স্পোর্টস ডেস্ক।।
গিনেস বুক অব ওয়ার্ল্ডে ২টি রেকর্ড নিজের করে নিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী ইরফান আনোয়ার তুষার। আজ মঙ্গলবার ইরফানকে পাঠানো ই-মেইলে বিষয়টি নিশ্চিত হয়েছে।
গত ২১ মার্চ বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন কোর্টে ৩০ সেকেন্ডে সর্বোচ্চ ৬৫ বার ড্রাম স্টিক ঘুরিয়ে ও এক মিনিটে ১২৫ বার ড্রাম স্টিক ঘুরিয়ে দুটি রেকর্ড গড়েন ইরফান। রেকর্ডটি করার জন্য গত ২২ জানুয়ারি তিনি আবেদন করেন এবং ২১ মার্চ তিনি এ রেকর্ড গড়েন। পরবর্তীতে গত ৭ জুলাই রেকর্ডটি অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ।
ইরফানের করা প্রথম বিশ্বরেকর্ডটি আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা কেন্ট চ্যাইপার্ট এবং দ্বিতীয় বিশ্বরেকর্ডটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা ব্রান্ডেন ক্যালবাইয়ের কাছ থেকে ছিনিয়ে নেয় বাংলাদেশ।
এ বিষয়ে ইরফান বলেন, ‘ছোটবেলা থেকেই গিনেস বুক রেকর্ড সম্পর্কে জানতাম। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিনেস বুক রেকর্ড হোল্ডার থাকলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে ছিল না। সেখান থেকে আমার আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ ছয় মাস রেকর্ড গড়ার করণীয় ও খুঁটিনাটি জানতে সময় লেগে যায়। সর্বশেষ ২০২৩ সালের ২২ জানুয়ারি গিনেস বুক রেকর্ড কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দেই।’
তিনি আরও বলেন, ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজেকে আসীন করতে পেরে আমি অনেক আনন্দিত ও উচ্ছ্বসিত। কারণ আমি আন্তর্জাতিক অঙ্গনে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করতে পেরেছি।’
এ রেকর্ড গড়ার পেছনে অনুপ্রেরণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার এই অর্জনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে আমার দুই বন্ধু মো. আশিকুর রহমান এবং রবিউল আলম। ব্যবস্থাপনা বিভাগের সকল শিক্ষকই আমাকে সাহায্য করেছে। বিশেষ করে বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ স্যার ও মোশাররফ স্যার সর্বোচ্চটুকু দিয়ে আমাকে এই রেকর্ড করতে সহযোগিতা করেছেন।’
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ছাত্র উপদেষ্টা মো. জাহিদ হাসান বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে এইরকম অর্জন নিঃসন্দেহে অত্যন্ত গর্বের। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত ইরফান আনোয়ারই প্রথম গিনেস বুক অব রেকর্ডসে নাম লেখানোর গৌরব অর্জন করেছেন। শিক্ষক হিসেবে আমি তার মধ্যে সাফল্য অর্জনের যে একাগ্রতা দেখেছি সেটা তাকে বহুদূর পর্যন্ত নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।’











































