Home আন্তর্জাতিক সাগর পাড়ি দিয়ে স্পেন যাত্রা, ৩ শতাধিক অভিবাসী নিখোঁজ

সাগর পাড়ি দিয়ে স্পেন যাত্রা, ৩ শতাধিক অভিবাসী নিখোঁজ

17

আন্তর্জাতিক ডেস্ক।।

সাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে নিখোঁজ হয়েছে তিনটি নৌকা। এতে প্রায় তিন শতাধিক অভিবাসনপ্রত্যাশী ছিলেন। একটি সহায়তা সংস্থার বরাত দিয়ে আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দাতব্য সংস্থা ওয়াকিং বর্ডার জানায়, সেনেগালের উপকূলীয় শহর কাফোন্তিন থেকে একটি মাছ ধরার নৌকায় করে অভিবাসীরা রওনা হয়েছিলেন। সেই নৌকায় অনেক শিশুও রয়েছে। নৌকাগুলো ২৭ জুন ক্যানারি দ্বীপের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

স্পেনের সমুদ্রে উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, উদ্ধার অভিযানে একটি বিমানও অংশ নিয়েছে। তবে নিখোঁজ হওয়া অন্য দুটি নৌকা সম্পর্কে খুব কমই তথ্য জানা গেছে।

ওয়াকিং বর্ডার্সের কর্মী হেলেনা মালেনো রয়টার্সকে জানান, তিনটি নৌকার মধ্যে দুটি নৌকা সেনেগাল থেকে স্পেনের উদ্দেশে রওনা দেওয়ার পর ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এর মধ্যে একটি নৌকায় প্রায় ৬৫ জন এবং আরেকটিতে ৫০ থেকে ৬০ জনের মতো আরোহী ছিলেন।

তিনি জানান, তৃতীয় নৌকাটি প্রায় ২০০ আরোহী নিয়ে গত ২৭ জুন সেনেগাল থেকে রওনা হয়।

মালেনো জানান, নৌকায় করে স্পেনের উদ্দেশে রওনা দেওয়ার পর থেকে আরোহীদের সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারেননি তাদের পরিবারের সদস্যরা।

তিনি জানান, তিনটি নৌকাই সেনেগালের দক্ষিণাঞ্চলের কাফাউনটিন থেকে রওনা হয়, যা টেনেরিফ থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার দূরে। টেনেরিফ ক্যানারি দ্বীপপুঞ্জের একটি দ্বীপ।

নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীদের পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন‒ এ কথা উল্লেখ করে মালেনো জানান, নৌকাগুলোতে থাকা প্রায় ৩০০ অভিবাসনপ্রত্যাশীর সবাই সেনেগালের একই এলাকার বাসিন্দা। সেনেগালের অস্থিতিশীল পরিস্থিতির কারণে উন্নত জীবনের আশায় সাগরপথে ইউরোপের দেশ স্পেনের উদ্দেশে যাত্রা করেছিলেন তারা।