Home জাতীয় অবস্থান কর্মসূচিতে হামলা–নির্যাতনের ভিডিও দেখাল বিএনপি

অবস্থান কর্মসূচিতে হামলা–নির্যাতনের ভিডিও দেখাল বিএনপি

97

ঢাকা অফিস।।
বিদেশি কূটনীতিকদের কাছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেছে বিএনপি। বিশেষ করে গত ২৮ জুলাই ঢাকার মহাসমাবেশে বড় জমায়েতের বিষয় এবং ২৯ জুলাই রাজধানীর চার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে পুলিশ ও সরকারি দল কীভাবে হামলা, গুলিবর্ষণ, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে দলের নেতা-কর্মীদের রক্তাক্ত করেছে, সে ঘটনা তুলে ধরেছে দলটি।
বুধবার বিকেলে গুলশানের হোটেল লেকশোরে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক হয়। প্রায় এক ঘণ্টার রুদ্ধদ্বার এই বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, জাপান, চীন, রাশিয়াসহ ২৫টি দেশে কূটনীতিকেরা অংশ নেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কূটনীতিকদের দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। বৈঠক চলাকালে গণমাধ্যমকর্মীরা হোটেলে বাইরে অপেক্ষা করেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য এনামুল হক চৌধুরী, শামা ওবায়েদ, আসাদুজ্জামান, নওশাদ জমির, অনিন্দ্য ইসলাম, তাবিথ আউয়াল, ইশরাক হোসেন, রুমিন ফারহানা প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বর্তমান রাজনৈতিক ঘটনাবলি, ২৯ তারিখে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার ও সরকারি দলের অস্ত্রধারী সন্ত্রাসীদের যে যৌথ কর্মকাণ্ড, মিথ্যা মামলা, গ্রেপ্তার—এসব বিষয়ে আমরা বলেছি। বাংলাদেশে যারা গণতন্ত্র দেখতে চায়, মানবাধিকার দেখতে চায়, বিষয়গুলো তাদের জানা দরকার। এ কথাগুলো আমরা প্রেস ব্রিফিংয়ে বলেছি, আজকে কূটনীতিকদের এই কথাগুলো বলেছি। যত ঘটনা ঘটবে, আমরা আপনাদের (গণমাধ্যম) কাছে তুলে ধরব, সবাইকে বলব।’

বিএনপির বক্তব্যের পর বিদেশি কূটনীতিকেরা কী বলেছেন, জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘আমরা তো সার্বিক পরিস্থিতি ব্রিফ করেছি। উনাদের বলার বিষয় নয়।’
আরেক প্রশ্নের জবাবে খসরু বলেন, ‘দেশে ও দেশের বাইরে এদের (সরকার) অধীনে যে নির্বাচন হবে না, এটা পরিষ্কার হয়ে গেছে। সে জন্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথাটা এসেছে।’

 

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, বৈঠকে কূটনীতিকদের ২৮ জুলাই বিএনপির মহাসমাবেশে বিপুল জনসমাগম এবং ২৯ জুলাই ঢাকায় অবস্থান কর্মসূচিতে হামলা ও নির্যাতনের কয়েকটি ভিডিও দেখানো হয়। এর মধ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে রাস্তায় ফেলে পুলিশের পেটানোর ভিডিও প্রদর্শন করা হয়।