ঢাকা অফিস।।
গাড়ি ভাঙ্গচুর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় করা মামলায় যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ ২১ জনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. হাসিবুল হক সোমবার এ রায় ঘোষণা করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৬ জনকে খালাস দিয়েছেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় আদালতে সময় চেয়ে আবেদন করেছিলাম। আদালত আবেদন নামঞ্জুর করে রায় ঘোষণা করেন। এ রায়ে আমরা সংক্ষুব্ধ। সঠিকভাবে বিচার হলে আমরা ন্যায়বিচার পেতাম। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ১ অক্টোবর রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ঘোষণা উপলক্ষে পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল ও ইটপাটকেল মারতে থাকে। এ সময় রাস্তায় চলাচলকারী ৪-৫টা গাড়ি ভাঙচুর করে ও চালকের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়।
আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
নাশকতা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ২০১৩ সালের ২ অক্টোবর রাজধানীর কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) এরশাদ হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ১৮ মে আদালতে ইসহাক আলী সরকারসহ ৫৭ জনের চার্জশিট দেয় পুলিশ। পরে আদালত এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরুর আদেশ দেন। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ৩১ জুলাই রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালত।











































