Home আঞ্চলিক মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে সাড়ে ৮মিটার গভীরতা সম্পন্ন কন্টেইনারবাহী জাহাজ

মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে সাড়ে ৮মিটার গভীরতা সম্পন্ন কন্টেইনারবাহী জাহাজ

51

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
প্রথমবারের মতো মোংলা বন্দর জেটিতে ভিড়েছে সাড়ে ৮মিটার গভীরতা সম্পন্ন কন্টেইনারবাহী জাহাজ এম,ভি মেরস্ক নুসান্তরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুর পতাকাবাহী এ জাহাজটি বন্দরের ৯নম্বর জেটিতে ভিড়ে। সিঙ্গাপুর থেকে বিভিন্ন ধরণের পণ্য বোঝাই ৩১৫টি কন্টেইনার নিয়ে মোংলা বন্দরে এসেছে এ জাহাজটি। আমদানীকৃত ৩১৫টি কন্টেইনার খালাস শেষে এ বন্দর থেকে রপ্তানীকৃত ২৬৩টি কন্টেইনার নিয়ে শুক্রবার জাহাজটি পুনরায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে মোংলা বন্দর ছেড়ে যাবে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোঃ আসাদুজ্জামান।

ক্যাপ্টেন মোঃ আসাদুজ্জামান বলেন, পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় দক্ষিণবঙ্গের যে কয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তার মধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ অন্যতম। পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথেই এ বন্দর দিয়ে গার্মেন্টস পণ্যসহ বিভিন্ন ধরণের পণ্য রপ্তানী বেড়ে গেছে। তাই বন্দরের কার্যক্রমকে আরো গতিশীল করতে নতুন নতুন বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। তারই ধারাবাহিকতায় গত ৫জুলাই বিভিন্ন শিপিং এজেন্ট, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি্র, বিভিন্ন পাট ও পাটজাত পণ্য রপ্তানীকারক প্রতিষ্ঠান, হিমায়িত মাছ রপ্তানীকারক প্রতিষ্ঠানসহ অন্যান্য বন্দর ব্যবহারকারীদের সাথে বন্দর কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মোংলা বন্দরে দ্রুত জাহাজ হ্যান্ডেলিং, বন্দরে পর্যাপ্ত ইয়ার্ড ও শেড সুবিধা, জেটির অভ্যন্তরে কন্টেইনার স্টাফিং সুবিধা, পর্যাপ্ত ইকুইপমেন্ট সুবিধাসহ একই সাথে পদ্মা সেতুর সুফলে ঢাকার সাথে মোংলা বন্দরের দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ দুইয়েরই সাশ্রয়ী হওয়ায় ব্যবসায়ীরা এখন মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন। ফলে উল্লেখযোগ্য হারে রপ্তানী বাড়ছে গার্মেন্টস, পাট, পাটজাত পণ্য ও হিমায়িত পণ্যের।