স্টাফ রিপোর্টার
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে আরও ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা জেলা ও মহানগরীর ৩৫ জন রয়েছেন। এছাড়া ঝিনাইদহের ২ জন, সাতক্ষীরা ও মাগুরার ১ জন করে রয়েছেন। বৃহস্পতিবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে।
খুলনা জেলা ও মহানগরীতে ১ দিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত বুধবার (১০ জুন) জেলা ও মহানগরীতে ৩১ জন রোগী শনাক্ত হন। ওইদিন খুলনা জেলার নমুনা ছিলো ১৬৩টি। আর বৃহস্পতিবার নমুনা ছিলো ১৬৮টি। প্রতিনিয়তই খুলনায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এতে করে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে খুলনাবাসীর।
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বৃহস্পতিবার খুমেকের পিসিআর মেশিনে মোট ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ১৬৮টি। এদের মধ্যে মোট ৩৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৩৫ জনই খুলনার। বাকিরা সাতক্ষীরা, মাগুরা ও ঝিনাইদহ জেলার।
এদিকে খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জান মোহাম্মদ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি খালিশপুর থানাধীন বঙ্গবাসী মোড়ের মৃত আলি মোহাম্মদ এর ছেলে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফু কর্নারের ফোকাল পার্সন ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৬টা ১৬ মিনিটে করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে শ্বাসকষ্ট, হালকা জ্বর সমস্যা নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সকাল পৌনে ৭টার দিকে মৃত্যুবরণ করেন। তিনি আরও জানান, মৃত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।










































