Home Uncategorized কীটনাশকে মশা মরে না: গৎবাঁধা কার্যক্রমে বেসামাল ডেঙ্গু

কীটনাশকে মশা মরে না: গৎবাঁধা কার্যক্রমে বেসামাল ডেঙ্গু

52

>> আগস্ট-সেপ্টেম্বরে পরিস্থিতি হবে ভয়াবহ : স্বাস্থ্য অধিদপ্তর

ঢাকা অফিস।।

এডিস মশার প্রকোপ বেড়েই চলেছে। অতীতের সব রেকর্ড ভঙ্গ করে প্রতিনিয়তই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন মানুষ। বাড়ছে মৃতের সংখ্যা। গতকাল শুক্রবার পর্যন্ত আক্রান্ত ২৮ হাজার ৪৪৩ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে। ঢাকার হাসপাতালগুলো চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। পরিস্থিতি পুরোপুরি বেসামাল। আগস্ট ও সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহতা আরো বাড়বে বলে আভাস স্বাস্থ্য অধিদপ্তরের। তখন পরিস্থিতি কি হবে, তাও বলা মুশকিল বলে জানায় প্রতিষ্ঠানটি।

যদিও ঢাকার দুই সিটি করপোরেশন সকাল-বিকাল নিয়মিত ওষুধ ছিটাচ্ছে। মশক নিধনে চলছে বিশেষ অভিযানও। সকালে লার্ভিসাইডিং, বিকালে ফগিং। যেখানেই এডিসের লার্ভা, সেখানেই জরিমানা। তারপরও কোনোভাবেই কমছে না ডেঙ্গুর প্রকোপ। সিটি করপোরেশনের এই অভিযানকে গৎবাঁধা বলছেন নগরবাসী।

আর সিটি করপোরেশন বলছে, জলবায়ু পরির্বতনের প্রভাবে বাড়ছে এডিশ মশার প্রকোপ। নিয়ন্ত্রণে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। ডেঙ্গু নিয়ন্ত্রণে জসম্পৃক্ততা ও জনসচেতনতা ছাড়া সিটি করপোরেশন একা কিছুই করতে পারবে না। ঢাকায় এডিসের প্রকোপ বাড়লেই দুই সিটি করপোরেশন মশক নিধনে বিশেষ ক্রাশ প্রোগ্রাম চালু করে। এবারো একাধিকবার এই প্রোগ্রাম হাতে নিয়েছে দুই সিটি। বিভিন্ন এলাকায় সকালে লার্ভিসাইডিং, বিকালে ফগিং কার্যক্রম করতে দেখা যায়।

তবে সব জায়গায় এই অভিযান চালানো হয় না বলে অভিযোগ উঠে বরাবরই। যদিও এ কাজে বর্তমানে সম্পৃক্ত করা হয়েছে ওয়ার্ড কাউন্সিলদের। কাউন্সিলররাও সবসময় মশকনিধন কর্মীদের সঙ্গে থাকেন না। কিছু কিছু এলাকায় নিজেদের লোকজন পাঠিয়ে দায় সারেন। মশকনিধন কর্মীরাও কাজে ফাঁকি দেন। কাজের কাজ খুব একটা হয় না। তাছাড়া সিটি করপোরেশনের ওষুধেও মশা মরে না বলেও অভিযোগ রয়েছে।

এদিকে এবারের পরিস্থিতিতে যেসব বাসায় এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে, সেখানে আর্থিক জরিমানা করছে সিটি করপোরেশন। এর মধ্যে বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে মোটা অঙ্কের আর্থিক জরিমানাও করেছে সংস্থা দুটি। যদিও এসব অভিযানে খুব একটা সফলতা মিলছে না। মানুষও সচেতন হচ্ছে না।

ঢাকার দুই সিটি করপোরেশন বলছে, এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশন সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঘনবসতি পূর্ণ শহর হওয়ায় সিটি করপোরেশনের পক্ষে একা কোনোকিছুই করা সম্ভব হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ বছর ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গুর ভেরিয়েন্টে অনেক ধরনের চেঞ্জ আসছে। বর্তমানে চারটি সেরোটাইপে ডেঙ্গু পাওয়া যাচ্ছে। ডেঙ্গু আগে স্বচ্ছ পানিতে হতো। এখন নালা-নর্দমা, ময়লা-আবর্জনাতেও হচ্ছে। নিজের ঘরে ফ্রিজ, এসি, গাছের টব, রান্না ঘরের ময়লায় এডিস মশার জন্ম হচ্ছে। আমাদের একার পক্ষে কারো বাসায় গিয়ে এগুলো পরিষ্কার করা সম্ভব নয়। কারণ আমাদের কর্মীদের কোনো বাসায় ঢুকতে দেয়া হয় না। আমরা কাজ করতে পারি না। কাজেই যার যার বাড়ির ময়লা তাদেরই সরাতে হবে। তবে আমরা সচেতনতার কাজটি করছি। শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান- মসজিদ, মন্দিরসহ সবখানেই জনসচেতনতা তৈরির কাজ করে যাচ্ছি। সবাই মিলে এই কাজটি করলে ডেঙ্গু নিধন সম্ভব।

তিনি আরো বলেন, বাংলাদেশ বিশেষ করে ঢাকা ঘনবসতি। ফলে যত্রতত্র ব্যাপক পরিমাণে পানি জমে থাকে। আমরা যেটাকে বলি ব্রিডিং সোর্স। ঢাকায় এটা অনেক বেশি। আমরা এগুলো নষ্ট করছি। তবে সবার প্রচেষ্টায় এডিস মশার প্রকোপটা নিয়ন্ত্রণে রাখা যাবে। সিটি করপোরেশনের যে কাজ নিয়মিত ওষুধ ছিটানো, লার্ভিসাইডিং ও ফগিং করা- আমরা সেটা করছি। নতুন নতুন ওষুধ নিয়ে আসছি। গবেষণাগার করছি। আমরা মাঠে আছি। কর্মীদের ছুটি বাতিল করেছি। সবাই মিলে চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দাবি অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। তারপরও ডেঙ্গু পরিস্থিতি একটা নির্দিষ্ট সীমা রেখায় রাখতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সংস্থাটি। এজন্য লাার্ভিসাইডিং, ফগিং কার্যক্রম ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সামসুল কবির বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে আমাদের উদ্যোগ কাজে আসছে। ফলে আজকে বাংলাদেশের রোগীর সংখ্যা ২৮ হাজার। অন্যদিকে মালয়েশিয়ায় ৫৬ হাজার, ফিলিপাইনে ৭২ হাজার, ইন্দোনেশিয়ায় ১ লাখের কাছাকাছি, শ্রীলঙ্কায় ৫৩ হাজার। যতটা সম্ভব আমরা একটা সীমা রেখার মধ্যে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছি।

তিনি বলেন, এখন সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা। কারণ এডিস মশা জন্মাচ্ছে মানুষের ঘরেই। কাজেই প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিকেও এই কাজে অংশ নিতে হবে। নইলে এটা নিয়ন্ত্রণ সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, গত ১০ দিনে আমরা প্রায় ১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার করেছি। অথচ এটা শিক্ষা মন্ত্রণালয়ের করার কথা। ঢাকা দক্ষিণের সব থানা ও রেলওয়ে কলোনি আমাদের লোকজন পরিষ্কার করে দিয়ে এসেছে। অথচ এগুলো আমাদের পরিষ্কার করার কথা নয়। তাদেরই পরিষ্কার করার কথা। কেউ কোনো দায়িত্ব পালন করবেন না। সবকিছু সিটি করপোরেশনের ওপর চাপিয়ে দেবেন, সেটাতো হবে না।

কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও মনে করছেন, এডিস মশা নিয়ন্ত্রণে স্থানীয় সরকার বিভাগের যে কার্যক্রম- তা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথেষ্ট নয়। বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে বিক্ষিপ্তভাবে না করে সমন্বিতভাবে প্রতিদিনই মশকনিধন কার্যক্রম চালাতে হবে। এডিস নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি জনগণকেও সম্পৃক্ত করতে হবে। মশক নিধনে বিদ্যমান কর্মসূচি চলমান রয়েছে তাতে ডেঙ্গু নিয়ন্ত্রণে খুব একটা সুফল মিলবে না বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজীর আহমেদ।

তার মতে, এডিস নিয়ন্ত্রণে স্থানীয় সরকার বিভাগের কার্যক্রমে খুব একটা সুফল মিলছে না। যদি সুফল মিলতো তাহলে এডিস মশা কম হতো। আর এডিস মশা কম হলে ডেঙ্গুর বিস্তার এতটা হতো না। মশক নিধনে যে পদ্ধতিতে কাজ করা হচ্ছে- সেটি ক্র্যাশ প্রোগ্রামই বলুক বা চিরুনি অভিযানই বলুক- তা কার্যকর নয়। এসব কর্মসূচি যে মাত্রায় হয়, এডিস মশা তার চেয়ে বেশি বংশ বিস্তার করে।

মশক নিধন কার্যক্রমে আরো বেশি কীটতত্ত্ববিদ নিয়োগের পরমর্শ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেনের। তিনি বলেন, এখন পুরো দেশেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। জরুরিভিত্তিতে কাজ করতে হবে। এই কাজের সঙ্গে কীটতত্ত্ববিদদের সম্পৃক্ত করতে হবে। তাদের প্রশিক্ষণ দিতে হবে যাতে তারা মশার প্রজননকেন্দ্রগুলো খুঁজে বের করার কাজে সাহায্য করতে পারেন। এছাড়া জরুরিভিত্তিতে আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্স গঠন করার পরামর্শও এই বিশেষজ্ঞের।

অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার গতকাল  বলেন, কীটনাশক দিয়ে এডিস মশা নিধন করা যাবে না। তাই কীটনাশকের ওপর দোষারোপ করা বা জোর দেয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, এডিস মশার উৎপত্তিস্থল অর্থাৎ মানুষের বাড়ি, ঘর বা আঙ্গিনা। এজন্য নগরবাসীকে সম্পৃক্ত করতে হবে। যেন তারা নিজ নিজ জায়গাটা অন্তত নিজেই পরিষ্কার রাখে। যদিও নগরবাসী সহজে এটা করতে চাইবে না।
তারপরও যে কোনো প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ত করতেই হবে। এজন্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া যেতে পারে। তারা বিভিন্ন বাসায় যাবে। তাদের বোঝাবে। সচেতন করে তুলবে। তিনি মশক নিধন কার্যক্রমে সমন্বয়ের বিকল্প নেই উল্লেখ করে এই কীটতত্ত্ববিদ বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনকে সমানভাবে কাজ করতে হবে। এজন্য প্রয়োজন সমন্বয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এই সমন্বয়টা করতে হবে।

তিনি আরো বলেন, মশক নিয়ন্ত্রণে সমন্বয় সাধনে একটা জাতীয় প্রতিষ্ঠান হওয়া দরকার। কোনো কীটনাশক বা ওষুধ ব্যবহার করা হবে, সেটা সিটি করপোরেশনগুলো সিদ্ধান্ত নেবে না- সেটা সিদ্ধান্ত নেবে সেই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান ঢাকাসহ সব সিটি করপোরেশন কীভাবে ওষুধ প্রয়োগ করবে, সেই অভিভাবকের দায়িত্ব পালন করবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সেই প্রতিষ্ঠানটি হতে পারে অথবা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে অভিভাবত্বের দায়িত্ব নিতে পারে।