Home আঞ্চলিক ইউপি সদস্যের ইয়াবা সেবনের ছবি ভাইরাল

ইউপি সদস্যের ইয়াবা সেবনের ছবি ভাইরাল

27

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি।।
মাগুরার মহম্মদপুরের বাবুখালি ইউনিয়ন পরিষদের রনি রানা (৩৫) নামের এক ইউপি সদস্যের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রোববার সকাল থেকে ফেসবুকে ইয়াবা সেবনের ছবি প্রকাশের পর সমালোচনার ঝড় ওঠে।

রনি রানা বাবুখালি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং হরিনাডাঙ্গা গ্রামের মো. মুজিবার মোল্যার ছেলে। রোববার সকালে ওই ইউপি সদস্যের ইয়াবা সেবনের ছবি ফেসবুকে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা জানান, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য রনি রানা ইয়াবার ব্যবসা ও সেবন করে আসছে। তার কারণে এলাকার যুবসমাজ আজ ধ্বংসের মুখে।

এ বিষয়ে ইউপি সদস্য রনি রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ইয়াবা সেবনের ছবিটি আমার, কিন্তু ছবিটি ইউপি সদস্য নির্বাচিত হওয়ার আগের।

ইউপি চেয়ারম্যান মীর সাজ্জাদ হোসেন জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটির বিষয়ে শোনার পরেই উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি।

উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল জানান, ইউপি সদস্য রানার ইয়াবা সেবনের বিষয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। ঘটনাটি যদি সত্য হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।