স্পোর্টস ডেস্ক।।
শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে লিড নিয়েছে পাকিস্তান। তবে এদিন মাত্র ১০ ওভার খেলা গড়িয়েছে। বাকি পুরোটা সময় ছিল বৃষ্টির দাপট।
আজ মঙ্গলবার পাকিস্তান স্কোরবোর্ডে ৩৩ রান যোগ করে প্রথম ইনিংসে লিড নেয়। দলটির সংগ্রহ ২ উইকেটে ১৭৮। এগিয়ে আছে তারা ১২ রানে।
গতকাল ৭৪ রানে শেষ করা ওপেনার আবদুল্লাহ শফিক ৮৭ রানে অপরাজিত আছেন। আগের দিন ৮ রানে অপরাজিত অধিনায়ক বাবর আজমের রান এখন ২৮।
কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাঠ আর খেলার উপযুক্ত ছিল না। বিকেল সোয়া তিনটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। তৃতীয় দিনে খেলা শুরু হবে সকাল পৌনে দশটায়। সম্ভব হলে খেলা হবে ৯৮ ওভার।
এর আগে টেস্টের প্রথম দিন শ্রীলংকা নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৬৬ রানে অলআউট হয়।











































