Home Uncategorized সংকটের সমাধান কোন পথে

সংকটের সমাধান কোন পথে

19

ঢাকা অফিস।।

দিন গণনার হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র পাঁচ মাসের কিছু বেশি সময় বাকি। কিন্তু সেই নির্বাচন কার অধীনে হবে- এমন প্রশ্নে মুখোমুখি অবস্থানে দেশের বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। এরই মধ্যে গত বুধবার পাল্টাপাল্টি একদফা ঘোষণা করে দুই দলই তাদের চূড়ান্ত অবস্থানের কথা জানান দিয়েছে। বিএনপি বলছে, বর্তমান সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া নির্বাচন হবে না। বিএনপির এই দাবির সঙ্গে সহমত পোষণ করেছে বেশ কিছু সমমনা বিরোধী রাজনৈতিক দল। দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করেছে তারা। চরমোনাই পীরের ইসলামী আন্দোলনসহ ধর্মভিত্তিক দলগুলোও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে জোরালো আন্দোলনের হুমকি দিচ্ছে। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীন ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।

এই অবস্থায় আলোচনা বা সংলাপের প্রশ্নে দুই দলই যার যার শর্তে অনড়। ক্ষমতাসীনদের পক্ষ থেকে বলা হচ্ছে, সংলাপের কোনো প্রয়োজনই নেই। আর বিএনপি বলছে, সংলাপ করতে হলে আগে সরকারকে পদত্যাগ করতে হবে। দুপক্ষের এমন অনড় অবস্থানের কারণে নির্বাচনী রাজনৈতিক সংকট রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, পর্দার আড়ালে হলেও সংলাপ বা সমঝোতা করতে হবে। না হলে সামনে বিপদ ঘনীভূত হবে। ঘুরিয়ে ফিরিয়ে সংলাপের কথা বলছেন বিদেশিরাও। বিশেষ করে আগামী নির্বাচন প্রশ্নে সব থেকে বেশি সরব যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। এরই মধ্যে ঢাকা সফর করে গেছেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। তিনি সংকট সমাধানের সংলাপের কথা বলে গেছেন। এ ছাড়া প্রাক-নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে এখনো বাংলাদেশ সফরে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের একটি স্বাধীন নির্বাচন পর্যবেক্ষক মিশন।

বাংলাদেশের রাজনৈতিক বিরোধ মেটাতে বিদেশিদের তৎপরতা আগে দেখা গেছে বহুবার। ২০১৪ সালের নির্বাচনের আগে বিবদমান দুপক্ষকে সমঝোতায় আনতে দেশে এসেছিলেন জাতিসংঘের তৎকালীন মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া যুক্তরাষ্ট্রের

বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া গণতন্ত্র ও সুশাসন যে বাইডেন শাসনামলে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার সেটি স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বাংলাদেশের গণতন্ত্র চর্চা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেছেন, শক্তিশালী গণতন্ত্র এবং ভোটে সবার অংশগ্রহণের ওপর বাংলাদেশের ভবিষ্যতের সমৃদ্ধি নির্ভর করছে। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে উনি পরিষ্কার বার্তা দিয়েছেন।

এ ছাড়া সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটের তাগিদ দিয়ে আসা ইউরোপিয়ান ইউনিয়ন কয়েক দিন আগেই একটি প্রতিনিধি দল পাঠিয়েছে, যাদের কাজ হচ্ছে প্রাক-নির্বাচনী অনুসন্ধানে সংশ্লিষ্ট বিভিন্নজনের সঙ্গে আলোচনা করা। ঢাকায় ইইউ ডেলিগেশন হেড চার্লস হোয়াইটলিও সংকট সমধানে সংলাপের কথা বলেছেন।

এবার নির্বাচনের আগে পশ্চিমা দেশগুলোর নানা কথা ও পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। এর মধ্যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করেছে। এর পরদিনই ২৫ মে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিরা ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ডাকে তার বাসায় হাজির হন, তার সঙ্গে বৈঠক করেন। বলা বাহুল্য, এ বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল- অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা। সেখানে নেতারা তাদের দলীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংলাপের ওপর গুরুত্বারোপ করেন বলে জানা যায়। এর আগের দিন ২৪ মে রাতে বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও সংলাপে ভূমিকা রাখার কথা বলেন।

সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসানীতি, নির্বাচন নিয়ে আওয়ামী লীগ-বিএনপির অবস্থান, রাজনৈতিক সংলাপের সম্ভাব্যতা এবং মার্কিন দূতাবাসের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যুক্তরাষ্ট্র যে খুবই গঠনমূলক ও ইতিবাচকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে সেটিও স্পষ্ট করা হয়।

সূত্র জানায়, বৈঠকে ২০১৪ সালের নির্বাচনের সময় ঘটা জ্বালাও-পোড়াও নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে মৃদু বিতর্ক হয়। মার্কিন দূত সংলাপ নিয়ে মনোভাব জানতে চাইলে দলগুলোর নেতারা দলীয় অবস্থান অনুযায়ী নানা দিক নিয়ে কথা বলেন। রাষ্ট্রদূতের তরফে জানানো হয়, যুক্তরাষ্ট্র সংলাপে ভূমিকা রাখতে চায়। যুক্তরাষ্ট্র যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের সবার প্রচেষ্টার অংশীদার হতে চায় সে বার্তাও দেওয়া হয়।

বৈঠক সূত্র জানায়, নূ্যূনতম কী পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে অংশ নিতে পারে- এ প্রসঙ্গে বিএনপির প্রতিনিধিরা জানান, তত্ত্বাবধায়ক সরকার না হলেও নির্বাচনকালীন সরকার অবশ্যই নিরপেক্ষ হতে হবে। তাহলেই কেবল বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে আওয়ামী লীগের প্রতিনিধিরা জানান, সংবিধান অনুযায়ী সরকার ও আওয়ামী লীগ একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। সেটি শুধু কথার কথা নয়, আমরা করে দেখাব। আওয়ামী লীগের তরফে স্পষ্ট করা হয়, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।

এ অবস্থায় সংলাপের বিষয়ে আওয়ামী লীগের অবস্থান জানতে চাইলে দলের সভাপতিম-লীর সদস্য লে. ক. (অব) ফারুক খান বলেন, ‘এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। বাংলাদেশের নির্বাচন নিয়ে কারও সঙ্গে কোনো সংলাপের প্রয়োজন নেই। আর বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন কন্ডাক্ট (পরিচালনা) করবে না। বাংলাদেশের সংবিধান যারা জানেন, তাদের মাথায় থাকা উচিত নির্বাচন কন্ডাক্ট করবে নির্বাচন কমিশন। সুতরাং নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপ করতে পারে বিএনপি। ইসি তাদের কয়েকবার সংলাপের জন্য ডেকেছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী। এজন্য সংলাপের দরকার নেই। কারণ তিনি যা করবেন তা তো সংবিধানেই বলা আছে। এ কথা আমরা আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নসহ সবাইকে বলেছি। তাদের বলেছি, বাংলাদেশের সংবিধানে এবং আরপিওতে বলা আছে কার দায়িত্ব কতটুকু।’

আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের এ নেতা বলেন, ‘আমাদের দেশের যে অবস্থা, তার চেয়ে আমেরিকার নির্বাচনের পূর্বের অবস্থা খারাপ ছিল। ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় বলেছেন- আগামী নির্বাচনে কারচুপি হবে আমি জানি এবং সেই ফল আমি মানব না। তারপরও তো ট্রাম্পের সঙ্গে বাইডেনের কোনো সংলাপ হয়নি। আলটিমেটলি আমেরিকার যে নিয়ম, সে নিয়মে নির্বাচন হয়েছে। সে নির্বাচনে বাইডেন বিজয়ী হন। ওই সময় ট্রাম্প সঙ্গে সঙ্গে পদত্যাগ করে বলেছেন, এই নির্বাচন আমি মানি না। এখনো তিনি মানেননি যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। সেখানে যেহেতু সংলাপ হয়নি, আমাদের দেশে কেন হবে। আমাদের দেশে তো এ রকম সিচুয়েশন হয়নি। বিএনপি যা বলছে, তা সম্পূর্ণ অসাংবিধানিক ও অগণতান্ত্রিক।’

সংলাপের বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘যে কোনো সংকট সমাধানে আলাপ-আলোচনাই প্রধান উপায়। আমরাও সমস্যা সমাধানে সংলাপে বিশ^াসী। আমরা একদফা আন্দোলনের ঘোষণা করেছি। আমাদের একদফা হচ্ছে, সরকারের পদত্যাগ। এরপর নিরপেক্ষ নির্বাচন। সরকারও নিরপেক্ষ নির্বাচন চায়। কিন্তু সরকারের নিরপেক্ষ নির্বাচনের সংজ্ঞা আর আমাদের অবাধ, নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞার মধ্যে পার্থক্য আছে। আমাদের সংজ্ঞা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি। এ সরকারের অধীনে কোনো দিন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুতরাং সরকারকে পদত্যাগ করতে হবে। এরপর সংলাপ। যদি সহসা সরকার পদত্যাগ না করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে পদত্যাগে বাধ্য করা হবে।’

জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘সংকট সমাধানে এখনো দুই দলের মধ্যে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে না। সামনে একটিই রাস্তা, হয় সমঝোতা, না হয় রক্তক্ষয়ী সংঘাত। সংঘাত হলে ক্ষমতাসীনরাও নিরাপদ থাকতে পারবে না। সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। অর্থনৈতিক বিপর্যয় দেখা দেবে। তাই সাধারণ মানুষের উদ্বেগ এবং দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে দেশের শীর্ষ দুই রাজনৈতিক দলকে ইতিবাচক রাজনীতি করতে হবে। আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট উত্তরণ করতে হবে।’

নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শান্তনু মজুমদার বলেন, ‘দেশের প্রধান দুই রাজনৈতিক ধারা যখন এ রকমের অমীমাংসিত বক্তব্য হাজির করে, তখন সাধারণ মানুষ হিসেবে আমাদের মধ্যে আশঙ্কার জন্ম নেয়। আমি মনে করি, নির্বাচনের কয়েক মাস বাকি আছে। একটা সমাধান বের হবে। উভয় পক্ষের মধ্যে বাস্তবতা শেষ পর্যন্ত কাজ করবে। যদি নির্বাচনটা ঠিকভাবে না হয়, অরাজকতা হয় অথবা কাউকে নির্বাচন থেকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটা যে বিপদ তৈরি করবে, তা বহন করার মতো শক্তি কারও আছে বলে আমার মনে হয় না। সেজন্য বলছি, বাস্তব বুদ্ধি কাজ করবে বলে আমার মনে হয়। প্রকাশ্যে ও অপ্রকাশ্যে ডিল হবে বলে আমি মনে করছি।’

শান্তনু মজুমদার বলেন, ‘২০১৪ সালের নির্বাচন, ২০১৫ সালে সরকার ফেলে দেওয়ার জন্য সহিংস আন্দোলন, ২০১৮ সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনের বাস্তবতা বাংলাদেশ জনগণের বহন করতে চাইবে না। নেওয়ার মতো সেই অবস্থা নেই। কারণ এটা ২০২৩ সাল। সেখানে আমার মনে হয় শেষ পর্যন্ত বাস্তব বুদ্ধি কাজ করবে। এক বাস্তবতা হচ্ছে, আন্দোলন করে সরকার ফেলে দেবে, সেই বাস্তবতা এখন আর নেই। আবার অমুক দলকে নির্বাচন থেকে দূরে রাখবে, সেই বাস্তবতাও নেই। আরেক বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের যতটুকুই শক্তিমত্তা থাকুক, বিশ্ব পরিস্থিতি পাল্টে গেছে। আন্তর্জাতিক সম্প্রদায় রাজনৈতিক-উত্তর ঔপনিবেশিক দেশগুলোতে দৃষ্টি রাখে। সেটা ইচ্ছাই হোক বা অনিচ্ছায় হোক।’ তিনি আরও বলেন, ‘ব্যক্তিভাবে আমি মনে করি কেউ যদি শুভবোধ নিয়ে আসে, সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে ওয়েলকাম। অর্থাৎ সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয়, সে রকম সদিচ্ছা নিয়ে এলে তাদের ওয়েলকাম। কিন্তু এটা করতে ঘাড়ে হাত দেওয়ার মতো ব্যাপার যেন না থাকে। বাংলাদেশি হিসেবে আমরা এটা চাইতেই পারি।’