কুষ্টিয়া প্রতিনিধি।।
গ্রামীন সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ব্যবহৃত ঐতিহাসিক এম এন প্রেসটি জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তরে চুক্তি সম্পন্ন হয়েছে। স্বত্ত্ব হস্তান্তর চুক্তিপত্রে সই করেন কাঙ্গাল হরিনাথের চতুর্থ বংশধরের স্ত্রী শ্রীমতি গীতা মজুমদার। জাতীয় জাদুঘরের পক্ষে সই করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান।
পরিবারের দুই জনকে চাকরি দেওয়া ও ২০ টাকা টাকার চেক হস্তান্তরের শর্তে চুক্তিটি হয় বলে জানিয়েছেন কাঙ্গাল হরিনাথ মজুমদারের বংশধররা।
চুক্তি পত্রে ১ নম্বর সাক্ষী হিসেবে সেই করেন কাঙ্গাল হরিনাথ মজুমদারের পঞ্চম বংশধর দীপঙ্কর মজুমদার এবং দ্বিতীয় সাক্ষী হিসেবে সই করেন সাংবাদিক কে এম আর শাহীন। প্রেসটি আগামী এক সপ্তাহের মধ্যে বাস্তুভিটা থেকে কুষ্টিয়ার কুমারখালীর কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরে নিয়ে আসা হবে।
রোববার (১৬ জুলাই) মুঠোফোনে এতথ্য জানিয়েছেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান।
কামরুজ্জামান জানান, গত শনিবার সকাল ১১টার দিকে রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের নব নির্মিত বোর্ড সভা কক্ষে চুক্তিনামা স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় জাদুঘর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিক।
তিনি আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে প্রেসটি জাদুঘরে হস্তান্তর করা হবে। কিন্তু বিনিময়ের বিষয়টি তিনি পরিবার থেকে জেনে নেওয়া কথা জানিয়েছেন।
কাঙ্গাল হরিনাথ মজুমদারের পঞ্চম বংশধর দীপঙ্কর মজুমদার জানান, ২০ লাখ টাকার চেক ও পরিবারের দুই সদস্যের চাকরি দেওয়ার শর্তে তাঁর মা প্রেসটি হস্তান্তরের চুক্তিনামায় স্বাক্ষর করেছেন। চেকটি তাঁরা হাতে পেয়েছেন। এই বিনিময়ে তিনি খুব খুশি।
জানতে চাইলে চুক্তিনামার দ্বিতীয় স্বাক্ষী সাংবাদিক কে এম আর শাহীন বলেন, দু’পক্ষের সমন্বয়হীনতার অভাবে দীর্ঘদিন ঝুলে থাকা কাজটি সম্পন্ন হয়েছে। ২০ লাখ টাকা ও বংশধরদের দুইজনের চাকরির বিনিময়ে ঐতিহাসিক চুক্তিপত্রে স্বাক্ষর করতে পেরে তিনি গর্বিত।
কুমারখালী কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরের অনুসন্ধান কর্মকর্তা ওবাইদুল্লাহ বলেন, ২০১৭ সালে স্মৃতিজাদুঘরটি চালু হলেও প্রেসটি এখনো কাঙ্গাল হরিনাথের বাস্তুভিটায়। দর্শনার্থীরা এসেই আগে প্রেসটি দেখতে চান। নানা জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে কয়েকটি শর্তে ঐতিহাসিক স্বত্ত্বটি হস্তান্তর করছেন বংশধরেরা। অচিরেই জাদুঘরে দর্শনার্থীরা প্রেসটি দেখতে পাবেন।











































