ঢাকা অফিস।।
সম্প্রতি ১২টি দলের তথ্য যাচাই-বাছাই করে দুটি দলকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নিবন্ধন পাচ্ছে না গণঅধিকার পরিষদ ও আমার বাংলাদেশ (এবি) পার্টির মতো দলগুলো। এই ইস্যুতে ইসির দিকে অভিযোগ তুলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
মঙ্গলবার (১৮ জুলাই) বিএনপি কর্মসূচিতে একাত্মতা পোষণ করে পদযাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, এই কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আগামী ২৫ জুলাই সব অনিবন্ধিত দল একসঙ্গে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।
এ সময় নুর আরও বলেন, এই নির্বাচন কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করেছে, বেঈমানী করেছে। গণঅধিকার পরিষদকে নিবন্ধন না দিয়ে তা প্রমাণ করেছে। আর শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে।
এর আগে বিএনপির পদযাত্রার সঙ্গে একাত্মতা প্রকাশ করে পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে থেকে পদযাত্রা বের করে গণঅধিকার পরিষদ। পদযাত্রার মিছিলটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজারে এসে শেষ হয়।











































