সাতক্ষীরা প্রতিনিধি।।
আট বিঘা জমিতে ৩০০ বছরের বেশি সময় ধরে বনবিবির বটগাছটি দাঁড়িয়ে আছে। খুঁজে পাওয়া যায় না এর গোড়া। সাতক্ষীরার দেবহাটায় রহস্যঘেরা এই বৃক্ষ দেখতে প্রতিদিন ভিড় করে অনেক মানুষ। অবকাঠামোগত উন্নয়ন করে পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র গড়ে তোলার দাবি স্থানীয়দের।
দেবহাটা উপজেলা সদর থেকে কিছু দূর গেলেই বনবিবির বটগাছের দেখা মিলবে। প্রায় ৮ বিঘা জমিজুড়ে এর অবস্থান। জনশ্রুতি আছে, ৩০০ বছর আগে জমিদার ফনীভূষণ মন্ডল গাছটিকে জ্ঞানের দেবী দাবি করে নাম রাখেন বনবিবির বটগাছ। তখন থেকেই শুরু হয় এর পূজা।
বনবিবির বটতলা। যার সৌন্দর্য প্রকৃতি প্রেমিদের মন কাড়ে। এই বটতলাকে ঘিরে রয়েছে কয়েক’শ বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। বনবিবির বটতলা পাখির কল-কাকলিতে মুখরিত থাকে সব সময়।
সাতক্ষীরা জেলা শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার গেলেই বাংলাদেশ-ভারত সীমান্তের উপজেলা দেবহাটা। এর প্রাণকেন্দ্রেই আছে হাজার বছরের এক বটবৃক্ষ। স্থানীয়ভাবে এই স্থানটি বটতলা কিংবা বনবিবির তলা নামে পরিচিত। এই বটগাছটির বিশেষত্ব হলো বিস্তৃত এই বটগাছের প্রকৃত গোড়া খুঁজে পাবেন না। কেননা গাছের শাখা-প্রশাখা শিকড় থেকে বিরাট রূপ ধারণ করেছে।
প্রচলিত ইতিহাস থেকে জানা যায়, এই এলাকায় ব্রিটিশ আমলে জমিদারদের বসবাস ছিল। উপজেলা সদর থেকে টাউনশ্রীপুর পর্যন্ত মাত্র সাড়ে ৩ কিলোমিটারের মধ্যে ছিল ১৮ জন জমিদারের বসবাস। এই টাউনশ্রীপুরে বাংলাদেশের দ্বিতীয় পৌরসভা ছিল। যার নাম ছিল টাউনশ্রীপুর মিউনিসিপ্যালিটি।
ধারণা করা হয়, ব্রিটিশ আমলে বা তার বহু আগে এই বটগাছের জন্ম। তবে কীভাবে জন্ম তা আজও অজানা। তবে ধারণা করা হয়- এই গাছটি ৩০০ বছরের প্রাচীন।
স্থানীয়রা জানান, অতীতে সাধু-সন্ন্যাসীরা এখানে ধ্যানে মগ্ন থাকতেন। দেব-দেবীর পূজা-অর্চনা করতেন। আবার অনেকে মনের কামনা পূরণে নির্জনে এসে বনবিবিকে মনের কথা শোনাতেন। তবে কালের বিবর্তনে এখন আর কোনো সাধু-সন্ন্যাসী এসে এখানে বসে না। থাকে না কেউ ধ্যানে মগ্ন। বনজীবীদের বিশ্বাস, বাদাবনের রক্ষক বনবিবির সঙ্গে ওতপ্রোত সম্পর্ক আছে এই বিশাল বটের। এর পাতায় পাতায় মিশে আছেন বনবিবি। তিনি বনজীবীদের কাছে স্বমহিমায় পূজিত লোকজ দেবী।
স্থানীয় বাসিন্দা মোমিনুর রহমান জানান, কয়েক’শ বছর আগে সেখানে জঙ্গল ছিল। বনে যাওয়ার আগে বনবিবিকে স্মরণ করতো সবাই। সেই থেকেই বনবিবির বটতলা হিসেবে পরিচিতি লাভ করে জায়গাটি। অনেকে বিশ্বাস করেন, বনবিবিকে স্মরণ করে বনে গেলে বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়া যায়। পরবর্তীতে মানুষের লোকজ বিশ্বাসে তৈরি হয় বনবিবির শক্ত ভিত। বনজীবীদের কাছে তিনি অরণ্যের দেবী রূপে পূজিত। লোক বিশ্বাসে তিনি কখনো মুরগির রূপ ধারণ করেন, কখনো হন বাঘ।
মোমিনুর বলেন, এখানে প্রতিদিন অনেক মানুষ এই বটগাছ দেখতে ভিড় করেন। সরকারিভাবে এটা যদি পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়, তাহলে সরকারের থেকে রাজস্ব আদায় হবে।
আরেক বাসিন্দা ফিরোজ হোসেন বলেন, বাপ-দাদার মুখে শোনা এই বনবিবির বটতলার ইতিহাস। কয়েক’শ বছরেরও অধিক বয়সী এই বটগাছ। ছোটবেলা থেকেই নাকি তারা দেখে আসছেন প্রতিবছরই পহেলা মাঘে সেখানে হাজুত মেলা বসে। সব ধর্মের মানুষের আগমন ঘটে এই বটতলায়। অনেকের বিশ্বাস, সেখানে দুধ ঢাললে সবারই মঙ্গল হয়।
এছাড়াও প্রতিবছর পহেলা বৈশাখ উপজেলা প্রশাসনের উদ্যোগে বনবিবির বটতলায় পান্তা-ইলিশ খাওয়ার ধুম পড়ে। দূর-দূরান্ত থেকে মানুষ আসেন নববর্ষ উৎযাপন করার জন্য। নাচ, গান ও আনন্দে মেতে ওঠেন সবাই। শুধু হাজুত মেলা বা নববর্ষ উদযাপন নয়, সৌন্দর্য উপভোগের জন্য দেশের বিভিন্ন জেলার মানুষ প্রতিদিন বেড়াতে আসেন বনবিবির বটতলায়।
বেড়াতে আসা রাকিবুল ইসলাম বলেন, জায়গাটি অনেক নিরিবিলি এবং খুবই সুন্দর হওয়ায় মাঝে মাঝে বেড়াতে আসি। কিন্তু এখানে বসার কোনো স্থান নেই। কোথাও কোনো পরিপাটি নেই। জায়গাটি যদি সুন্দর ব্যবস্থাপনা করা যায়, তাহলে এখান থেকে সরকার রাজস্ব আদায় করতে পারবে। সবাই এসে সময় কাটাতে পারবে।
এই বটতলাতেই ভারত-বাংলাদেশের যৌথ ছবি শঙ্খচিলের অনেক দৃশ্য ধারণ করা হয়েছে। এছাড়া ইত্যাদি অনুষ্ঠানেও এটি নিয়ে পর্ব প্রচারিত হয়। উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবছর এই বটতলায় পহেলা বৈশাখ উদযাপিত হয়। পান্তা-ইলিশ খাওয়ার ব্যবস্থা থাকে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান বলেন, বনবিবি বটতলা ঘিরে আমাদের অনেক উদ্যোগ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত এর পদক্ষেপ নেয়া হবে।
জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, বনবিবির বটগাছ নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। সেখানে প্রতিদিন দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসে বটগাছটি দেখতে। এত বড় বটগাছ অন্য কোথাও নেই তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হচ্ছে। স্থানটিতে পর্যটন কেন্দ্র বানানো যায় কিনা।











































