যান্ত চড়া। সবার পক্ষে এতো দামে মাছ কিনে খাওয়া সম্ভব না। তাই মাছ না কিনে তারা নিরাশ হয়ে বাড়ি ফিরছেন। বাজুয়া চড়ার বাঁধের মাছ  ব্যবসায়ী রবিন শীল জানান, স্থানীয় নদীর ইলিশ তেমন একটা বাজারে আসছে না। যা দুই একটা আসছে তা ১৮০০ থেকে ২০০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। তবে তারা খুলনা থেকে বরিশালের মাছ এনে বিক্রি করছেন। এক কেজি ওজনের ইলিশ ১৪০০ থেকে ১৫০০ টাকা আর আধা কেজির মাছ ৭০০ থেকে ৮০০ টাকা দরে। এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান বলেন, সাগরে তো এখন অনেক ইলিশ মাছ ধরা পড়ছে। আগামী এক সপ্তাহের মধ্যে স্থানীয় নদীতে প্রচুর পরিমানে ইলিশ মাছ ধারা পড়বে। তা ছাড়া বৃষ্টি কম এবং স্থানীয় নদী পলি পড়ে ভরাট হওয়ায় ও নদীর মুখে বিভিন্ন কারণে বাধা প্রাপ্ত হওয়ায় মাছ উঠতে দেরি হয়।

 

রাজাপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ, টাকা-সোনাসহ মালপত্র লুট, আহত-২

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে রোববার গভীর রাত আড়াইটার দিকে বাড়ির গেট ও ঘরের দরজা ভেঙে ব্যবসায়ী মোঃ তারিকুল ইসলাম তুহিন ও সূতার কারখানার মালিক আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তুহিন ও মামুন ওই এলাকার মৃত নূরে আলম খানের ছেলে। তারা একই বাড়িতে বসবাস করছেন। দেশীয় অস্ত্র-মুখোশধারী ডাকাত দল দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা ৫ জনের সবাইকে অস্ত্রেরমুখে জিম্মি করে এবং মারধর করে হাত পা বেঁধে প্রায় পাঁচ ভরি স্বর্ণ অলংকার এবং নগদ ৪০ হাজার টাকা, দলিলসহ কাগজপত্র ও মালামাল লুটে নিয়ে যায়। এসময় বাড়ির ব্যবসায়ী তারিকুল ইসলাম তুহিন ও তার ছোট ভাই এ বছর এসএসসি পাশ করা আরিফকে (১৭) কুপিয়ে ও পিটিয়ে আহত করে ডাকাত দলের সদস্যরা। ওই এলাকার মৃত নূরে আলম খানের ছেলে ডাকাতিরে ঘটনায় আহত হয়ে রাজাপুর স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসাধীন ব্যবসায়ী মোঃ তারিকুল ইসলাম তুহিন জানান, রাত আড়াইটার দিকে বাড়ির গেটের তালা ভেঙে ও ঘরের দরজা ভেঙে ১০/১২ জনের একটি অস্ত্রধারী ও মুখোশদারী ডাকাতদলের বেশ কয়েকজন ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে ও গুলি করার ভয় দেখিয়ে মারধর শুরু করে হাত পা বেধে মুখে কাপড় দিয়ে জিম্মি করে ঘরে থাকা ৪০ হাজার টাকা, প্রায় ৫ ভরি সোনার গহনা ও দলিলসহ মালপত্র লুটে নেয় এবং এ ঘটনা নিয়ে বারাবারি করলে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। ঘরের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপি তান্ডব চালায় ডাকাতদল। এ ঘটনার পর জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই পরিবার। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ দস্যুতার ঘটনায় কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনাশুনে রাতেই ওই এলাকায় টহলে থাকা পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। পাকা সড়কে পুলিশ টহলে থাকলেও বর্ষায় কাদামাটির রাস্তা দিয়ে পায়ে হেটে দলটি ওই বাড়িতে প্রবেশ করে বলেও জানান ওসি।

 

ঝালকাঠিতে অপহৃত শিশু মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সালমা আক্তার (৬) নামে এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। সোমবার ভোররাতে তাকে উদ্ধার করে গাজীপুর মেট্রোঃ সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সালমা গাজীপুর জেলার জয়দেবপুর ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর গ্রামের মাওলানা নুর মোহাম্মদ মেয়ে ও স্থানীয় খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ০১ আগষ্ট সকালে ওই ছাত্রীর আত্মীয় পরিচয় দিয়ে মাদ্রাসা থেকে তাকে নিয়ে দোকানে খাবার কিনে দেয়ার কথা বলে অপহরন করে রিয়াজ জমাদ্দার (৪০) নামে এক ব্যক্তি। এ ঘটনায় ছাত্রীর ভাই ০৪ আগষ্ট ২০২৩ ইং তারিখে ভিকটিমের ভাই মোঃ হাবিবুল্লাহ বিল্লাল গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি এজাহার দায়ের করেন। যার মামলা নং ০৮।পরে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করলেও অপহরনকারী পলাতক রয়েছে। *র‌্যাব-৮ এর  সিপিএসসি কমান্ডার মেজর মোঃ জাহাঙ্গীর আলম জানান, শিশুটিকে অপহরন করে অপহরকারী তার নিজ এলাকা ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বাসস্ট্যান্ডে অবস্থান নেন। র ্যাব তার অবস্থান সনাক্ত করে অভিযান চালালে অপহৃত শিশুটিকে উদ্ধার করলেও অপহরন মামলার আসামীকে পাওয়া যায়নি। তাকে গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছেন।

 

 

ঝালকাঠিতে টানা বৃষ্টি-জোয়ারের পানিতে অর্ধশত গ্রাম প্ল¬াবিত, পন্টুনের সংযোগ সড়ক তলিয়ে ভোগান্তি

 

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে টানা বর্ষা জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ৪ উপজেলার অন্তত অর্ধশত গ্রাম প¬াবিত হয়ে গেছে। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এদিকে পানিতে তলিয়ে যায় জেলার ৩টি পন্টুনের সংযোগ সড়ক। নলছিটি উপজেলার ষাইটপাকিয়া-নলছিটি বন্দর ফেরি চলাচলের নলছিটি বন্দর অংশের পন্টুনের সংযোগ সড়ক, কচুয়া ফেরিঘাটের সংযোগ সড়ক ও আমুয়া ফেরিঘাটের সংযোগ সড়ক। সুগন্ধা-বিষখালি নদীতে অবস্থিত এসব ফেরি দিয়ে প্রতিদিন জেলার বিভিন্ন এলাকার মানুষজন জেলা শহরে যাতায়াত করেন। সামান্য জোয়ারেই পানিতে তলিয়ে যায় পন্টুনের সাথে সংযোগ সড়কের একাংশ যাতে ভোগান্তিতে পরেছেন এই ফেরি পারাপারে চলাচলকারী যাত্রীরা। যাত্রী সগির হোসেন জানান, আমি ঝালকাঠি সদরে একটি মোবাইল কোম্পানিতে জব করি। প্রতিদিন এই ফেরি পার হয়ে আমাকে যাতায়াত করতে হয়। কিন্তু বিগত কয়েকমাস ধরে এখানে পন্টুনের সামনের সড়ক তিন চার ফুট পানিতে তলিয়ে থাকে। ফলে অনেক সময় গায়ের পোশাক ভিজে যায়। তারপরও বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে। আরেক যাত্রী নাজেম খান বলেন, অফিস সময়ে এই রুটে বিভিন্ন যানবাহনসহ অনেক যাত্রীই চলাচল করেন। কিন্তু পন্টুনের সংযোগ সড়কটি নিচু হওয়ায় পানিতে তলিয়ে থাকে যার কারনে অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প পথে যাতায়াত করেন। কিন্তু অনেকে সময় স্বল্পতার কারনে পানিতে ভিজে হলেও এখান থেকেই যাতায়াত করেন। নদীর জোয়ারের পানির উচ্চতা অনুযায়ী সড়কটির উচ্চতা বৃদ্ধি করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। সড়ক ও জনপদ বিভাগের ঝালকাঠি জেলা নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানান, অতিরিক্ত জোয়ারের পানির কারনে এমনটা হচ্ছে। কিন্তু বেশ কয়েকমাস ধরেই এই সমস্যা হচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি সমস্যা দীর্ঘ দিনের হয়ে থাকে তাহলে সংযোগ সড়কের উচ্চতা বৃদ্ধি করতে হবে। এ বিষয়ে খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে বীরামহীন ভারী বৃষ্টি ও পূর্ণিমার জোঁয়ের প্রভাবে জোয়ারের পানিতে কাঠালিয়ার শৌলজালিয়ার ডালির খালের বাঁধ ভেঙে গেছে। ফলে তিন থেকে চার ফুট পানির নিচে তলিয়ে গেছে বাধঁ সংলগ্ন এলাকা। কচুয়া-শৌলজালিয়া সংযোগ সড়কটি সাবেক ইউপি সদস্য নাজির আহমেদ খন্দকারের বাড়ির সামনে থেকে ভেঙ্গে যাওয়ায় ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছ। জেলার কৃষি ও মৎসের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পাকা আউশ ও আমনের বীজ তলা সহ কৃষকের বিভিন্ন ধরনের ফসলের মাঠ পানিতে ডুবে আছে। ভেসে গেছে পুকুর, হ্যাচারি ও ঘেরসহ বিভিন্ন জলাশযের মাছ। ক্ষতিগ্রস্থ হয়েছে গ্রামের কাঁচা পাকা ঘরবাড়ি, রাস্তাঘাট, গবাদি পশুর খাবার, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান।

 

খুলনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৯৮৭টি পরিবার

তথ্য বিবরনী

‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা জেলায় চতুর্থ পর্যায়ের (দ্বিতীয় ধাপে) মোট নয়শত ৮৭টি ভূমিহীন-গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন। এর মধ্যে রূপসা উপজেলায় ১০০টি, তেরখাদায় ১৮৬টি, ডুমুরিয়ায় ১২০টি, পাইকগাছায় ৬৮টি, দাকোপে ৪২টি, বটিয়াঘাটায় ২৫০টি, দিঘলিয়ায় ৬৬টি, কয়রায় ১০০টি এবং ফুলতলা উপজেলায় ৫৫টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হবে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনার তেরখাদা উপজেলার ‘বারাসাত সোনার বাংলা পল্লীতে’ সরাসরি সংযুক্ত হবেন।

 

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন সোমবার দুপুরে তাঁর সম্মেলনকক্ষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং এ সকল তথ্য জানান।

 

 

প্রেসব্রিফিং এ জানানো হয়, ক শ্রেণির পরিবার যার জমি ও ঘর কিছুই নেই এমন ভূমিহীন-গৃহহীন, ছিন্নমূল ও অসহায় দরিদ্র পরিবার এবং খ শ্রেণির পরিবার যার সর্বোচ্চ ১০ শতাংশ জমির সংস্থান আছে কিন্তু ঘর নেই এমন পরিবার। ক শ্রেণির পরিবারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সরকারি নিষ্কন্টক খাস জমি, সরকারিভাবে ক্রয়কৃত জমি, সরকারের অনুকূলে কারও দানকৃত জমি অথবা রিজিউমকৃত জমিতে ভূমিহীন-গৃহহীনদের ২শতক জমিসহ সেমিপাকা একক গৃহ প্রদানের মাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে। খাস জমির সংস্থান না থাকায় খুলনা জেলার পাইকগাছা উপজেলায় ৫.০৩ একর, দিঘলিয়া উপজেলায় ২.৪১৮ একর, বটিয়াঘাটা উপজেলায় ২.০০ একর, ফুলতলা উপজেলায় ৪.১২ একর এবং রূপসা উপজেলায় ০.২৪ একর এবং কয়রা উপজেলা ১.৫০ একরসহ মোট ১৫.৪৪৯ একর জমি ক্রয়পূর্বক ৫৯২টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে।

 

প্রেসব্রিফিং এ আরও জনানো হয়, খুলনা জেলার মোট ভূমিহীন-গৃহহীন পরিবারের সংখ্যা ৫হাজার পাঁচশত ২৯টি। ইতোমধ্যে প্রথম পর্যায়ে ৯২২টি, দ্বিতীয় পর্যায়ে ১৩৫১টি এবং তৃতীয় পর্যায়ে ৯০৬টি পরিবারের মাঝে জমির মালিকানাসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। চলমান চতুর্থ পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত মোট গৃহের সংখ্যা ১৮১৯টি। ইতোমধ্যে চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে গত ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৫৭টি গৃহ হস্তান্তর করেছেন। আগামী ৯ আগস্ট খুলনা জেলায় চতুর্থ পর্যায়ের (দ্বিতীয় ধাপে) মোট নয়শত ৮৭টি গৃহ হস্তান্তরসহ এই জেলায় মোট ৫০৭৮টি ভূমিহীন-গৃহহীন পরিবার পুনর্বাসিত হবে। বর্তমানে নির্মাণাধী ৭৫টি গৃহে ভূমিহীন-গৃহহীন পুনর্বাসনের পর খুলনা জেলায় অবশিষ্ট ভূমিহীন-গৃহহীন পরিবার থাকবে ৩৭৬টি। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত ব্যারাকে তেরখাদা উপজেলায় ৩০টি, পাইকগাছায় ৭৩টি ও দাকোপ উপজেলায় ৫০টিসহ মোট ১৫৩টি এবং খুলনা-১ আসনের সংসদ সদস্য কর্তৃক দাকোপ উপজেলায় দুইটি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

 

প্রেসব্রিফিং এ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মুনিম লিংকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, কেএমপি’র খালিশপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোপীনাথ কানজিলাল, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবীরসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

উপ-সম্পাদকীয়========

আশুরা ও কারবালার সঠিক ইতিহাস

 

ওমর ফারুক কুতুবী

 

ইয়াজিদ বিন মুয়াবিয়ার ৩ বছরের শাসনামলে তিনটি ন্যাককার জনক ঘটনার সাক্ষী হয় ইতিহাস। প্রথমটি কারবালায় নবী দৌহিত্র হোসাইন (রাঃ) এর শাহাদাত। দ্বিতীয়টি মদিনায় আক্রমণ যা ‘হাররার যুদ্ধ’ নামে ইতিহাসে সমধিক প্রসিদ্ধ। তৃতীয়টি পবিত্র কা’বায় অগ্নিসংযোগ।

 

 

 

ইসলামী খেলাফতের ইতিহাসে সর্বাধিক বিচক্ষণ ও রাজ্য বিজেতা শাসকদের অন্যতম হলেন মুয়াবিয়া (রাঃ)। তাঁর শাসনামলে ইসলামী খেলাফতের সীমানা যেমন বহুদূর বিস্তৃত হয় তেমনি সকল অঞ্চলের বিদ্রোহীদের দমনেও তিনি সবচেয়ে বেশি সফলতার পরিচয় দেন। ৬০ হিজরী সনের ১৫ মতান্তরে ২২শে রজব তাঁর ইন্তেকালের পর মুসলিম জাহানের শাসক হন তদীয় পুত্র ইয়াজিদ। সে ৩ বছর ৬ মাস শাসনকার্য পরিচালনার পর বিরল

 

রোগে আক্রান্ত হয়ে ৩৬/৩৮ বছর বয়সে ৬৪ হিজরির ১৪ই রবিউল আউয়াল তারিখে মৃত্যুবরণ করে।

 

 

 

খেলাফতের আসনে আসীন হওয়ার পূর্বে একজন সাহিত্যামোদী, কবি, বিনয়ী এবং বীরপুরুষ হিসেবে ইয়াজীদের যথেষ্ট খ্যাতি ছিল। এমনকি সাইয়িদুনা হোসাইন (রাঃ) সহ বহু সংখ্যক সাহাবী, তাবেঈ ইয়াজিদের সেনাপতিত্বে কনস্টান্টিনোপলের যুদ্ধে অংশগ্রহণ করেন। আলেমদের মজলিসেও তার যাতায়াত ছিল। যেমনটি সহীহুল বুখারী-৬৪১১এর বর্ণনায় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদ (রাঃ) এর মজলিসে তার উপস্থিতির আলোচনা স্থান পেয়েছে। কিন্তু খেলাফতে অধিষ্ঠিত হওয়ার পরে তার বিরুদ্ধে কুকুর-বানর পালন, মাদকাসক্তি, নামাজে অলসতার মত নানাবিধ মন্দ অভ্যাসে আসক্তির অভিযোগ ইতিহাস গ্রন্থগুলোতে স্থান পেয়েছে।

 

 

 

তবে তার সাড়ে তিন বছরের শাসনামলকে সবচেয়ে কলঙ্কিত করেছে যে তিনটি ঘটনা তার প্রথমটি হলো জান্নাতী যুবকদের সরদার হোসাইন বিন আলী রাঃ)’র শাহাদাত। কারবালার ঘটনা প্রবাহঃ মুয়াবিয়া (রাঃ)’র শাসনের শেষ পর্যায়ে মুসলিম বিশ্বের সকল অঞ্চলে ইয়াজিদের হাতে বায়াত সম্পন্ন হলেও পাঁচ জন শীর্ষস্থানীয় সাহাবী তার হাতে বায়াত হতে দূরে থাকেন। এঁরা প্রত্যেকেই ছিলেন বীরপুরুষ এবং বিচক্ষণ রাজনীতিবিদ। ইলম, আমল, তাকওয়া-পরহেজগারি, বংশ গৌরব ও সম্মান মর্যাদায় প্রত্যেকেই ইয়াজিদ থেকে বহু গুণে অগ্রগণ্য ও শ্রেষ্ঠ ছিলেন। তবে সহীহুল বুখারীর ৭১১১ নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ)ও বিশেষ বিবেচনায় ইয়াজিদের বাইয়াত মেনে নিয়েছেন মর্মে বর্ণনা রয়েছে।

 

 

 

হোসাইন (রাঃ) ইয়াজিদের বাইয়াত প্রত্যাখ্যান করেছেন মর্মে অবগত হয়ে ইরাকের কুফা নগরীর অধিবাসীগণ শত শত পত্র লিখে তাঁর হাতে বাইয়াত হবেন মর্মে প্রতিশ্রুতি দিয়ে তাঁকে কুফায় আমন্ত্রণ জানান। পরিস্থিতি যাচাই করার জন্য হোসাইন (রাঃ) চাচাতো ভাই মুসলিম ইবনে আকীলকে সেখানে প্রেরণ করেন। তিনি কুফা বাসীর প্রতিশ্রুতি পেয়ে পরিস্থিতি অনুকূল বলে হোসাইন (রাঃ) এর নিকট পত্র লিখলে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হন। এ সময় শীর্ষস্থানীয় সাহাবীগণ পূর্ব অভিজ্ঞতার আলোকে তাঁর কুফায় গমনের সিদ্ধান্তের বিরোধিতা করে তাঁকে তা থেকে নিবৃত রাখার চেষ্টা করেন। বিশেষত কুফাতেই তাঁর পিতা ইসলামের চতুর্থ খলিফা আলী (রাঃ) অতর্কিত আক্রমণের শিকার হয়ে শহীদ হওয়ার ঘটনাটি উল্লেখ করেন। কিন্ত হোসাইন (রাঃ) তাঁর ইজতিহাদের উপর অনঢ় থাকেন এবং কোন ধরনের যুদ্ধ প্রস্তুতি, যুদ্ধাস্ত্র ও যুদ্ধের রসদ ব্যতীত পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের একটি কাফেলা নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যান।

 

 

 

পথিমধ্যে দূত মারফত অবগত হলেন যে তাঁকে সমর্থনকারীরা গা ঢাকা দিয়েছে এবং মুসলিম ইবনে আকীল নিহত হয়েছেন। এমন সংবাদে অত্যন্ত মর্মাহত হলেও তিনি তাঁর যাত্রা অব্যাহত রাখেন। ফোরাত নদীর তীরবর্তী কারবালা নামক স্থানে উপনীত হলে ইয়াজিদের অধীন কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনী তাঁর কাফেলার গতিরোধ করে এবং তাঁদের অবরুদ্ধ করে রাখে। এ সময় হোসাইন (রাঃ) তাদেরকে তিনটি প্রস্তাব পেশ করে এর যেকোনো একটি মেনে নেওয়ার অনুরোধ জানায়। প্রস্তাবগুলো হলো ১.তাঁকে ইয়াজিদের কাছে যেতে দেয়া হোক ২.তাঁকে মদিনায় ফিরে যেতে দেয়া হোক ৩.তাঁর পথ ছেড়ে দেওয়া হোক, তিনি সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান করে ইসলামের জন্য জিহাদ করে বাকী জীবন অতিবাহিত করবেন। কিন্তু হঠকারীরা তাঁর কোন প্রস্তাবে সাড়া দেয়নি বরং তাঁকে ইয়াজিদের বাইয়াত মেনে নেয়া অথবা অস্ত্র ধারণ এ দুটির যেকোনটি মেনে নেওয়ার জন্য চাপ অব্যাহত রাখে। ফলে তিনি এবং তাঁর সঙ্গীগণ নিরুপায় হয়ে আত্মরক্ষার্থে নিজেদের সাথে থাকা কোষবদ্ধ তরবারি নিয়েই প্রতিপক্ষের মোকাবেলায় অবতীর্ণ হন এবং বীরত্বের সাথে লড়াই চালিয়ে যান। সে লড়াইয়ে নবী পরিবারের অনেক সদস্য এবং হোসাইন (রাঃ) এর শুভাকাঙ্ক্ষী সহ সর্বমোট ৭২ জন শাহাদাত বরণ করেন।

 

 

 

প্রত্যেক মুসলিমই নিজ অন্তরে আহলে বাইত তথা নবী পরিবারের সদস্যদের প্রতি সীমাহীন ভালোবাসা লালন করেন। হোসাইন (রাঃ) এবং তাঁর পরিবারের সদস্যদের এ মর্মান্তিক মৃত্যু কোন যুগেই মুসলিমগণ স্বাভাবিক মেনে নিতে পারেননি। কারবালার মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় ৬১ হিজরনের ১০ই মুহাররম আশুরার দিন। ইসলামে বহু পর্ব থেকেই আশুরা বছরের উল্লেখযোগ্য একটি দিন হিসেবে বিবেচিত হয়ে আসছে। কারবালার হৃদয়বিদারক ঘটনা তাতে নতুন মাত্রা যোগ করল। আশুরার দুটি দিক রয়েছে। একটি ফজিলত, অপরটি ইতিহাস। আশুরার ফজিলত স্বয়ং নবীজি (সাঃ) নিজেই ঘোষণা করেছেন। তাই তাঁর ইন্তেকালের ৬০ বছর পরে সংঘটিত কারবালার ঘটনার কারণে আশুরার ফজিলতের কোন বৃদ্ধি বা ঘাটতির সম্পর্ক নেই। তবে পৃথিবীর সূচনা থেকে আশুরার যে ঐতিহাসিক মর্যাদা রয়েছে সন্দেহাতীত ভাবে কারবালার ঘটনা তাতে ভিন্নমাত্রা যোগ করেছে। আমাদের দেশে কতিপয় মুসলিম আশুরার ফজিলত বলতে কারবালার ঘটনাটাকেই বুঝে থাকেন, যা মোটেও সঠিক নয়। বরং সহীহুল বুখারীর ৩৩৯৭ নম্বর হাদিসে স্থান পেয়েছে যে, আশুরার দিনেই নবী মুসা (আঃ) অত্যাচারী মিসরীয় শাসক ফেরাউন এবং তার বাহিনী থেকে মুক্তি পান এবং ফেরাউন তার দলবল সহ লোহিত সাগরে ডুবে শোচনীয়ভাবে মৃত্যুবরণ করে। এর শুকরিয়া স্বরূপ তিনি পরবর্তী আশুরার দিনগুলোতে রোজা রেখেছিলেন। সে থেকে ইহুদীরা প্রতিবছর আশুরার দিনে সিয়াম পালন করে থাকে। এছাড়া সহিহুল বুখারীর ৪৫০৪ নম্বর হাদিসে আরো উল্লেখিত হয়েছে জাহেলী যুগে মক্কার কুরাইশরাও আশুরার সিয়াম পালন করত। এবং মদিনায় হিজরতের পরে আশুরার সিয়াম ফরজ রুপেও পালন করা হয়। রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা নফল বলে গণ্য হয়।

 

 

 

বিশ্বব্যাপী শিয়া সম্প্রদায়ের মানুষ প্রতি আশুরার দিনে তাজিয়া মিছিল বের করে এবং নানান ভাবে কারবালার ঘটনা স্মরণ করে শোক পালন করে থাকে। ইসলামি দৃষ্টিকোণ থেকে তা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং জঘন্য অপরাধ বিবেচিত। নিকটাত্মীয়ের মৃত্যুতে তিন দিন, স্বামীর সাথে বিচ্ছেদে তিন মাস এবং স্বামীর মৃত্যুতে সর্বোচ্চ ৪ মাস ১০ দিন শোক পালনের বিধান ইসলামে রয়েছে। এ ছাড়া বছর বছর শোক পালনের কোন নিয়ম ইসলামে স্বীকৃত নয়। তাছাড়া নবীজি (সাঃ) এরশাদ করেন, “যে ব্যক্তি শোক প্রকাশ করতে গিয়ে গালে আঘাত করে, পরিধেয় বস্ত্র ছিঁড়ে ফেলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়” বুখারী-১২৯৪। তাই আমাদের উচিত, নবীজি (সাঃ) এবং আহলে বাইতের প্রতি যথাযোগ্য ভালবাসা, সম্মান ও মর্যাদা পোষণ করা। পাশাপাশি কুরআন-সুন্নায় নিষিদ্ধ যাবতীয় অজ্ঞতা প্রসূত কাজ থেকে বিরত থাকা।

 

 

 

একটি বিশেষ অনুরোধ, কারবালার ইতিহাস এবং সংশ্লিষ্ট বিষয়াদি জানতে অনির্ভরযোগ্য উৎস বর্জন করা একান্ত কর্তব্য। এক্ষেত্রে ইমাম ইবনে কাসীর প্রণীত এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত আল ‘বিদায়া ওয়ান নিহায়া’ নামক ইতিহাস গ্রন্থটি (অষ্টম খন্ড) ভালো একটি উৎস হতে পারে। লেখক: ইমাম ও খতিব বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা/পিআইডি ফিচার

 

 

 

পাহাড় ধসে মা-মেয়েসহ নিহত ৬

খুলনাঞ্চল রিপোর্ট

কক্সবাজারের উখিয়া ও বান্দরবানে পৃথক পাহাড় ধসের ঘটনায় মা-মেয়েসহ ৬ জনের মৃত্যু হয়েছে। কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে সোমবার এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ শিশু রয়েছে। এ ঘটনায় আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উখিয়ায় নিহতরা হলেন, উখিয়া বালুখালী সিক্স ব্লকের বাসিন্দা মা জান্নাত আরা (২৮) ও মেয়ে মাহিম আক্তার (২)। এতে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন নিহত জান্নাত আরার স্বামী আনোয়ার ইসলাম (৩২)।

 

উখিয়াস্থ ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার মো. আমির জাফর বলেন, ভারি বর্ষণে পাহাড়ের পাদদেশে বসবাসরত রোহিঙ্গা ঝুঁপড়িতে মাটিচাপা পড়ে। এতে দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এপিবিএন সদস্যরা ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করেন।নিহত মা ও মেয়েকে উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানাকে অবহিত করা হয়েছে। বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়ায় পাহাড় ধসে দুই শিশু মারা গেছে। উপজেলার বরইতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ি গ্রাম বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

 

চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান এ তথ্য নিশ্চিত করে জানান, ভারী বর্ষণে ওই এলাকার আনোয়ার হোসেনের বাড়ির দেওয়ালে পাহাড়ের মাটি এসে পড়ে। এ সময় বাড়ির দেওয়াল চাপা পড়ে আনোয়ার হোসেনের ৫ বছর বয়সী ছেলে সাবির ও ১ বছর বয়সী মেয়ে তাবাবসুম মারা যায়।

 

 

এর আগে দুপুরে বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড় থেকে মাটি কাটার সময় ভূমিধসে ২ রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন-ছবি রহমান ও মোহাম্মদ মুসা। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

 

সাইবার নিরাপত্তা আইন নিয়ে যে প্রতিক্রিয়া জানাল অ্যামনেস্টি

খুলনাঞ্চল রিপোর্ট

বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন বাদ দিয়ে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

 

যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি বলছে, সাইবার নিরাপত্তা আইন-২০২৩ যেন ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিপীড়ণমূলক না হয়।

 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক আঞ্চলিক দপ্তরের পক্ষ থেকে এক টুইটবার্তায় আরও বলা হয়, ক্ষমতাসীন দল ও এর সহযোগীরা কঠোর এ আইনকে ভিন্নমত দমন এবং অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করতে হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল।

 

টুইটবার্তায় মতপ্রকাশের স্বাধীনতার অধিকারচর্চার কারণে যাদের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আনা হয়েছে, তাদেরকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি প্রদান এবং তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার করতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরও বলেছে, নতুন আইনটি পাস হওয়ার আগে সব অংশীদার যেন প্রস্তাবিত এই আইন খুঁটিয়ে দেখা এবং এটা নিয়ে মতামত প্রদানের যথেষ্ট সুযোগ দেওয়া হয়। এর বিধানগুলো যেন আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয়, সে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 

সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন বাদ দিয়ে বিষয়বস্তুতে বড় পরিবর্তন এনে ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে নতুন আইন করার সিদ্ধান্ত হয়েছে।

 

সাংবাদিকদের সর্বোচ্চ ২৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

ঢাকা অফিস

‘ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন’ করে নতুন যে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ করা হচ্ছে- সেখানে মানহানির মামলায় সাংবাদিকদের কারাদণ্ডের বিধান থাকবে না। তবে থাকছে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা। অনাদায়ে ৩ বা ৬ মাসের কারাদণ্ড। এ সাজা শুধুমাত্র জরিমানা না দিতে পারলেই ভোগ করতে হবে।

 

সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ কক্ষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

 

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করা হচ্ছে। এ আইনের বহু ধারা নতুন সাইবার নিরাপত্তা আইনে যুক্ত করা হবে। কিছু ধারায় বড় সংশোধনী আনা হবে।

 

আইনমন্ত্রী বলেন, ‘২৯ ধারায় সাজা ছিল কারাদণ্ড। সেটাকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হচ্ছে। এখানে শুধু শাস্তি হবে জরিমানা। অনাদায়ে হয় ৩ মাস না হয় ৬ মাসের কারাদণ্ড থাকবে।’ জরিমানার পরিমাণ কত? জানতে চাইলে মন্ত্রী বলেন, ২৫ লাখ টাকা।

 

এটা কি সাধারণ মানুষের পক্ষে পরিশোধ করা সম্ভব। তাহলে তো এ আইন আগের মতোই থেকে গেল? এ বিষয়ে একজন সাংবাদিক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আগে কারাদণ্ড ছিল এ ধারায়। কারাদণ্ড উঠিয়ে নেওয়া হয়েছে। এখন শুধু সাজা রাখা হয়েছে। দেওয়ানি আইনে যদি মানুষ ক্ষতিপূরণ চায় তাহলে আমাদের যে আইন রয়েছে তাতে ক্ষতিপূরণের লিমিট নেই। আমি প্রশ্নের জবাবটা দিয়ে দিচ্ছি। ১০০ কোটি টাকাও ক্ষতিপূরণ চাইতে পারে। সেসব ক্যালকুলেশন করে অনধিক ২৫ লাখ টাকা ধরা হয়েছে। এক্ষেত্রে ১ টাকাও জরিমানা হতে পারে, ২৫ লাখও হতে পারে।’

 

তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে এখন কোনো কারাদণ্ড নেই (খসড়া আইনে)। আপনাদের (সাংবাদিকদের) অ্যারেস্ট করবে কেন? অ্যারেস্ট তো করার আর কোনো সম্ভাবনাই থাকল না।’

 

তার মানে অ্যারেস্ট হচ্ছে না? জানতে চাইলে তিনি বলেন, ‘না, অ্যারেস্ট হবে না।’

 

তাহলে মানহানির মামলার ক্ষেত্রে সরাসরি অ্যারেস্ট করা যাবে না- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘অবশ্যই, এটাতো আর কারাদণ্ডই না।’

 

এ ধারায় জরিমানা আগে ছিল ৫ লাখ। এখন কেন ২৫ লাখ করা হচ্ছে? জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এখানে অনধিক ২৫ লাখ করা হয়েছে। এটা বিজ্ঞ আদালতের ডিসক্রিশনের (আদালতের বিচক্ষণতা) ওপর ছাড়া হয়েছে। ডিসক্রিশনটা কিভাবে ব্যবহার করা হবে আমি আইনজীবী হিসেবে যতটুকু জানি অপরাধের পরিধি এবং তাতে যে ব্যক্তি মামলা করেছেন তার যে ক্ষতি হয়েছে তার পরিধি বিবেচনায় তিনি জরিমানাটা করতে পারবেন। সেটা এক টাকা থেকে শুরু করে ২৫ লাখ পর্যন্ত করতে পারবেন। এখানে আমার মনে হয় না এটা অযৌক্তিক কিছু হচ্ছে।’

 

জরিমানার পরিমাণ বেশি হয়েছে বলে আমরা মনে করি। এ ধারায় সাধারণ মানুষই বেশি অ্যারেস্ট হচ্ছে- এ বিষয়ে একজন সাংবাদিকের মতামত প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আমি দুঃখিত যে আপনার সঙ্গে আমি একমত হতে পারলাম না। তার কারণ হচ্ছে এখানে অত্যন্ত পরিষ্কারভাবে বলা হচ্ছে অনধিক ২৫ লাখ। এটা ক্যাপ করে দেওয়া হয়েছে যে, ২৫ লাখের ওপরে যেতে পারবে না।’

 

এর আগে সকালে গণমাধ্যমকে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মানহানির অভিযোগ কারাদণ্ড দেওয়ার বিধান ছিল। নতুন আইনে সেখানে পরিবর্তন এনে কারাদণ্ডের পরিবর্তে জরিমানার বিধান করা হবে।মন্ত্রী বলেন, এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন।

 

দেওয়ানি মামলায় যেভাবে জরিমানার বিষয়গুলো আছে, সেভাবেই সাংবাদিকতার ক্ষেত্রে বিষয়গুলো থাকবে বলেও জানান আইনমন্ত্রী। তিনি আরও বলেন, যখন নতুন সাইবার নিরাপত্তা আইন হবে, তখন ডিজিটাল নিরাপত্তা আইন থাকবে না।

 

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ধারায় মানহানির বিচার করা হয়। এ ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে দণ্ডবিধির ৪৯৯ ধারায় বর্ণিত মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করেন, তার জন্য তিনি অনধিক তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা পর্যন্ত কারাদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। নতুন আইনে এ জরিমানা ২০ লাখ টাকা বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে।

 

দেশে বিরোধিতার মুখে ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর করে সরকার। এরপর থেকে ভিন্নমত দমনে প্রায়ই এ আইন ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

 

আইনটি সবচেয়ে বেশি প্রয়োগ হয়েছে ভিন্নমতের রাজনীতিক, সাংবাদিক ও শিক্ষকদের ক্ষেত্রে। সংখ্যালঘুদের ক্ষেত্রেও এ আইনের আনুপাতিক ব্যবহার বেশি বলে অভিযোগ রয়েছে।

 

দেশে আইনটি বাতিল অথবা সংশোধনের দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক গত ১ এপ্রিল বাংলাদেশ সরকারের প্রতি অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ স্থগিত করার আহ্বান জানান।

 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনা করে গত বছরের জুন মাসে একটি সুপারিশমালা বাংলাদেশ সরকারের কাছে পেশ করে।

 

‘ওএইচসিএইচআর টেকনিক্যাল নোট টু দ্য গভর্নমেন্ট অব বাংলাদেশ অন রিভিউ অব দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট’ শিরোনামের সুপারিশমালায় আইনটির দুটি ধারা পুরোপুরি বাতিল ও ৮টি সংশোধনের সুপারিশ করা হয়।

 

আইনমন্ত্রী আনিসুল হক এ বছর একাধিকবার বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না, সংশোধন হবে। তিনি সেপ্টেম্বর মাসের মধ্যে আইনটি সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

 

সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আইনটি বাতিল করে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ করা হবে।

 

সাইবার নিরাপত্তা আইন আরও ভয়ংকর-বিপজ্জনক হবে: রিজভী

ঢাকা অফিস

ডিজিটাল নিরাপত্তা আইনের চেয়ে সাইবার নিরাপত্তা আইন আরও ভয়ংকর ও বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

 

তিনি বলেন, ফ্যাসবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলে তাদের হাত দিয়ে ভালো কিছু হবে বলে আমি মনে করি না। দেশি বিদেশি চাপে তারা আইওয়াশ হিসেবে এটি করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের চেয়ে সাইবার নিরাপত্তা আইন আরও ভয়াবহ ও বিপজ্জনক হবে।

 

সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

এর আগে রুহুল কবির রিজভী লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ এখন মনুষ্যত্বহীন আওয়ামী ফ্যাসিজমের কালো ছায়ার নিচে। নির্যাতনের নির্মমতার মুখে দাঁড়িয়ে আছে গণতন্ত্রকামী মানুষ। অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামী জনগণ লড়াই চালিয়ে যাচ্ছে। আজ স্বাধীনতার অর্ধশতাব্দি পরেও দেশকে গণতন্ত্রের অভিমুখী না করে নিষ্ঠুর ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করার আয়োজন চলছে মহাধুমধামে।

 

বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র এখন মৃত, সেজন্যই গণতন্ত্রে স্বীকৃত বিরোধী দলের যেকোন কর্মসূচিকে বরদাশত করছে না অবৈধ সরকার। মিছিলের শব্দ শুনলেই গুলি চালানো হচ্ছে নির্বিচারে, সাপ পেটানোর মতো লাঠিপেটা করা হয় নেতাকর্মীদের। প্রায় প্রতিদিনই পুলিশের ছোড়া গুলিতে বিরোধী নেতাকর্মীদের হাত, পা, পিঠ, পাকস্থলী বিদ্ধ হচ্ছে না, তাদের মহামূল্যবান অঙ্গ চোখ হারিয়ে চিরদিনের জন্য অন্ধকারে হারিয়ে যাচ্ছে, চেনা পৃথিবী হয়ে যায় তাদের কাছে অচেনা। আজীবন পরিবারের বোঝা হয়ে দিন কাটাতে হয়, এ বেদনা সহ্য করার মতো নয়। তাদের সহমর্মিতা জানানোর ভাষা খুঁজে পাওয়া যায় না।

 

তিনি বলেন, বর্তমানে এদেশে মতপ্রকাশের ওপর বাধা নিষেধ রয়েছে। ব্যক্তি স্বাধীনভাবে মতপ্রকাশ করতে গেলে তার ঠাঁই হয় কারাগারে বা আয়নাঘরে। এখন রাজনৈতিক দলের সমাবেশের অধিকার পুলিশের ইচ্ছা—অনিচ্ছার ওপর। সুষ্ঠু নির্বাচনে নিজের পছন্দের দলকে ক্ষমতায় আনার অধিকার ভোটাররা হারিয়েছেন। প্রতিনিয়ত সত্যকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য একটি তাবেদার তথ্য—ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। অতিযত্নে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় অপপ্রচার আর কুৎসা ছড়ানোর জন্য গণমাধ্যমের কিছু অংশকে ব্যবহার করা হচ্ছে রাষ্ট্রের প্রত্যক্ষ হস্তক্ষেপে। গণতন্ত্রের প্রত্যাবর্তনকে রোধ করার জন্য অবৈধ কতৃর্ত্ববাদী সরকার জুলুমের সর্বোচ্চ পন্থা নামিয়ে এনেছে জনগণের ওপর। গণতন্ত্রের উল্টোযাত্রাকেই অব্যাহত রাখতে চায় আওয়ামী নিপীড়ক শাসকগোষ্ঠী।

 

বিএনপির এই শীর্ষনেতা অভিযোগ করে বলেন, ২৮ ও ২৯ জুলাইয়ের পূর্বাপর চলছে জুলুম—উৎপীড়নের নানামুখী তৎপরতা। পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের কতৃর্ক গ্রেফতার-গুম কোনোভাবেই থামছে না। গভীর রাতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গোয়েন্দা পুলিশের হানায় দিনকে দিন নতুন মাত্রা যোগ হচ্ছে। বিশেষ বিশেষ টিম গঠন করে চালানো হচ্ছে অভিযান। এদের নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের দলীয় অনুগত উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

 

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি আজ আদালতে যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকারসহ ২৭ জন নেতাকর্মীকে দু’বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমরা আগেই বলেছি—সরকারের নির্দেশে বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় সাজা দেওয়া হচ্ছে।

 

তিনি জানান, ২৮ ও ২৯ জুলাই মহাসমাবেশ এবং অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আহত হয়েছেন প্রায় ৮২০ জন এবং গ্রেফতার প্রায় ৫০০ জন।

 

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান উপস্থিত ছিলেন।

 

বিদেশি প্রভুদের থেকে সাড়া না পেয়ে বিএনপি নেতারা দিশেহারা: ওবায়দুল কাদের

ঢাকা অফিস

বিএনপি নেতাদের অন্তর স্বেচ্ছাচারিতা ও মিথ্যাচারে পরিপূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

তিনি বলেছেন, বিদেশি প্রভুদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পেয়ে এবং জনগণ  দ্বারা বার বার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা দিশেহারা হয়ে পড়েছে। তারা এক এক সময় এক এক কথা বলে।

 

সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

 

বিবৃতিতে দেশের বিচার বিভাগ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান ওবায়দুল কাদের।

 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দল ও মত দমনের কথা বলছে! একদিকে তারা লাগাতার মিছিল-মিটিং সমাবেশ করে সরকারের বিরুদ্ধে নির্লজ্জ মিথ্যাচার-অপপ্রচার চালাচ্ছে এবং বিষোদগারে লিপ্ত রয়েছে। অন্যদিকে বিরোধী মত দমনের মিথ্যা অভিযোগ উত্থাপন করছে। বিএনপি নেতারা মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের অন্তর চরম স্বেচ্ছাচারিতা ও মিথ্যাচারে পরিপূর্ণ। স্বৈরচারী আদর্শ ও সন্ত্রাসের ধারক-বাহক এবং উগ্র-সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি সবসময় গণতন্ত্রের পথকে ভয় পায়। বিএনপির রাজনীতি হলো যে কোনো উপায়ে ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখল।

 

তিনি বলেন, বিএনপির তথাকথিত আন্দোলন ব্যর্থ হওয়ায় মির্জা ফখরুল ইসলামরা এখন পাগলের প্রলাপ বকছে। বিদেশি প্রভুদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পেয়ে এবং জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা দিশেহারা হয়ে পড়েছে। তারা একেক সময় একেক কথা বলে। কখনো বিদেশি প্রভুদের কৃপা প্রত্যাশায় তাদের তোষামোদ করে, আবার কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে তাদের বিরুদ্ধে বিষোদ্গার করে।

 

তিনি আরও বলেন, গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন, নির্বাচনী ব্যবস্থা হত্যা করে এখন তারা নিজেদের গণতন্ত্রকামী হিসেবে প্রকাশ করছে, যা হাস্যকর। সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান ও তার উত্তরসূরি খালেদা জিয়ার শাসনামলে দেশে শুধুমাত্র যুদ্ধাপরাধী ও পাকিস্তানপন্থিরা রাজনীতি করতে পেরেছে। তাদের সময় সন্ত্রাস ও জঙ্গিবাদের অবাধ বিচরণ ছিল। মহান মুক্তিযুদ্ধের সুমহান আদর্শ ও প্রগতিশীল চেতনা নির্বাসিত ছিল।

 

সেতুমন্ত্রী বলেন, ২০০১ সালে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতা দখলের পর আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের জাতীয় নেতাদের হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়ে ২২ নেতাকর্মীকে হত্যা করা হয়। নিজেদের কৃতকর্মের জন্য বিএনপির মধ্যে কোনো অপরাধবোধ নেই। তারা এখনো সেই হামলাকারীদের পক্ষে সাফাই গায়। তারা আরেকটি ১৫ আগস্ট ঘটানোর হুমকি দেয়। যে দল নিজেরা গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতান্ত্রিক রীতিনীতি ও সংস্কৃতিকে ধারণ করে না, দেশের মানুষকে তারা কী গণতন্ত্র দেবে?

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মানবিক, কল্যাণকর ও সুদক্ষ নেতৃত্বের কারণে গত দেড় দশকে বাংলাদেশ এক অভূতপূর্ব উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির অভিযাত্রায় ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে। এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে বিশ্ব সভায় আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ।

 

তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও বাক-স্বাধীনতা সুসংহত রয়েছে বলেই উন্নয়ন সম্ভব হয়েছে। আওয়ামী লীগ সরকার নাগরিকদের আশা-আকাঙ্ক্ষা ও মতামতকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করছে বলেই বাংলাদেশ আজ ধারাবাহিক অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। দেশমাতৃকার এ সাফল্য-সংগ্রাম এগিয়ে নিতে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

 

 

 

দেড় হাজার গ্রাহকের ৪ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমিতির চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার

খুলনায় প্রায় দেড় হাজার গ্রাহকের চার কোটি টাকা নিয়ে পালিয়েছেন স্যাংগুইন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির চেয়ারম্যান শেখ আহসাবুর রহমান বুলু। চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদেরকে গত ৫ আগস্ট থেকে খুঁজে পাচ্ছেন না কেউ। এর ফলে বিপাকে পড়েছেন সমিতির মাঠকর্মী ও গ্রাহকরা।

 

এমন পরিস্থিতিতে গত ৫ আগস্ট সব কর্মচারীদের পক্ষে খুলনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই সমিতির ব্যবস্থাপক ও মাঠকর্মী আবু ছাত্তার সানা। চেয়ারম্যান শেখ আহসাবুর রহমান যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছে তিনি। 

 

 

সমিতির কর্মকর্তা-কর্মচারীরা জানান, স্যাংগুইন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিটি সমবায় দপ্তর থেকে রেজিস্ট্রেশন নেওয়া। এর চেয়ারম্যান শেখ আহসাবুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক তার ছেলে শেখ মেহেদী হাসান। গত ১১ বছরেরও বেশি সময় ধরে এটি কার্যক্রম চালাচ্ছিল। খুলনা নগরীর টুটপড়া এলাকায় ওই সমিতির কার্যালয়।

 

গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করাই ছিল সমিতির প্রধান কাজ। বর্তমানে গ্রাহক প্রায় দেড় হাজারের মতো। ফিক্সড ডিপোজিট করার অনুমোদন না থাকলেও চেয়ারম্যান নিজে অবৈধভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে বেশি মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে টাকা জমা রাখতেন। বর্তমানে ১৭ জন মাঠকর্মী রয়েছেন। ওই মাঠকর্মীরাই বিভিন্ন জায়গা থেকে গ্রাহক ও আমানত সংগ্রহ করে ওই সমিতিতে টাকা জমা রাখতেন।

 

সমিতির ব্যবস্থাপক আবু ছাত্তার সানা বলেন, তিনি ওই সমিতির নামমাত্র ব্যবস্থাপক ছিলেন। কিন্তু তার কাছে কাগজপত্র বা কোনো কিছুই দেওয়া হতো না। ৫ আগস্ট সকালে মাঠকর্মীরা কার্যালয়ে গিয়ে দেখেন, সেটি তালা দেওয়া। এরপর কয়েকদফা চেয়ারম্যানকে ফোন করে দেখেন তার ফোন বন্ধ। অনেকক্ষণ অপেক্ষা করেও ফোন বন্ধ পাওয়ায় তারা নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় থাকা তার ভাড়া বাসায় গিয়ে খোঁজ নেন। এ সময় ওই বাড়ির মালিক জানান গত বৃহস্পতিবার পরিবার ও মালামাল নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন আসাবুর রহমান।

 

তিনি জানান, পরে তার ছেলে ও ওই সমিতির ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাবার পালিয়ে যাওয়ার ব্যাপারে কিছু জানেন না বলে জানান। চেয়ারম্যানের পালিয়ে যাওয়ার খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে গ্রাহকরা টাকার জন্য চাপ দিতে থাকেন।

 

তিনি বলেন, গ্রাহকদের ৪ কোটি টাকারও বেশি জমা রয়েছে ওই সমিতিতে। তার নিজের তিন লাখ টাকাসহ আত্মীয়-স্বজনদের ৩০ লাখ টাকা জমা রয়েছে। এমন পরিস্থিতিতে কী করবেন বুঝে উঠতে পারছেন না। প্রতি মাসের ৫ তারিখে সমিতির মাঠকর্মীদের বেতন দেওয়া হয়। এ মাসে দেওয়া হয়নি। একদিকে সমিতির গ্রাহকদের চাপ অন্যদিকে মাঠকর্মীদের মানবেতর জীবন, সব মিলিয়ে খুব ঝুঁকির মধ্যে রয়েছেন তারা।

 

সমিতির মাঠকর্মীরা জানান, চেয়ারম্যানের কাছে ওই সমিতির পাস বই, টাকা জমা ও ঋণ দেওয়ার রশিদসহ সব ধরনের কাগজপত্র রয়েছে।

 

নগরীর মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা স্বামী না থাকা রাফেজা বেগম জানান, ওই সমিতিতে দুই লাখ ৯৫ হাজার টাকা জমা রেখেছিলেন। এর মধ্যে এক লাখ টাকা তার মেয়ের। তিনি মিস্ত্রিপাড়া বাজারে দোকানে পানি সরবরাহ করে ও বিভিন্ন জায়গা থেকে ওই টাকা জোগাড় করেছিলেন। ইচ্ছা ছিল, মরে গেলে যেন ওই টাকা দিয়ে তার দাফন ও দোয়ার অনুষ্ঠান করা হয়। সমিতির চেয়ারম্যান পালিয়েছেন শুনে পাগলের মতো হয়ে গেছেন তিনি। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘তিল তিল করে জমানো টাকা ওই সমিতিতে রেখেছিলাম। এখন কী করবো বাবা। আমার তো সবই গেল।’

 

ওই সমিতির ব্যবস্থাপনা পরিচালক শেখ মেহেদী হাসান দাবি করেন, ২০১৪ সালের দিকে তার মায়ের সঙ্গে বাবার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকে তারা মায়ের সঙ্গে আলাদা হয়ে যান। তার বাবা আরেকটা বিয়ে করে সেই পরিবার নিয়ে থাকতেন। তাদের সঙ্গে বাবার কোনো যোগাযোগ ছিল না। কেন ও কী কারণে সমিতির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার নাম রাখা হয়েছে তিনি জানেন না। তিনি দাবি করেন, কখনো তিনি ওই সমিতিতে যাননি। কখনো কোনো কাগজে স্বাক্ষরও করেননি। তিনি মনে করছেন, তাকে ফাঁসাতেই ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার নাম রেখে গ্রাহকদের টাকা নিয়ে পালিয়ে গেছেন তার বাবা।

 

এ ব্যাপারে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, সমিতির একজন কর্মচারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে কোনো কাগজপত্র দিতে পারেননি। সে কারণে মামলা রেকর্ড না করে অভিযোগ হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

নাশকতা মামলায় বিএনপির ২১ নেতাকর্মীর কারাদণ্ড

ঢাকা অফিস

গাড়ি ভাঙ্গচুর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় করা মামলায় যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ ২১ জনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. হাসিবুল হক সোমবার এ রায় ঘোষণা করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৬ জনকে খালাস দিয়েছেন আদালত।

 

আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় আদালতে সময় চেয়ে আবেদন করেছিলাম। আদালত আবেদন নামঞ্জুর করে রায় ঘোষণা করেন। এ রায়ে আমরা সংক্ষুব্ধ। সঠিকভাবে বিচার হলে আমরা ন্যায়বিচার পেতাম। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।

 

 

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ১ অক্টোবর রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ঘোষণা উপলক্ষে পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল ও ইটপাটকেল মারতে থাকে। এ সময় রাস্তায় চলাচলকারী ৪-৫টা গাড়ি ভাঙচুর করে ও চালকের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়।

 

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

নাশকতা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ২০১৩ সালের ২ অক্টোবর রাজধানীর কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) এরশাদ হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ১৮ মে আদালতে ইসহাক আলী সরকারসহ ৫৭ জনের চার্জশিট দেয় পুলিশ। পরে আদালত এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরুর আদেশ দেন। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ৩১ জুলাই রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালত।

 

চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

যশোর অফিস

চাঁদাবাজির অভিযোগে রাজবাড়ির গোয়ালন্দঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শকসহ (এসআই) চারজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা দায়ের হয়েছে।

 

সোমবার নওয়াপাড়ার মেসার্স সায়াদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইমরান হুসাইন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী জিএম কামরুজ্জামান ভুট্টো।

 

 

অভিযুক্তরা হলেন- গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার, এসআই মনিরুল ইসলাম এবং পুলিশের কথিত সোর্স গোয়ালন্দঘাটের উত্তর দৌলতদিয়া গ্রামের মালেক মোল্লার ছেলে সোহেল ওরফে ভাঙ্গা সোহেল ও সাহজুদ্দিন ব্যাপারীপাড়ার প্রয়াত সিদ্দিক শেখের ছেলে ইয়াসিন শেখ।

 

অভিযোগ সূত্রে জানা যায়, তার ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে নদীপথে বিভিন্ন প্রকার মালামাল পরিবহন করা হয়। গত বছরের অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারিতে তিনি গোয়ালন্দ দৌলতদিয়া ফেরিঘাটে তার ব্যবসাপ্রতিষ্ঠানের একটি শাখা অফিস স্থাপন করেন। অফিস উদ্বোধনের কিছুদিন পর গোয়ালন্দঘাট থানা পুলিশের ওসি স্বপন কুমার ও এসআই মনিরুল ইসলাম তাদের কথিত সোর্স ভাঙ্গা সোহেল ও ইয়াসিন শেখের মাধ্যমে তাকে ফেরিঘাটের পুলিশ বক্সে ডেকে নিয়ে যান। এসময় ওসি ও এসআই তাকে বলেন যে, এখানে ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে। নতুবা তাকে বিভিন্ন মামলায় ঢুকিয়ে নাজেহাল করা হবে। ফলে ইমরান হুসাইন ব্যবসা পরিচালনার স্বার্থে একই বছরের ১০ মার্চ চাঁদা হিসেবে ওসিকে ২১ হাজার টাকা ও এসআইকে ১৮ হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন কিনে দেন। এছাড়া ওসি ও এসআই’র দাবি অনুযায়ী একই বছরের ২৮ এপ্রিল ৩৮ হাজার টাকা দিয়ে ৪ কার্টন খেঁজুর এবং সাড়ে ১৩ হাজার টাকা দিয়ে ১৫টি পাঞ্জাবি কিনে দেন ইমরান হুসাইন। এরপরও ওসি স্বপন কুমার ও এসআই মনিরুল ইসলাম নানাভাবে হয়রানি করেন। পরবর্তীতে তারা তাদের কথিত সোর্স ভাঙ্গা সোহেল ও ইয়াসিন শেখের মাধ্যমে ওই ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু ব্যবসা মন্দার কারণে ইমরান হুসাইন তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়। এ কারণে, কোনো উপায় না পেয়ে ওসি স্বপন কুমারকে নগদ এক লাখ টাকা ও এসআই মনিরুল ইসলামকে এক লাখ ৭০ হাজার টাকা চাঁদা হিসেবে দেন ইমরান হুসাইন। এরপর চাঁদার বাকী টাকার জন্য তারা ইমরান হুসাইনকে অব্যাহত হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে ইমরান হুসাইন ঘোয়ালন্দঘাটের অফিসটি বন্ধ করে দেন। তারপরও চাঁদার জন্য তাকে অব্যাহত হুমকি দেওয়ায় গত ২৫ মে ইমরান হোসেন ঢাকা রেঞ্জ ডিআইজি ও রাজবাড়ি পুলিশ সুপার বরাবার লিখিত অভিযোগ করেন।

 

গত ২৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তর বরাবরও লিখিত অভিযোগ দেন তিনি। বিভিন্ন দপ্তরে তিনি অভিযোগ দেওয়ায় কারণে তার ওপর আরও ক্ষিপ্ত হন ওসি স্বপন কুমার ও এসআই মনিরুল ইসলাম। তারা চাঁদার বাকী সাত লাখ ৩০ হাজার টাকার জন্য তাদের কথিত সোর্স ভাঙ্গা সোহেল ও ইয়াসিন শেখের মাধ্যমে ইমরান হুসাইনকে প্রাণনাশের হুমকি দেন।

 

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মোহাম্মদ রফিক

 বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চিতলী-বৈটপুর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত কবি মোহাম্মদ রফিক। সোমবার বেলা ১১টায় চিতলী-বৈটপুর এলাকায় উদ্দীপন বদর সামছু বিদ্যা নিকেতনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

এর আগে উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় নেওয়ার পথে রোববার রাত ৯টার দিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন কবি মোহাম্মদ রফিক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

কবির শেষ বিদায়ে বাংলাদেশ সুপ্রিমকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ, কবির বোন জামাই শিশু বিশেষজ্ঞ ডা. আমিনুল হক, কবির বোন গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সেলিনা পারভীন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সবিতা ইয়াসমিন, কবির ভাই প্রকৌশলী মো. শফিক, কবির ছোট ছেলে অধ্যাপক ড. শুদ্ধস্বত্ব রফিক, কবির বিভিন্ন স্বজন, লেখক অধ্যাপক প্রশান্ত মৃধা, সামছউদ্দিন নাহার ট্রাস্টের প্রধান সমন্বয়ক সুব্রত কুমার মুখার্জীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উদ্দীপন বদর সামছু বিদ্যা নিকেতনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কবির গুণগ্রাহীরা উপস্থিত ছিলেন।

 

প্রিয় কবিকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছেন কবির শিক্ষার্থী, স্বজন ও স্থানীয়রা।

 

কবির ভাই প্রকৌশলী মো. শফিক বলেন, আমাদের আট ভাইবোনদের মধ্যে কবি মোহাম্মদ রফিক ভাই সবার বড় ছিলেন। তিনি শুধু আমাদের বড় ভাই ছিলেন না, তিনি আমাদের সবার অভিভাবক ছিলেন। তার মৃত্যুতে আমরা অভিভাবকশূন্য হলাম।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মমিনুল ইসলাম বলেন, স্যার একজন ভালো নিরহঙ্কার মানুষ ছিলেন। দেশের জন্য তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। দেশের জন্য তার কলম চলত সব সময়। স্যারের অবদান ভোলার নয় দাবি করেন সাবেক এই শিক্ষার্থী।

 

জানাজা ও দাফন শেষে বাবার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ করেন কবির ছোট ছেলে অধ্যাপক ড. শুদ্ধস্বত্ব রফিক।

 

ষাটের দশকে ছাত্র আন্দোলন ও কবিতায়, একাত্তরে মুক্তিযুদ্ধে এবং স্বাধীন বাংলাদেশে আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে কাব্যিক রসদ জুগিয়ে বিখ্যাত হয়ে আছেন কবি মোহাম্মদ রফিক।

 

কবি মোহাম্মদ রফিক ১৯৪৩ সালের ২৩ অক্টোবর বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা সামছুদ্দীন আহমদ এবং মা রেশাতুন নাহারের আট সন্তানের মধ্যে মোহাম্মদ রফিক ছিলেন সবার বড়। মোহাম্মদ রফিকের শৈশব কাটে বাগেরহাটে।

 

মেট্রিক পাশ করে ঢাকার নটরডেম কলেজে বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণীতে ভর্তি হন, কিন্তু পরে ঢাকা কলেজে মানবিক বিভাগে চলে যান। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন মোহাম্মদ রফিক। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি পাকিস্তানের সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হন। পাকিস্তানের সামরিক আদালত তাকে দশ বছরের কারাদণ্ড দেয়, কিন্তু এমএ পরীক্ষার জন্য তিনি ছাড়া পান। ১৯৭১ সালে তিনি প্রথমে মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের কর্মকর্তা হিসেবে এবং পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করেন।

 

মুক্তিযুদ্ধের পর বিভিন্ন কলেজে শিক্ষকতা করার পর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি দীর্ঘ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান ছিলেন। ২০০৯ সালের ২৯ জুন তিনি অবসরে যান। অবসরের পর কবি মোহাম্মদ রফিক রাজধানীর মোহাম্মাদপুরে বসবাস করতেন।

 

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত সপ্তাহে কবির ছোট ছেলে অধ্যাপক ড. শুদ্ধস্বত্ব রফিকের সঙ্গে কবি গ্রামের বাড়িতে আসেন। গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলীতে অবস্থানকালে রোববার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন প্রথমে বাগেরহাট এবং পরে বরিশাল নেওয়া হয় কবিকে। বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে বিভিন্ন পরীক্ষার পর কবির হার্টের সমস্যাসহ বেশি কিছু শারীরিক জটিলতা ধরা পড়লে চিকিৎসকরা তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেন। সন্ধ্যায় পরিবারের সদস্যরা কবিকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রওনা হওয়ার পর পথেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

 

১৯৭০ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘বৈশাখী পূর্ণিমা’ প্রকাশিত হয়। ১৯৭৬ সালে প্রকাশ পায় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ধুলার সংসারে এই মাটি’। মোহাম্মদ রফিক একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ পুরস্কার, জেমকন সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘কপিলা’, ‘খোলা কবিতা, ‘গাওদিয়া’, ‘মানব পদাবলী’, ‘আত্মরক্ষার প্রতিবেদন’ ইত্যাদি উল্লেখযোগ্য।

 

 

 

ব্যবসা-বিনিয়োগের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা’ হতে পারে

খুলনাঞ্চল রিপোর্ট

স্যাংশন (নিষেধাজ্ঞা) যুক্তরাষ্ট্রের দুর্নীতি দমনের হাতিয়ার। বিশ্বব্যাপী দুর্নীতিবিরোধী কার্যক্রমকে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দিচ্ছে। ভবিষ্যতে এটি ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে বলে দেশটির পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউকে উদ্ধৃত করে জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

সোমবার (৭ আগস্ট) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে সচিব এ কথা জানান।

 

পররাষ্ট্রসচিব বলেন, নেফিউ বলেছেন- বিশ্বব্যাপী দুর্নীতিবিরোধী কার্যক্রমকে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দিচ্ছে। ভবিষ্যতে এটি ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। এটি (স্যাংশন) যে কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে, শুধু বাংলাদেশের জন্য নয়।

 

 

 

 

১১ জনের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এগুলো নিয়ে কোনও আলোচনা হয়নি। তিনি (রিচার্ড) নিজেও যেহেতু স্যাংশনের কর্মকর্তা ছিলেন এক সময়, সুতরাং কোনও ইন্ডিভিজ্যুয়ালের কথা বলেননি। বলেছেন, ‘স্যাংশন ইজ অ্য টুল’, এ ধরনের চিন্তাভাবনা আছে।

 

 

রিচার্ড নেফিউ মার্কিন কূটনীতি এবং বৈদেশিক সহায়তায় দুর্নীতি মোকাবিলায় কাজ করে থাকেন। গত ৫ জুলাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন তাকে স্টেট ডিপার্টমেন্টের গ্লোবাল অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত করেন। রিচার্ড নেফিউ সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করেন।

 

রোববার (৬ আগস্ট) তিন দিনের সফরে রিচার্ড নেফিউর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় আসে। সফরের প্রথম দিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে বৈঠক করেন। সোমবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনসহ স্শুীল সমাজের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন তিনি।

 

ঢাকা সফরকালে অর্থ পাচার প্রতিরোধের সঙ্গে যুক্ত সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা লয়েছে রিচার্ড নেফিউয়ের।

 

 

আরও ১২টি জেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী আজ

বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২২ হাজার ১০১টি বাড়ি হস্তান্তরের মধ্যদিয়ে আরও ১২টি জেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করবেন। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪১টি জেলার আরও ১২৩টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন ঘোষণা করা হবে, যার ফলে মোট উপজেলার সংখ্যা হবে ৩৩৪টি এবং এই ১২টি জেলাসহ সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলার মোট সংখ্যা দাঁড়াবে ২১টিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মধ্যে বাড়ি বিতরণের ঘোষণা দেবেন।

আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া এসব তথ্য জানান। তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্প বিশ্বে একটি অনন্য প্রকল্প, কারণ পৃথিবীর আর কোনো দেশে এতো বিপুল সংখ্যক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে বাড়ি বিতরণ করা হয়নি। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন ও আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান উপস্থিত ছিলেন।

আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপের আওতায় এটি দ্বিতীয় পর্যায় এবং ২২ মার্চ, ২০২৩-এ দ্বিতীয় ধাপের অধীনে প্রথম দফায় ৩৯ হাজার ৩৬৫টি বাড়ি বিতরণ করা হয়।

২৩ জানুয়ারি, ২০২১-এ প্রথম পর্যায়ে ৬৩ হাজার ৯৯৯টি, ২০ জুন, ২০২১-এ দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৩০টি এবং মুজিববর্ষ-এর সময় তৃতীয় পর্যায়ে দুই ধাপে মোট ৫৯ হাজার ১৩৩টি বাড়ি বিতরণ করা হয়েছে। আরও ২২ হাজার ১০১টি ঘর বিতরণের মাধ্যমে, আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে মোট সংখ্যা দাঁড়াবে ২,৩৮,৮৫১টি।

মুখ্য সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে তিন উপজেলায় ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে সুবিধাগ্রহীতাদের মাঝে বাড়িসহ জমি হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসত সোনার বাংলা পল্লী আশ্রয়ণ প্রকল্প, পাবনার  বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ-২ প্রকল্প এবং নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্লাহপুর আশ্রয়ণ প্রকল্পের সুবিধাগ্রহীতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনরা দুই দশমিক দুই শতাংশ জমিতে ভালো মানের টিনশেড আধা-পাকা বাড়ি পাবেন।

তোফাজ্জেল হোসেন মিয়া বলেন, প্রধানমন্ত্রী মানিকগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, পিরোজপুর ও ঝালকাঠিকে গৃহহীন-ভূমিহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা করবেন এবং এর আগে তিনি পঞ্চগড় ও মাগুরাসহ আরও নয়টি জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা ঘোষণা করবেন।

মুখ্য সচিব বলেন, নদীভাঙন, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে এসব এলাকায় কেউ গৃহহীন ও ভূমিহীন হলে তাদের জমিসহ বাড়ি দেওয়া হবে। তিনি বলেন, জমির মালিকানা স্বামী-স্ত্রী উভয়কে দেওয়া হয় এবং জমির রেজিস্ট্রেশন ও মিউটেশনও স্বামী-স্ত্রীর নামে দেওয়া হয়।

তোফাজ্জেল হোসেন মিয়া বলেন, সরকার শুধু খাস জমিতে প্রকল্পের জন্য বাড়ি নির্মাণ করছে না, বাড়ি নির্মাণের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কাছ থেকে জমি  কেনা হচ্ছে। এ লক্ষ্যে ব্যক্তিবর্গের কাছ থেকেও অনুদান পাওয়া যায় বলে তিনি উল্লেখ করেন। যাদের বাড়ি নেই, জমি আছে, তাদের জন্য সরকার কবে থেকে বাড়ি নির্মাণ শুরু করবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন সরকার এই প্রকল্পের আওতায় শুধু ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি দিচ্ছে এবং এই প্রক্রিয়া শেষ হওয়ার পর যাদের বাড়ি নেই বা যাদের বাড়ি জরাজীর্ণ অবস্থায় রয়েছে তাদের জন্য বাড়ি নির্মাণ শুরু করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে গৃহহীনদের পুনর্বাসন কর্মসূচি চালু করেন।

বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের বাড়ি ও জমির মালিকানা দেওয়ার উদ্যোগ নেন। আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত মোট ৮ লাখ ২৯ হাজার ৬০৭টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। পুনর্বাসিত মানুষের সংখ্যা ৪১ লাখ ৪৮ হাজার ৩৫ জন (আনুমানিক একটি পরিবারে পাঁচজন ব্যক্তি হিসাবে)। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প ইতোমধ্যে ৫ লাখ ৫৫ হাজার ৬১৭ পরিবারকে সরাসরি পুনর্বাসন করেছে এবং ভূমি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের বিভিন্ন কর্মসূচির অধীনে ২ লাখ ৭৩ হাজার ৯৯০ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

 

 

বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী আজ

বাসস

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী। বঙ্গমাতা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহাকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই-দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

দিবসটিতে সরকারি কর্মসূচি ছাড়াও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।

বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এ লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাতা ছিলেন ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন। বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা ঘোষণার পর বঙ্গবন্ধু যখন বারবার পাকিস্তানি শাসকদের হাতে বন্দি জীবন-যাপন করছিলেন, তখন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা ফজিলাতুন নেছা মুজিবের কাছে ছুটে যেতেন। তিনি তাদের বঙ্গবন্ধুর বিভিন্ন দিক-নির্দেশনা পৌঁছে দিতেন ও লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে অনুপ্রেরণা যোগাতেন।

আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর প্যারোলে মুক্তি নিয়ে কিছু কুচক্রী স্বাধীনতা সংগ্রামকে বিপন্ন করার ষড়যন্ত্রে মেতে উঠেছিল। তখন প্যারোলে মুক্তির বিপক্ষে বেগম মুজিবের দৃঢ়চেতা অবস্থান বাংলার মুক্তি সংগ্রামকে ত্বরান্বিত করেছিল। স্বামী বঙ্গবন্ধুর আদর্শকে ছায়ার মত অনুসরণ করা বেগম মুজিবকে জীবনে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করেছেন, এজন্য অনেক কষ্ট-দুর্ভোগ পোহাতে হয়েছে তাঁকে।

এদেশের মানুষের আন্দোলন-সংগ্রামে বেগম মুজিব যে কর্তব্যনিষ্ঠা, দেশপ্রেম, দূরদর্শী চিন্তা, বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন তার ফলে জাতির পিতার পাশাপাশি তিনি আজ বঙ্গমাতার আসনে অধিষ্ঠিত। এ দেশের রাজনীতিতে তার অনন্য সাধারণ ভূমিকার জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। এই মহীয়সী নারী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সপরিবারে খুনিচক্রের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে সকাল ৮টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, কোরান খতম, মিলাদ ও দোয়া মাহফিল করবে আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনসমূহ।

এছাড়া বঙ্গমাতার জন্মবার্ষিকী  উপলক্ষে ‘প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়-লক্ষ্মী নারী’ শীর্ষক আলোচনা সভা করবে আওয়ামী যুবলীগ। দুপুর ২টায় বাদ যোহর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বিকাল ৩টায় আলোচনা সভা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শ্রমিক লীগ।

এছাড়া গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প আয়োজন করবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ। বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন ও ‘বাংলাদেশের মাতা, বাংলাদেশের নেতা’ শীর্ষক ছাত্রী সমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

সম্পাদকীয়=========

মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের হল দখল ছাত্রলীগের সংশোধনের ধারায় ফিরিয়ে আনুন

উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের জন্য যেন জেগে ওঠা চর। বর্তমান সরকারের আমলে অন্য সব ছাত্রসংগঠনকে ঝেঁটিয়ে বিদায় করেছে ছাত্রলীগ। এ ক্ষেত্রে একমাত্র অবলম্বন সন্ত্রাস। পেশিশক্তি ব্যবহার করে দেশের প্রতিটি সরকারি বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণে নিয়েছে। অধিকতর সংস্কৃতিবান হওয়া, শুদ্ধাচার ও জ্ঞানের চর্চা বাড়াতে এগুলো করায়ত্ত করেনি। স্র্রেফ ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করাই তাদের লক্ষ্য। এতে করে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও প্রভাবশালীদের হয়ে কাজ করলে অর্থ মেলে। এ কারণে নিজেরাও নিরাপদে দীর্ঘদিন থাকতে পারে না। ভাগবাটোয়ারার জেরে নিজেদের মধ্যে বিরোধ তৈরি হয়। তখন নিজেরাই বিভক্ত হয়ে একে অপরকে উৎখাতের খেলায় মেতে ওঠে।

এর সর্বশেষ নজির দেখা গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ে। গভীর রাতে হামলা করে ছাত্রলীগের একটি পক্ষ দুটো হলের নিয়ন্ত্রণ নিয়েছে। বরিশালের রাজনীতিতে আওয়ামী লীগের দু’টি পক্ষ বেশ কয়েক বছর ধরে মুখোমুখি। সম্প্রতি সেখানে অনুষ্ঠিত সিটি নির্বাচনে নতুন পক্ষের লোক মেয়র নির্বাচিত হয়েছেন। এখন তারা শহরসহ আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে রাতে হামলা করে ছাত্রলীগের ওই পক্ষটি। বাংলাদেশে আইনশৃঙ্খলা প্রয়োগের নীতি যে দুই ভাগে বিভক্ত এখানে তা স্পষ্ট। সরকারি দল করলে আইনের প্রয়োগ একভাবে, অন্যদের জন্য ভিন্ন। হেলমেট পরে অস্ত্রশস্ত্র নিয়ে যখন ছাত্রলীগের একটি পক্ষ সন্ত্রাসী হামলা চালায়; তখন কাছে থেকে দেখেও তা না দেখার ভান করেছে বরিশালের পুলিশ প্রশাসন।

 

 

গত শনিবার মধ্যরাতে অনেকটা ডাকাত দলের মতো ৪০-৪৫ সদস্য শেরবাংলা ও বঙ্গবন্ধু হলে ঢুকে। ছবিতে দেখা যাচ্ছে, তাদের কাছে ধারালো অস্ত্রশস্ত্র ও তারা মাস্ক পরা। হলে ঢুকে প্রতিপক্ষের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ পালিয়ে যায়। এ সময় বিজয়ীপক্ষের আক্রমণে ১০ জন আহত হন। সম্ভবত নতুন পক্ষের প্রতি মৌন সমর্থন ছিল পুলিশ প্রশাসনের, তাই তাদের সাথে পেরে ওঠেনি অপরপক্ষ। এমন কর্মকাণ্ডের পর সেখানে অস্ত্রশস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী আটকে পুলিশের কোনো অভিযান নেই; বরং যারা হলের নিয়ন্ত্রণ নিয়েছে দিনে তারাই সাধু সেজে মানববন্ধন পালন করেছে।

 

 

বর্তমানে ছাত্রলীগ পুরোপুরি ক্ষমতাসীনদের পেশিশক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। মুরব্বি সংগঠনের হয়ে অনেকটা যেন ভাড়ায় খাটে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজসহ বেশ কিছু উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে অব্যাহতভাবে তাদের এ প্রবণতা দেখা যাচ্ছে। এমনকি সরকারি দলের অন্যান্য সহযোগী সংগঠনের অবস্থাও একই রকম। দলীয়পদ নগদ কামাতে এবং অন্যের পক্ষে সুবিধা আদায়ে ব্যবহার করা হচ্ছে। তাদের কর্মকাণ্ড এমন পর্যায়ে পৌঁছেছে, তারা যেন আইনের আওতার বাইরে। গতকালও খবর রয়েছে, দাদনের টাকার জন্য এক নারীকে পিটিয়ে হত্যা করেছেন আওয়ামী লীগ নেতা। ক্ষমতাকে পুরোপুরি নিজেদের আখের গোছাতে ইচ্ছেমতো কাজে লাগাচ্ছেন তারা।

 

 

শিক্ষাপ্রতিষ্ঠানকে এভাবে স্বার্থ উদ্ধারের হাতিয়ার হিসেবে ব্যবহার পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। আমাদের প্রতিবেশী দেশগুলোতে অসৎ রাজনীতিক এবং অনিয়ম-দুর্নীতি সব আছে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানকে এর পরও ক্ষমতার কদর্য ব্যবহারের বাইরে রেখেছেন তারা। তাই আমাদের দেশেও সরকারের উচিত শিক্ষার্থীদের স্বার্থ আদায়ের হাতিয়ার না বানানো। ছাত্রলীগকে সংশোধনের ধারায় ফিরিয়ে আনা।