Home Uncategorized বর্ষায় চলাচলের অনুপযোগী খুলনার ২৩১৮ কি.মি. কাঁচা সড়ক

বর্ষায় চলাচলের অনুপযোগী খুলনার ২৩১৮ কি.মি. কাঁচা সড়ক

16

স্টাফ রিপোর্টার।।
বৃষ্টিতে ডুমুরিয়া উপজেলার মাগুরখালি ইউনিয়নের গাজীনগর গ্রাম থেকে বাগারদাইড় গ্রাম পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার সড়ক এখন পরিণত হয়েছে যেন চষের জমিতে। কাদার কারণে সড়কে সাইকেল, মোটরসাইকেল ও ভ্যান চলাচলতো দূরের কথা পায়ে হেটে চলাও দায়। টানা কয়েকদিন বৃষ্টি না হলে কাদা কমে গেলেও ওই সময় সড়ক থাকে এবড়োথেবড়ো। দীর্ঘদিনেও সড়কটি পাকা না হওয়ায় দুর্ভোগের অন্ত নেই ৬টি গ্রামের কয়েক হাজার মানুষের।

রূপসা উপজেলার চর মোসাব্বারপুর গ্রামে দেড় কিলোমিটার দীর্ঘ মাঝের রাস্তাটি দীর্ঘদিন ধরে কাঁচা। গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাটি কর্দমাক্ত হয়ে যাওয়ায় চলাচলে সৃষ্টি হয়েছে দুর্ভোগ। একই অবস্থা এই উপজেলার নন্দনপুর গ্রামের দক্ষিণপাড়ার বরকত মসজিদের সামনের আধা কিলোমিটার রাস্তাটির।
শুধু এই তিনটি সড়কই নয়; চলতি বর্ষা মৌসুমে খুলনায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মাটির তৈরি ২ হাজার ৩১৮ কিলোমিটার কাঁচা সড়ক। তারপরও কাঁদাপানির মধ্যে এসব সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে জেলার নয়টি উপজেলার লাখো মানুষ। দীর্ঘদিনেও এসব সড়ক পাকা করতে পারেনি এলজিইডি।

ডুমুরিয়ার গাজীনগর গ্রামের ইউপি সদস্য সুভাষ মণ্ডল বলেন, বর্ষাকালে কাঁচা রাস্তার কারণে গাজীনগর, বাগারদাইড়, চন্ডিপুর, লাঙলমোড়া, কাঞ্চননগর ও খাগড়াবুনিয়া এই ছয়টি গ্রামের শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও মাছ চাষের সঙ্গে সংশ্লিষ্টরা বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত ও নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহনের জন্য নৌপথ ব্যবহার করতে হচ্ছে।

ওই গ্রামের মাছ ব্যবসায়ী শ্যামল মণ্ডল, কাঞ্চননগর গ্রামের গৃহবধূ শ্যামলী সরকার ও চন্ডিপুর গ্রামের কৃষক অমল মণ্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রামের এই রাস্তাটি বর্ষাকালে তাদের জন্য গলার কাটা হয়ে দাড়ায়। চলাচলে যে কী পরিমাণ দুর্ভোগ হয় তা বলে বোঝানো যাবে না।

রূপসার চর মোসাব্বারপুর গ্রামের সৈকত হোসেন ও খায়রুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, শহরের তুলনায় গ্রাম এলাকার রাস্তাঘাট অবহেলিত। বর্ষা মৌসুমে এলাকার কাঁচা সড়কগুলো দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

খুলনা এলজিইডি সূত্রে জানা গেছে, জেলার নয়টি উপজেলায় তাদের আওতাধীন সড়ক রয়েছে মোট ৬ হাজার ৩ কিলোমিটার। এর মধ্যে ইটের সলিং রাস্তা ২ হাজার ৬৩ কিলোমিটার, পাকা (পিচ) রাস্তা ১ হাজার ৫৬০ কিলোমিটার এবং ঢালাই (সিসি/আরসিসি) রাস্তা রয়েছে ৬২ কিলোমিটার। আর কাঁচা রাস্তা রয়েছে ২ হাজার ৩১৮ কিলোমিটার।
এলজিইডি’র তথ্য অনুযায়ী, জেলায় সবচেয়ে বেশি কাঁচা বা মাটির রাস্তা ডুমুরিয়া উপজেলায় ৫১৭ দশমিক ৫৯ কিলোমিটার। দাকোপ উপজেলার ৩৮৬ দশমিক ৮৩ কিলোমিটার, পাইকগাছার ৩১৪ দশমিক ৩০ কিলোমিটার, রূপসা উপজেলার ২৮৪ দশমিক ০৬ কিলোমিটার, কয়রার ২৪৫ দশমিক ৯৪ কিলোমিটার, বটিয়াঘাটার ১৯৫ দশমিক ৫৮ কিলোমিটার, তেরখাদার ১৭১ দশমিক ১৬ কিলোমিটার, দিঘলিয়ার ১২৮ দশমিক ৯৫ কিলোমিটার এবং ফুলতলা উপজেলার ৭৩ দশমিক ৮৭ কিলোমিটার সড়ক কাঁচা।

এ ব্যাপারে খুলনা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এ কে এম আনিছুজ্জামান জানান, ২০ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ‘খুলনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করা হয়েছে। প্রকল্প প্রস্তাবনায় জেলার ১ হাজার ৮৯৫ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ করা হবে। এর মধ্যে রয়েছে কাঁচা ও ইটের সলিং রাস্তা সংস্কার এবং কিছু কাঁচা রাস্তায় ইটের সলিং করা। তিনি বলেন, সব কাঁচা রাস্তা ইটের সলিং কিংবা পাকা করতে অনেক টাকার প্রয়োজন এবং দীর্ঘ সময় লাগবে।