Home জাতীয় কৃষিমন্ত্রীর হাতে একদফা দাবির লিফলেট দিলেন বিএনপি নেতা

কৃষিমন্ত্রীর হাতে একদফা দাবির লিফলেট দিলেন বিএনপি নেতা

17

 

খুলনাঞ্চল রিপোর্ট।।

সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবি-সম্পর্কিত লিফলেট সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবি-সম্পর্কিত লিফলেট কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের হাতে তুলে দিয়েছেন বিএনপি নেতা ফজলুল হক মিলন। শুক্রবার (২১ জুলাই) জুমার নামাজের পর রাজধানীর সার্কিট হাউস মসজিদ থেকে বের হওয়ার সময় মন্ত্রীর হাতে একটি প্রচারপত্র এগিয়ে দেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক। এ সময় মন্ত্রী প্রচারপত্রটি সহাস্যে গ্রহণ করেন।

জুমার নামাজের পর সরকারের পদত্যাগ ও নির্বাচনকালে নির্দলীয় সরকারের এক দফা দাবিতে সারাদেশে মসজিদে মসজিদে প্রচারপত্র বিলির কর্মসূচি নিয়েছিলো বিএনপি। এরই অংশ হিসেবে বিএনপির নেতারা ঢাকার বিভিন্ন মসজিদে নামাজ শেষে মুসল্লিদের কাছে এক দফার প্রচারপত্র বিলি করেন।

ফজলুল হক মিলন গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর মুসল্লিদের মধ্যে আমরা লিফলেট বিতরণ করেছি। এ সময় কৃষিমন্ত্রী নামাজ পড়ে বের হলে তার হাতেও লিফলেট দিয়েছি। শুধু মন্ত্রী নন, এই মসজিদের মুসল্লি ড. কামাল হোসেনসহ অন্য মুসল্লিদের মধ্যেও আমরা এক দফার লিফলেট (প্রচারপত্র) বিতরণ করেছি।

এ বিষয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, আজ জুমার নামাজের পর মসজিদ থেকে বের হচ্ছিলাম। তখন আমাকে লিফলেট দেয়া হয়েছে। আমি গ্রহণ করেছি। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে স্বাগত জানাই।

বিএনপির সূত্র জানায়, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টন জামে মসজিদে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোহাম্মদপুর এলাকায়, উত্তরে বিএনপির সদস্যসচিব আমিনুল হক মিরপুরের রূপনগর এলাকায়, ফজলুল হক মিলন সার্কিট হাউস মসজিদে প্রচারপত্র বিলি করেন।

লিফলেটে বিএনপিসহ সমমনা দলগুলোর এক দফার আন্দোলন সফল করতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানানো হয়।

বিভি/এমআর