স্পোর্টস ডেস্ক||
ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনইনমেন্ট (ডব্লিউডব্লিউই) কিংবদন্তি মার্ক উইলিয়াম ক্যালাওয়ে, তবে রিংয়ে তিনি দ্য আন্ডারটেকার নামেই পরিচিত। চারবারের সাবেক ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন এই খেলার সর্বকালের অন্যতম সেরা। রেসলিং ক্যারিয়ারে তিনি প্রতিপক্ষের কাছে ছিলেন ত্রাস। আর বাস্তব জীবনেও ৫৮ বছরের এই তারকা যে কতটা ভয়ডরহীন সেটাই এবার তিনি বুঝিয়ে দিলেন। সম্প্রতি ডেডম্যান খ্যাত এই তারকা ও তার স্ত্রী মিশেল ম্যাক কুল গিয়েছিলেন ছুটি কাটাতে। খবর এনডিটিভির।
মিশেল সমুদ্রে মেতেছিলেন। কিন্তু আচমকাই এক হাঙর চলে আসে তার খুব কাছে। স্ত্রীর থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিলেন আন্ডারটেকার। ডাক শুনে চলে আসেন স্বামী। আর অদ্ভুত ব্যাপার, অত বড় হাঙরও আন্ডারটেকারকে দেখে লেজ গুটিয়ে পালিয়েছে।
সেই ঘটনার বর্ণনা দিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মিশেল। তিনি লিখেছেন, ‘আমি সমুদ্রের ধারে বসে বই পড়ছিলাম। আচমকাই হাঙরের মতো দেখতে এই ভেজিটেশন চলে আসে। আমি আমার স্বামী আন্ডারটেকারকে ডেকে নিই।’
এদিকে ভিডিও দেখে একজন মন্তব্য করেছেন যে, সেটি নার্স হাঙর ছিল। ভয়ের কোনো ব্যাপার ছিল না। কারণ নার্স হাঙর মানুষের ক্ষতি করে না। উল্টে মানুষের থেকে তারা দূরত্বেই থাকে। অনেকে এও লিখেছেন যে, ভুলে গেলে চলবে না যে, আপনার স্বামী আন্ডারটেকার। তার সঙ্গে টক্কর দেওয়ার সাহস হাঙরও করবে না।
মিশেল নিজেও কিন্তু সাবেক ডব্লিউডব্লিউই ডিভা ও মেয়েদের দু’বারের চ্যাম্পিয়ন। দুই সাবেক রেসলার ২০১০ সালে বিয়ে করেছিলেন। বিগত ১৩ বছর একসঙ্গে আছেন তারা। আন্ডারটেকার ১৯৯০ সালে ডব্লিউডব্লিউই-তে অভিষেক করেন। ৩০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করেন ২০২০ সালে।











































