ক্রীড়া প্রতিবেদক
সোমবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় বড় কোনো সিদ্ধান্ত হয়নি। মূলত এশিয়া কাপ নিয়েই আলোচনা হয়েছে। কিন্তু ধোঁয়াশা কাটেনি। আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
তবে শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা দাবি করলেন, এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে এসিসির সভা থেকে সবুজ সংকেত পেয়েছেন তারা। এখন সরকারের কাছ থেকে অনুমোদন পেলেই চলবে। এশিয়া কাপের এবারের আসরটি হওয়ার কথা আগামী সেপ্টেম্বরে। আয়োজক হিসেবে ছিল পাকিস্তানের নাম। কিন্তু পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যাবে না বলে বিকল্প ভেন্যুর পরিকল্পনা করা হয় করোনা আসার আগেই। সেক্ষেত্রে আরব আমিরাতে এবারের আসরটি হবে বলেই শোনা যাচ্ছিল। তবে এখন পরিস্থিতি বদলে গেছে। শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসলেও ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো অবস্থা ভালো নয় সংযুক্ত আরব আমিরাতেরও। সেখানে ইতিমধ্যেই প্রায় ৪০ হাজার করোনা আক্রান্তরোগী পাওয়া গেছে।
লঙ্কান ক্রিকেটবোর্ড প্রেসিডেন্ট এশিয়া কাপের ভেন্যু বদলের বিষয়টি নিয়ে বলেন, ‘আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সামনে এই বিষয়টি নিয়ে কথা তুলেছিলাম। তারা করোনাভাইরাস আতঙ্কে এবারের আসরটি আয়োজন করতে চাইছে না।’ ফলে বল চলে এসেছে শ্রীলঙ্কার কোর্টে। এখন তাদের সরকার অনুমোদন দিলেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সিলভা বলেন, ‘এখন এই আসর আয়োজনে ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলতে হবে আমাদের।’
এশিয়া কাপের এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরমেটে। এতে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাছাইপর্ব পেরিয়ে আসা আরেকটি দল। এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত।
ফের শঙ্কায় টাইগারদের অনুশীলন
ক্রীড়া প্রতিবেদক
এখনই আন্তর্জাতিক ক্রিকেটে না ফিরলেও ক্রিকেটারদের অনুশীলেনে অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে স্টেডিয়াম এলাকায় করোনার সর্বোচ্চ ঝুঁকি থাকায় ঘোষণার পরেও টাইগার ক্রিকেটারদের ট্রেনিংয়ে ফেরা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
ফিটনেস ঠিক রাখতে ক্রিকেটারদের একটা অংশ চাচ্ছিল অনুশীলন শুরু করতে। তবে করোনার প্রকোপ না কমার কারণে ঝুঁকি নিতে চাচ্ছিল না বিসিবি। অন্যদিকে ক্রিটেক খেলুড়ে অন্যান্য দলগুলোর ক্রিকেটারা এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। ফলে বাধ্য হয়ে অনুশীলনে সম্মতি দিয়েছে টাইগার বোর্ড। এর জন্য ৩২ ক্রিকেটারকে নিয়ে একটা তালিকাও প্রস্তুত করেছে বিসিবি। যাদের নিয়ে আগামী ১৫জুন অনুশীলন শুরু করার কথা। তবে বিপত্তি তৈরি হয়েছে সরকারি সিদ্ধান্তের কারণে। স্টেডিয়াম এলাকা অর্থাৎ মিরপুরকে করোনাভাইরাসের জন্য রেড জোন ঘোষণা করা হয়েছে। রেড জোন এলাকাগুলোকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে মাঠে এসে ক্রিকেটারদের জন্য ট্রেনিং করাও বেশ ঝুঁকিপূর্ণ ব্যাপার। এজন্য অনুশীলন শুরুর ঘোষণা হলেও তা নিয়ে আবারও শঙ্কা তৈরি হয়েছে।
বিসিবির মিডিয়ার চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আসলে দেশের পরিস্থিতি আগের চেয়ে খারাপ। ১৫ জুন ট্রেনিং শুরু করা আমি মনে করি বেশ কঠিন। কারণ মিরপুরকে সরকার করোনাভাইরাসের জন্য রেড জোনঘোষনা করেছে। এখানে এসে ক্রিকেটারদের ট্রেনিং করা ভীষণ ঝুঁকিপূর্ণ।’ ‘আমরা চাই না কোনো ক্রিকেটার বিন্দুমাত্র ঝুঁকিতে পড়ুক। তারপরও আমরা অপেক্ষা করবো সেই পর্যন্ত। পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। যদি নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি হয় তখন ভাবা যেতে পারে কী করা যায়।’
গোটা জুন মাসেই ক্রিকেট ফেরানো নিয়ে শঙ্কা প্রকাশ করেন জালাল ইউনুস, ‘পরিস্থিতির তো উন্নতি হয়নি; বরং আগের চেয়ে খারাপ। এই মুহূর্তে তাই আমাদের চিন্তা ক্রিকেটের চেয়ে বড় জীবন। যদি বাস্তবতা চিন্তা করি, এই জুনে মাঠে ক্রিকেট ফেরার সম্ভাবনা একেবারেই কম। আমাদের এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করা ছাড়া আর কিছু করার নেই।’
ভিন্ন ধর্মী পরিবেশ চান ডোমিঙ্গো
ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি বলেন, ‘মানসিক অবসাদ এমন এক বিষয়, আমি মনে করি খেলোয়াড়দের এটা নিয়ে সৎ ও স্পষ্টভাষী হওয়া প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘এসব বিষয়ে কথা বলতে সব খেলোয়াড় স্বাচ্ছন্দ্যবোধ করবে না। তবে আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাই, যেখানে আমাদের দল, আমাদের খেলোয়াড়রা কেমন বোধ করছে, তাদের বিশ্রাম দরকার কিনা এবং বিষয়টা মানসিক নাকি শারীরিক, এসব বিষয় নিয়ে স্বাধীনভাবে কথা বলতে পারে। এটার প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে, কারণ এটি খেলার একটি গুরুত্বপূর্ণ দিক।’
তারকা খেলোয়াড়দের মধ্যে মানসিক স্বাস্থ্য ইস্যুতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল স্পষ্টভাষী হয়ে মুখ খুলতে পেরেছিলেন। একইরকম কাজ করেছিলেন তরুণ ব্যাটসম্যান নিক ম্যাডিনসন। এছাড়া ইংল্যান্ডের স্টিভ হার্মিসন, মার্কাস ট্রেসকোথিক ও গ্রান্ট ফাওয়ারের মতো খেলোয়াড়রাও হতাশায় ভুগেছিলেন।
বাফুফে নির্বাচন নিয়ে কাদা ছোড়াছুড়ি
ক্রীড়া প্রতিবেদক
করোনাকালীন সংকট উত্তরণের পথ খুঁজে দিশেহারা সবাই। তবে ব্যতিক্রম বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। করোনার মধ্যেই ফেডারেশনের নির্বাহী কমিটির নির্বাচন নিয়ে বাফুফেতে চলছে মহা প্রস্তুতি।
গত ২০ এপ্রিল এই নির্বাচন হওয়ার কথা ছিল। করোনাভাইরাসের কারণে সেটি তখন স্থগিত হয়ে গেলেও এখন আবার নির্বাচন আয়োজনের ছক কষা হচ্ছে। সম্ভব হলে আগামী মাসেই নির্বাচন করে ফেলতে চায় ফুটবল ফেডারেশন। বাফুফের নির্বাচন সামনে রেখে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৭জুন। কিন্তু কাউন্সিলরের নাম জমা দেওয়া নিয়ে হুলুস্থুল কা- চলছে এখনো। কিছু অভিযোগ উঠেছে, কেন্দ্রবিন্দুতে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম। কাজী সালাউদ্দিনের বিরোধী পক্ষকে কোণঠাসা করতে সাধারণ সম্পাদক নানা কলকাঠি নাড়ছেন, এমন অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবি পর্যন্ত উঠেছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে এ ব্যাপারে চিঠি দিয়েছেন ফেডারেশনের অন্যতম সহসভাপতি বাদল রায়। শুধু তা–ই নয়, নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি হচ্ছে বলে ফিফার কাছে বাফুফের বিরুদ্ধে নালিশ পর্যš Íগেছে। ফিফা বিষয়টা দেখবে বলেছে, এমনটাই দাবি বর্তমান কমিটির বিরোধী পক্ষের।
বসুন্ধরা কিংসকে কলিন্দ্রেসের বিদায়
ক্রীড়া প্রতিবেদক
চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত মে মাসে। ঘরোয়া মৌসুমও পরিত্যক্ত। বসুন্ধরা কিংসের সঙ্গে বিশ্বকাপখেলা তারকা ফুটবলার কলিন্দ্রেসের সঙ্গে সম্পর্কটা আর থাকছে না সেটা ধরেই নেয়া গিয়েছিল।
অবশেষে গত রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান ফরোয়ার্ড কলিন্দ্রেস বিদায় বলে দিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে। গতকাল বুধবার বসুন্ধরা কিংসও তাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানিয়েছে। প্রিমিয়ার লিগ বাতিল হলেও বসুন্ধরা কিংসের সামনে রয়েছে এএফসি কাপের খেলা। কিন্তু সেই খেলাগুলোতে আর কলিন্দ্রেসের ঝলক দেখা যাবে না। এখন মেসির সতীর্থ বার্কোস থাকবেন কিংস সমর্থকদের প্রত্যাশার সব কেন্দ্রবিন্দুতে।
ফের লা লিগার ধারাভাষ্যে জামাল ভূঁইয়া
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা স্প্যানিশ লা লিগা আবার মাঠে ফিরছে। বিশ্বের অন্যতম সেরা এ ফুটবল লিগের সঙ্গে বাংলাদেশের নামও জড়িয়ে থাকছে। অতীতের মতো এবারও লা লিগার কিছু ম্যাচের ধারাভাষ্যে থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভ্ইূঁয়া।
বাংলাদেশের ঘরোয়া ফুটবল মৌসুমের বাকি অংশ পরিত্যক্ত ঘোষণার পর জামাল ভূঁইয়া চলে গেছেন ডেনমার্কে। সেখান থেকে তিনি শ্বশুরবাড়ি বেড়াতে এখন জার্মানিতে। লা লিগা শুরু হওয়ায় ফুটবল নিয়ে ব্যস্ত থাকার সুযোগ তৈরি হলো বাংলাদেশ অধিনায়কের।
জার্মানি থেকে জামাল ভূঁইয়া জানালেন, শনিবার ও রবিবার তিনি লা লিগার ম্যাচের ধারাভাষ্য দেবেন। এর মধ্যে লিগের দুই জনপ্রিয় কাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচ আছে। সূচি অনুযায়ী বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টায় মেসিরা খেলবে মায়োর্কার বিরুদ্ধে। রবিবার রাত সাড়ে ১১টায় ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ খেলবে এইবারের বিরুদ্ধে। এ দুটি ম্যাচের ধারাভাষ্যই দেবেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।
শ্রীলঙ্কা সফরে যেতে রাজি ভারতীয় ক্রিকেট দল
ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাসের এই মহামারির সময়ে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং ভারতকে নিয়ে সিরিজ আয়োজন করতে প্রস্তুত। এ খবর বেশ আগেই এসেছে মিডিয়ায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট বেশ কয়েকবারই বলে দিয়েছেন, ‘শুধু শ্রীলঙ্কা চাইলেই তো হবে না, আমাদেরকেও চাইতে হবে।’
বাংলাদেশ সফরে যেতে না চাইলেও, শ্রীলঙ্কা সফরে যেতে রাজি বলে জানা গেছে ভারতীয় ক্রিকেট দল। সেটা আগামী আগস্টেই। অর্থ্যাৎ আর মাত্র দুই মাস পর। ভারতীয় ক্রিকেট দল এখন শুধু তাদের দেশের সরকারের অনুমতির অপেক্ষায়। সেই অনুমতিটা পেয়ে গেলেই সফর চূড়ান্ত। ভারতীয় মিডিয়া জানাচ্ছে, সরকার অনুমতি দিলে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে সিরিজ খেলতে অসুবিধা নেই ভারতীয় ক্রিকেট দলের। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নাকি ঠিক এমনটাই জানিয়েছে বিসিসিআই।
৬ পরিবর্তন আসছে বিগ ব্যাশে
ক্রীড়া প্রতিবেদক
গত এক যুগের বেশি সময় ধরে ক্রিকেটে চলছে ফ্রি হিট’র নিয়ম। ২০০৭ সালের অক্টোবর থেকে শুরু হয়েছে এই নিয়ম। প্রাথমিকভাবে শুধু ওভারস্টেপিংনো বলে দেয়া হতো ফ্রি হিট। পরবর্তীতে ২০১৫ সাল থেকে সব ধরনের নো বলেই ব্যাটসম্যান পেয়ে থাকেন ফ্রি হিট।
এই ফ্রি হিটের অর্থ হলো ব্যাটসম্যানের জন্য পুরোপুরি বোনাস একটি বল। কেননা এই ডেলিভারিতে শুধুমাত্র রানআউট ছাড়া আর কোনভাবেই আউট হবেন না ব্যাটসম্যান। তাই নির্ভয়ে যে কোন শট হাঁকানোর স্বাধীনতা পেয়ে যান ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে ব্যাটসম্যানদের জন্য আরও সুবিধার কথাই ভাবা হচ্ছে। টুর্নামেন্টের আসন্ন মৌসুমে প্রতিটি ওয়াইড বলের জন্যও দেয়া হবে ফ্রি হিট। অর্থাৎ যে কোন ধরনের অবৈধ (নো এবং ওয়াইড) বলেই বোলারদের পেতে হবে ফ্রি হিটের শাস্তি। শুধু ওয়াইড বলে ফ্রি হিট নয়, বিগ ব্যাশ লিগকে আরও আকর্ষণীয় এবং দর্শকপ্রিয় করার জন্য বেশ কিছু পরিবর্তনের কথা ভাবছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ। সবমিলিয়ে বিগ ব্যাশ লিগের জন্য ৬টি নিয়মের সুপারিশ করেছেন বিগ ব্যাশের টেলিভিশন নির্বাহী ডেভ বারহাম।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র
ক্রীড়া প্রতিবেদক
গত বছরের শুরুর দিকে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে যুক্তরাষ্ট্র। বছরের শেষ দিকে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের স্বাদও পায় তারা। ওয়ানডে মর্যাদা পাওয়া দেশটি আরও বড় স্বপ্ন দেখছে। আয়োজক হতে চাইছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের।
১৯৯৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হয়ে সাফল্যময় একটি টুর্নামেন্ট উপহার দিয়েছিল তারা। সেই সাফল্যে চোখ রেখে ক্রিকেটের বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন বুনছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মিলে ২০২৩ সালের পর আইসিসির কোনও বৈশ্বিক আসরের আয়োজক হতে চায় তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপেই রাখছে নজর।
ম্যাচ বাতিল করেছে ম্যানইউ
ক্রীড়া প্রতিবেদক
প্রিমিয়ার লিগ শুরুর আগে একে একে প্রীতি ম্যাচ খেলছে কাবগুলো। ম্যানচেস্টার ইউনাইটেডেরও খেলার কথা ছিল স্টোক সিটির বিপক্ষে। স্টোক সিটি কোচ মাইকেল ও’নিল করোনা পজিটিভি হওয়ার খবরে সেই ম্যাচ বাতিল করেছে ম্যানইউ।
প্রিমিয়ার লিগ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে ম্যাচটি আয়োজন করে ম্যানইউ। ম্যাচটি হওয়ার কথা ছিল চ্যাম্পিয়নশিপ কাব স্টোক সিটিরই অনুশীলন কেন্দ্র ক্যারিংটনে। মঙ্গলবার স্টোক সিটি জানায়, তাদের কোচ করোনা সংক্রমিত। এর পরেই বাতিল হয়ে যায় এই ম্যাচ।
নারী বিশ্বকাপের স্বাগতিক হতে চায় না ব্রাজিল
ক্রীড়া প্রতিবেদক
২০২৩ নারী বিশ্বকাপের স্বাগতিক হবার দৌঁড় থেকে সড়ে দাঁড়িয়েছে ব্রাজিল। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, করোনাভাইরাসের এই পরিস্থিতিতে দেশটির সরকার এই বিডে অংশ না নেবার সিদ্ধান্ত নিয়েছে।
ব্রাজিল এখন কলম্বিয়াকে সমর্থন করবে। ৩২ দলের এই টুর্নামেন্টের আয়োজক হবার দৌঁড়ে আরো অংশ নিচ্ছে জাপান ও যৌথভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আগামী ২৫জুন ফিফা ভোটের মাধ্যমে স্বাগতিক দেশের নাম ঘোষণা করবে।
অস্ত্রোপচারের কারণে ছিটকে গেলেন ফেদেরার
ক্রীড়া প্রতিবেদক
হাঁটুতে ফের অস্ত্রোপচার। বাকি মৌসুমের জন্য টেনিস সার্কিট থেকে নিজেকে সরিয়ে নিলেন রজার ফেদেরার। পুরো সুস্থ হয়ে ২০২১ সালের শুরুতে আবার সার্কিটে ফিরতে চান ২০টি গ্র্যান্ড স্লামের মালিক।
চলতি মৌসুমে ইউএস ওপেন আর সেপ্টেম্বরে হতে চলা ফরাসি ওপেনে দেখা যাবে না সুইস টেনিস তারকাকে। জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেনের সেমি ফাইনালে নোভাক জোকোভিচের কাছে হারের পর আর কোনো ম্যাচ খেললেনি ফেডেক্স।ফ্রেব্রুয়ারি মাসে ডান হাঁটুতে অস্ত্রোপচার হয় ফেদেরারের। তারপর রিহ্যাব চলছিল তাঁর। ঠিক ছিল কোভিড পরবর্তী সময়ে টেনিস ফিরলেই কামব্যাক করবেন ফেদেরার। কিন্তু সুইস তারকার রিহ্যাব পরিকল্পনা মতো এগোয়নি। চোট পাওয়া হাঁটুতে পুনরায় আর্থোস্কপি করতে হয়। ফলে মৌসুমের বাকি সময়ে আর খেলা হবে না তাঁর।
জিম্বাবুয়ের অনুশীলন শুরু হবে করোনা টেস্ট দিয়ে
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর থেকে প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে ক্রিকেট। তাই ক্রিকেট খেলুড়ে দেশের বোর্ডগুলোও খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে কিছুটা আতঙ্কে রয়েছে।
তবে এর মাঝে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৮ জুলাই থেকে শুরু হবে সিরিজ। এছাড়া অন্য দেশগুলো এখনই সাহস পাচ্ছে না মাঠে খেলা ফেরানোর। তবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান আইসিসির দেয়া স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনে ফিরিয়েছে খেলোয়াড়দের। এবার আফ্রিকার দেশ জিম্বাবুয়েও অনুশীলনে ফেরার কথা জানিয়েছে তবে ফেরার আগে খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও দলের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে দিতে হবে করোনা পরীক্ষা।
আইসিসির সভাপতি পদে সাঙ্গাকারাকে চায় শ্রীলংকা
ক্রীড়া প্রতিবেদক
মাঠ ও মাঠের বাইরে বরাবরই দারুণ অনুপ্রেরণাদায়ী চরিত্র কুমারা সাঙ্গাকারা। দেড় দশকের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য অর্জন রয়েছে তার। বর্তমানে এমসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এই কিংবদন্তি। এবার আইসিসির সভাপতি হিসেবে তাকে দেখার আগ্রহ প্রকাশ করেছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
লংকান ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মোহন ডি সিলভা মনে করেন, সাঙ্গাকারা আইসিসির সভাপতি পদের যোগ্য দাবিদার। তাকে যথাযথ সমর্থনের জন্য ক্রিকেটবোর্ড প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। আইসিসির সভাপতি না হলে নিজ দেশের ক্রিকেটে বড় কোনো দায়িত্বে সাঙ্গাকারাকে দেখতে চান ডি সিলভা। লংকান সংবাদ মাধ্যম সিলন টুডেতে তিনি বলেন, ‘আমরা সাঙ্গাকারার এমসিসি’র সভাপতি পদের সময়সীমা শেষ হওয়ার অপেক্ষায় আছি। এটিশেষ হলে আমরা শ্রীলংকার ক্রিকেটে তার অভিজ্ঞতা ব্যবহার করতে চাই। তবে শুধু শ্রীলংকা নয়, আমরা তাকে আইসিসির বড় পদেও দেখতে চাই।’
অনুশীলন বাতিল করল পিসিবি
ক্রীড়া প্রতিবেদক
সামনের মাসে পাকিস্তান ক্রিকেট দলের ইংল্যান্ড সফর। সেই সিরিজের জন্য লাহোরে সাহস দেখিয়ে অনুশীলনে নামার পরিকল্পনা করেছিল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু দেশটিতে ক্রমশ করোনাভাইরাস পরিস্থিতির ভয়াবহতায় সেই পরিকল্পনা থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লাহোরে ক্রিকেটারদের অনুশীলন বাতিল করা হয়েছে।
দেশের মাটিতে এই অনুশীলন বাতিল হওয়ায় পাকিস্তান ক্রিকেট দল এখন অন্য পরিকল্পনা করছে। টেস্ট সিরিজের জন্য অনুশীলনে যেন ঘাটতি না হয়, সেজন্য তারা একটু আগেভাগে ইংল্যান্ড সফরে রওয়ানা হওয়ার চিন্তা-ভাবনা করছে। ইংল্যান্ডে পৌঁছে সেখানেই অনুশীলন পর্বটা সেরে নিতে চায় পিসিবি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে এই বিষয়টি নিয়ে ইতোমধ্যে পিসিবি আলাপও করেছে।
বলে লালা ব্যবহারে মাঠেই শাস্তি
ক্রীড়া প্রতিবেদক
বলে লালার ব্যবহার নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। লালা কিংবা স্লেষ্মার মাধ্যমে এক শরীর থেকে অন্য শরীরে সংক্রামিত হতে পারে করোনাভাইরাস। করোনা পরবর্তী ক্রিকেট শুরুর আগে এমন সিদ্ধান্ত এলো।
ক্রিকেট বল চমকাতে লালার ব্যবহার নিষিদ্ধ করে দেয়ার সুপারিশ করেছিল অনিল কুম্বলে নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি। পরিবর্তে ঘাম ব্যবহার করা যেতে পারে বলে জানানো হয়েছিল ১৬ সদস্যের ওই কমিটি। সেই সুপারিশকে প্রাধান্য দিয়েছে আইসিসি’র চিফ এগজিকিউটিভ কমিটি।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজনে আগ্রহী স্পেন
ক্রীড়া প্রতিবেদক
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজনে আগ্রহী স্পেন। ফাইনালের ভেন্যু ইস্তাম্বুল থেকে সরিয়ে নেয়া হলে, মাদ্রিদের ভেন্যুতে তা আয়োজন করতে চান বলে জানিয়েছেন মাদ্রিদ শহরের মেয়র। ১৭ জুন নির্বাহী কমিটির সভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে উয়েফা।
পৃথিবীটা সুস্থ থাকলে এতোদিনে ইউরোপ হয়তো পেয়ে যেতো কাব ফুটবলের নতুন রাজা। কিন্তু, এমনভাবে সব পরিকল্পনা ভেস্তে যাবে, ভাবেনি কেউ। ৩০মে’র না হওয়া ফাইনাল কবে কিভাবে আয়োজিত হবে, তা আছে আলোচনার টেবিলে। মাদ্রিদের মেয়রের আগ্রহ নিয়েও কোনো মন্তব্য করতে রাজি হয়নি উয়েফার কর্মকর্তারা। সপ্তাহ খানেক পর নির্বাহী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে ইঙ্গিত দিয়েছে তারা।









































