স্পোর্টস ডেস্ক||
ইংল্যান্ড অফ স্পিনার মঈন চলমান অ্যাশেজে এজবাস্টন টেস্টে আঙুলে চোট পান। তিনি ‘ফিঙ্গার স্পিনার’ হওয়ায় বল গ্রিপ করেন তর্জনী দিয়ে। দীর্ঘদিন পর টেস্টে ফেরা এই ডানহাতি স্পিনার টানা বোলিং করলে তর্জনীর মাথায় ফোসকা পড়ে। শেষ দিনে তাই মাত্র ৭ ওভার বোলিং করতে পেরেছিলেন।
সেই টেস্ট হারের পর একটি মেইল পেয়েছিলেন মঈন। মেইলটি তাকে লিখেছেন ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সার্ভিসের (এনএইচএস) এক নারী কর্মী। নিজেকে মঈনের ‘বড় ভক্ত’ হিসেবে দাবি করে সেই নারী ইংল্যান্ড অলরাউন্ডারের আঙুলের সমস্যার একটি সমাধান দেন। খবর বিসিসির।
সেই নারী ভক্তের এক ওষুধের ফলে মঈনের আঙুলের চোট সেরে গিয়েছিল। যদিও মঈন সেই ভক্তের খোঁজ করে চলেছেন। সাংবাদিক সম্মেলনে মঈন বলেন, ‘সেই ভক্তকে আমি খুঁজে পাচ্ছি না। আশা করি, এই বক্তব্য তিনি শুনছেন। আমি তাকে অনেক ধন্যবাদ জানাতে চাই।’
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে এ নিয়ে ইংল্যান্ড অলরাউন্ডারের উদ্ধৃতি প্রকাশ করেছে, ‘তিনি (নারী ভক্ত) দাবি করেন, আমার আঙুলের কাটা ও ক্ষতস্থান তার চোখে পড়েছে। এরপর ‘‘আমরা তোমাকে একটি জিনিস (ওষুধ) পাঠিয়েছি, যেটি (ক্ষত মোচনে) সাহায্য করবে’’—এটা জানিয়ে তিনি মেডিহানি (মধু থেকে তৈরি ওষুধ) পাঠান। এটা “মানুকা হানি” (মানুকাগাছের ফুল থেকে বানানো মধু) থেকে বানানো অ্যান্টি-ব্যাকটেরিয়াল জেল, যা ক্ষত মোচন করে। (ওষুধটি) বিস্ময়কর কাজ করেছে, ক্ষতটা খুব দ্রুত শুকাতে শুরু করে। এখন আমি যতটা সম্ভব বোলিং করতে চাই।’
মঈন পরে হেডিংলিতে তৃতীয় টেস্টে ১৭ ওভার বল করে ২টি উইকেট নেন। যেখানে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে সেরা দুই তারকা স্টিভেন স্মিথ ও মারনাস লাবুশেনকে আউট করেছিলেন।
তিনি জানান, অ্যাশেজ শেষে রহস্যময় সেই ভক্তকে তিনি ধন্যবাদ জানাতে চান, ‘তিনি শুধু জানিয়েছেন, নিজেও এই ওষুধ ব্যবহার করেছেন আর এনএইচএসে চাকরি করেন। সিরিজ শেষে আমি তাকে মেইল করব। অসাধারণ লেগেছে তার কাজটি। আমি একজন ক্রিকেটার এবং আমার প্রতি কেউ এমন সহানুভূতিশীল আচরণ করলেন, যিনি আমাকে কখনো দেখেনওনি। এসব কারণেই ইংল্যান্ড একটি অসাধারণ জায়গা।’
এদিকে অ্যাশেজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। বুধবার চতুর্থ টেস্ট শুরু হবে ম্যানচেস্টারে।











































