Home জাতীয় নির্বাচন ঘিরে নেতাকর্মীর ওপর নির্যাতন চলছে: বিএনপি

নির্বাচন ঘিরে নেতাকর্মীর ওপর নির্যাতন চলছে: বিএনপি

21

ঢাকা অফিস।।
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের নেতাকর্মীকে মাঠ থেকে সরিয়ে দিতে মিথ্যা মামলা, গ্রেপ্তার, আহত ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। নেতারা বলেছেন, আওয়ামী সন্ত্রাসীদের ব্যবহার করে সারাদেশে এ নির্যাতন চলছে। বুধবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ করা হয়।

গত সোমবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে ঈদের আগে ও পরে, এমনকি ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীর ওপর হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের বিষয়ে আলোচনা হয়। এতে বলা হয়, বিএনপি ও বিরোধী দলগুলোকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য এই হামলাগুলো চালাচ্ছে আওয়ামী লীগ।

ভার্চুয়াল ওই বৈঠকে বলা হয়, ১৯ মে থেকে ২১৫ মামলায় বিএনপির ৯ হাজার ৮০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ সময় মোট গ্রেপ্তার হয়েছে ৮৩৬ জন। এ ছাড়া হামলা চালিয়ে বহু নেতাকর্মীকে আহত করা হয়। হামলা, গ্রেপ্তার ও নির্যাতনের নিন্দা জানিয়ে গ্রেপ্তার নেতাকর্মীর অবিলম্বে মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হত্যা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন নেতারা।

বৈঠকে বলা হয়, জাতিসংঘের সাধারণ পরিষদে সিরিয়ায় গুম বা নিখোঁজ মানুষের চূড়ান্ত পরিণতি কী হয়েছে, তা জানতে একটি নিরপেক্ষ বডি গঠন করার প্রস্তাবে বাংলাদেশের ভোটদানে বিরত থাকা মানবাধিকার নীতির পরিপন্থি। এ সময় বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সব ধরনের মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্রবিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা জানানো হয়। এ ছাড়া সংসদে ব্যাংকের পরিচালকদের মেয়াদ ৯ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করে ব্যাংক কোম্পানি আইনের যে সংশোধনী আনা হয়েছে, তা সম্পূর্ণ গণবিরোধী এবং সুশাসনবিরোধী বলে অভিহিত করা হয়।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।