Home খেলাধুলা ‘আমার শহরে মেয়েদের বাড়ির বাইরে পা রাখার অনুমতিও দেওয়া হয় না’

‘আমার শহরে মেয়েদের বাড়ির বাইরে পা রাখার অনুমতিও দেওয়া হয় না’

48

স্পোর্টস ডেস্ক।।

ধর্মীয় কারণে মাত্র ১৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তান নারী দলের হার্ড হিটার ব্যাটার আয়েশা নাসিম। তিনি যে বয়সে অবসর নিলে, সে বয়সে অনেকে অভিষেকও হয় না। সেই অবসর নিয়ে ফের মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন ‘ধর্মীয় কারণে’ এই সিদ্ধান্ত নিতে হয়েছে। খবর ক্রিকবাজের।

মূলত নিজ ধর্ম ইসলামে আরও মনোযোগী হতেই আকস্মিক এই সিদ্ধান্ত নিয়েছেন আয়েশা। ক্রিকেট পাকিস্তানের এক রিপোর্ট অনুযায়ী, অবসরের বিষয়ে নিজের সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) এরই মধ্যে জানিয়েছেন আয়েশা।

আয়েশাকে পাকিস্তান ক্রিকেটে বিস্ময় বালিকা বলে মনে করা হয়েছিল। ২০২০ সালে ১৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। দেশের হয়ে খেলেছেন চারটি এক দিনের ম্যাচ এবং ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ।

দেশটির অ্যাবোটাবাদ এলাকার বাগান নামে এক গ্রামের জন্ম আয়েশার। সেখানকার প্রায় সব বাসিন্দাই বেশ রক্ষণশীল মানসিকতার। মেয়েদের খেলাধুলা করা পছন্দ নয় সেখানকার বাসিন্দাদের। খুব প্রয়োজন ছাড়া মেয়েদের বাড়ির বাইরে পা-ও দিতে দেওয়া হয় না। এমন রক্ষণশীল গ্রামে জন্ম নেওয়া আয়েশার ক্রিকেটার হয়ে ওঠার পথ ছিল অত্যন্ত কঠিন। ছোটবেলায় খেলার কোনও সঙ্গী পেতেন না তিনি। তবু ক্রিকেটের প্রতি প্রবল আগ্রহ তাকে পৌঁছে দিয়েছিল জাতীয় দল পর্যন্ত।

 

এ নিয়ে আয়েশা বলেন, ‘আমার শহরে মেয়েদের বাড়ির বাইরে পা রাখার অনুমতিও দেওয়া হয় না। তাই একাই খেলতে হত আমাকে।’

যদিও পরে আয়েশার পরিবার করাচিতে চলে আসে। সেখানে ভাইদের সঙ্গে খেলতেন। জাতীয় দলে অভিষেকের পর আয়েশা আবার অ্যাবোটাবাদের বাড়িতে চলে যান। করাচিতে থাকার সুযোগ থাকলেও ফেরেননি তরুণ ব্যাটার। খেলার জন্য পরিচিতদের কাছ থেকে কখনও উৎসাহ পাননি। বরং শুনতে হয়েছে কটাক্ষ।

তিনি আরও বলেন, ‘খেলার জন্য সকলের কাছে আমাকে অনেক কটাক্ষ শুনতে হয়েছে। সকলে সব সময় আমাকে নিরুৎসাহিত করেছে। বলা হত, আমার জন্য তাদের মেয়েদের উপর খারাপ প্রভাব পড়ছে।’

তা হলে কেন করাচিতে ফিরে এলেন না? আয়েশা বলেন, ‘কী করতাম করাচিতে ফিরে গিয়ে? আমার অনেক বন্ধু আছে, যারা বেশ প্রতিভাবান। কিন্তু খেলার সুযোগই পেল না কেউ। আমি আমার পরিবারের সমর্থন পেয়েছিলাম। ভেবেছিলাম আমার সাফল্য অন্যদের উৎসাহিত করবে। তারাও নিজেদের মেয়েদের খেলতে পাঠাবেন। মেয়েগুলোর শুধু পরিবারের একটু সমর্থন এবং ভরসা দরকার ছিল।’

এদিকে আয়েশার হঠাৎ অবসরের সিদ্ধান্তে হতবাক পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারাও। বোর্ডের পক্ষ থেকে আয়েশার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে। অবসরের সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার জন্য বোঝানো হতে পারে ১৮ বছরের আগ্রাসী ব্যাটারকে।

আয়েশা টি-টোয়েন্টিতে ৩৬৯ রান করেছেন। যেখানে তার ব্যাটিং গড় ১৮.৪৫। ওয়ানডেতে অবশ্য মাত্র ৩৩ রান আছে তার। ২০২৩ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৫ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে বেশি আলোচনায় আসেন এই তারকা। তবে প্রথম আলোচনায় আসেন ২০২১ সালের জুনে। সেবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৩ বলে অপরাজিত ৪৫ রানের একটি ইনিংস খেলেছিলেন টপ অর্ডার এই ব্যাটার। একই বছরে শ্রীলংকার বিপক্ষে করাচিতে মাত্র ৩১ বলে একই রান তোলেন।

এ বছরের জানুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে ২০ বলে ২৪ রানের ইনিংস খেলেছিলেন আয়েশা। তিনটি ছক্কা ও একটি চারে সাজানো ছিল তার ইনিংস। আয়েশার ব্যাটিং দেখে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম প্রশংসা করে তাকে ‘অসাধারণ প্রতিভা’ বলে উল্লেখ করেছিলেন।