স্পোর্টস ডেস্ক।।
গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে শ্রীলংকান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকার বিরুদ্ধে। পরে চলতি বছরের মে মাসে সিডনির আদালত ৪টি অভিযোগের ৩টি থেকেই মুক্তি দেয়। একটি মামলা এখনও চলমান। আর দীর্ঘ দিন ধরে মামলা চলায় তিনি মানসিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। তিনি দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন। আদালত সেই আর্জি মেনে নিয়েছে। খবর ডেইলি মিরর অনলাইনের।
সিডনির আদালতে দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন গুনাথিলাকার আইনজীবী মুরুগান থঙ্গরাজ । তার দাবি, গুনাথিলাকা নির্দোষ। তাই দ্রুত শুনানি শেষ হলে দেশে ফিরে আবার ক্রিকেট শুরু করতে পারবেন তিনি। তার পরিবার আর্থিক সমস্যায় মধ্যে দিয়ে যাচ্ছে। ক্রিকেটারও মানসিক সমস্যায় ভুগছেন বলে দাবি করেছেন থঙ্গরাজ। তিনি আরও আবেদন করেছেন যে শুনানির সময় যাতে শুধুমাত্র বিচারক ও আইনজীবীরা থাকেন। বাইরের কেউ সেখানে না থাকেন।
এদিকে আদালত মেনে নিয়েছে যে গুনাথিলাকার কিছু মানসিক সমস্যা হচ্ছে। শুনানির সময় সংবাদমাধ্যম উপস্থিত থাকলে সেই সমস্যা আরও বাড়তে পারে। তাই শুধুমাত্র বিচারক ও আইনজীবীদের উপস্থিতিতে দ্রুত শুনানি হবে বলে জানিয়েছেন বিচারক। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুনানি শুরু হবে। পাঁচ দিনের মধ্যে শুনানি শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
এর আগে এক অস্ট্রেলিয়ান তরুণীর সঙ্গে তার অসম্মতিতে শারীরিক সম্পর্ক করায় গত ৬ নভেম্বর সিডনিতে টিম হোটেল থেকে গ্রেপ্তার হন গুনাথিলাকা। পরে কারাগারে পাঠানো হয় লংকান ব্যাটারকে। গত বছরের নভেম্বরেই জামিন পান তিনি। ঘটনার ১১ দিন পর কিছু শর্ত দিয়ে তার জামিন মঞ্জুর করেন সিডনির ডাউনিং সেন্টার লোকাল কোর্ট। লংকান এই ব্যাটার পারকেলা জেল থেকে অডিওভিজুয়াল লিঙ্কের মাধ্যমে আদালতের এই সিদ্ধান্ত জানতে পারেন।











































