Home খেলাধুলা যেখানে মেসি-রোনালদোর চেয়ে নিজেকে এগিয়ে রাখলেন ছেত্রী

যেখানে মেসি-রোনালদোর চেয়ে নিজেকে এগিয়ে রাখলেন ছেত্রী

19

স্পোর্টস ডেস্ক।।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবের হয়ে তো বটেই, দেশের হয়ে গোল দেওয়ার ক্ষেত্রেও সমান পারদর্শিতা দেখিয়েছেন তারা। দেশের হয়ে সেরা ১০ গোলদাতার মধ্যে মেসি-রোনালদোর সঙ্গে আছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রীও। তবে নিজেকে তাদের সমকক্ষ মনে করেন না ছেত্রী। তবে যখন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার প্রশ্ন আসে, তখন মেসি-রোনালদোর চেয়েও নিজেকে এগিয়ে রাখেন ছেত্রী।

ছেত্রী বলেন, ‘তালিকার (দেশের হয়ে সেরা ১০ গোলদাতা) অন্য ৯ জনের সঙ্গে কোনো তুলনা হয় না। আমি বলতে চাচ্ছি, অনেকের মতো রোনালদো এবং মেসির মতো খেলোয়াড়দের ভক্ত আমিও। এই তালিকার কারো সঙ্গে তুলনা করতে চাই না, বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছিও না আমি। কিন্তু, হ্যাঁ, যখন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার প্রশ্ন আসে, তখন আমি তাদের চেয়েও ভালো হতে পারি।’

ফুটবল দর্শন নিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘বর্তমানে আন্তর্জাতিক ফুটবল এমন একটি জিনিস যে কেউ জানে না কী ঘটবে। আন্ডারডগরাও জিততে পারে। আপনি কখনোই জানবেন না ফুটবলে কী ঘটতে যাচ্ছে। এ কারণেই আমাদের নিজেদের সর্বোচ্চটি দিতে হবে। আমি দলের বাকিদের এই বার্তা দেওয়ারই চেষ্টা করি।’

কয়েকদিন আগেই বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ জেতে ভারত। টুর্নামেন্টটি নিয়ে ছেত্রী বলেন, ‘এটি দারুণ ছিল, প্রথম দিন থেকেই যে সমর্থন। মাঠে সমর্থকরা যেভাবে আমাদের উৎসাহ দিয়েছে, এটি বিশেষ কিছু এবং জাদুকরী কিছু ছিল।’

প্রসঙ্গত, জাতীয় দলের হয়ে ১২৩ গোল দিয়ে এই মুহূর্তে সবার ওপরে পর্তুগিজ তারকা রোনালদো। ১০৯ গোল নিয়ে দুইয়ে ইরানের আলি দাইয়ি। লিওনেল মেসি ১০৩ গোল নিয়ে আছেন তালিকার তিনে। আর চতুর্থ স্থানে থাকা ছেত্রীর গোল ৯২টি।