স্পোর্টস ডেস্ক।।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১ বার ও রিয়াল মাদ্রিদের হয়ে ৪ বার; মোট পাঁচবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপার স্বাদ পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালাদো। ১৪০ গোল নিয়ে এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনিই।
এ বছরের শুরুতে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিলে রোনালদোর চ্যাম্পিয়নস লিগ খেলায় ছেদ পড়ে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের কোচ এডি হাউয়ির কথায় ফের উঁকি দিচ্ছে রোনালদোর চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা। প্রতিবেদন জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম গোল ডটকমের।
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ হয় নিউক্যাসল। তাই আসছে মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলবে তারা। তবে এই দলবদলে তারা মাত্র একজনকে দলে ভেড়াতে পেরেছে। তিনি স্যান্দ্রো তোনালি। ৫৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাকে দলে ভেড়ায় ইংলিশ এই ক্লাবটি। তবে চ্যাম্পিয়নস লিগে পরের মৌসুমেও নিজেদের জায়গা ধরে রাখার জন্য আরও খেলোয়াড় দরকার তাদের। ইংলিশ ক্লাব হলেও নিউক্যাসলের ৮০ শতাংশ মালিকানা সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের। সৌদি প্রো লিগের অধিকাংশ মালিকানাও এই ফান্ডের। তাই প্রো লিগ থেকে খেলোয়াড় ধারে আনতে চায় নিউক্যাসল।
রোনালদো এবং রুবেন নেভেসের মতো খেলোয়াড়রা নিউক্যাসলের লোনের লক্ষ্য হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে হাউয়ি বলেন, ‘এটি নিউক্যাসলের জন্য সঠিক কি না তার ওপর নির্ভর করে। আমরা সবসময় আমাদের জন্য যেটা ভালো হয় সেটাই করবো।’
হাউয়ি স্বীকার করে নিয়েছেন, তাদের মালিকের হয়তো অনেক সম্পদ থাকতে পারে, কিন্তু তাদের প্রত্যেক দলবদলে প্রচুর টাকা খরচ করবে না।
নিউক্যাসল কোচ বলেন, ‘আমি স্যান্দ্রোকে পেয়ে খুশি। কিন্তু আমরা জানি, আমাদের আরও (খেলোয়াড়) দরকার। সঠিক কারো জন্য আমাদের ধৈর্য্য ধরার প্রস্তুতি ছিল কিন্তু আমরা এও জানি আমাদের আরও শক্তিশালী হতে হবে।’











































