স্পোর্টস ডেস্ক।।
এবারের লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেয়েছেন ৪ বাংলাদেশি ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটাররা ভালো খেলায় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পাচ্ছেন। এলপিএলের এবারের আসরের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে শরিফুল-হৃদয়ের দল।
৫ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে এবারের লঙ্কান প্রিমিয়ার লিগ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে জাফনা কিংস এবং কলম্বো স্ট্রাইকার্স। উদ্বোধনী ম্যাচের দুই দলেই রয়েছে বাংলাদেশি ক্রিকেটার।
ম্যাচে জাফনার হয়ে মাঠে নামতে পারেন তাওহীদ হৃদয় এবং কলম্বোর জার্সিতে দেখা যেতে পারে পেসার শরিফুল ইসলামকে। এলপিএলের উদ্বোধনী ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ৩।
শরিফুল-হৃদয় ছাড়াও এবারের এলপিএলে অংশ নিচ্ছেন সাকিব আল হাসান এবং মোহাম্মদ মিঠুন। গল টাইটান্সের হয়ে মাঠ মাতাবেন তারা।
এলপিএলে লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রবিন লিগ ফরম্যাটে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে ম্যাচগুলো। শীর্ষ চার দল জায়গা করে নিবে প্লে-অফে। ২০ আগস্টের ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্টের চতুর্থ আসর।










































