স্পোর্টস ডেস্ক||
সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে বল হাতে সাকিব আল হাসানের পারফরম্যান্স নজর কেড়েছে। এরই পুরস্কার হিসেবে ওয়ানডেতে বোলারদের তালিকায় শীর্ষ দশে ফিরেছেন এই তারকা। ব্যাটে-বলে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অনবদ্য কীর্তি গড়েন সাকিব। তারকা এই অলরাউন্ডারের দুর্দান্ত কীর্তিতে অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম।
আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবকে অভিনন্দন জানিয়ে একটি স্ট্যাটাস দেন মুশফিক। সাকিবের সঙ্গে ছবি শেয়ার করে স্ট্যাটাসে মুশফিক লেখেন, ‘একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার, যার ১৪ হাজার রান ও ৬০০ উইকেট রয়েছে। কিংবদন্তিকে অভিনন্দন। আমাদের গর্বিত করতে থাকো।’
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের রয়েছে অনেক রেকর্ড। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্রিকেটের অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন এই তারকা অলরাউন্ডার। এবার আন্তর্জাতিক ক্রিকেটে এমন এক রেকর্ড গড়েছেন সাকিব, যেখানে তার ওপরে কেউ নেই।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রান ও ৬’শ উইকেটের মালিক হলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আন্তর্জাতিক অঙ্গনে এমন কীর্তি গড়েন সাকিব।











































