Home আঞ্চলিক ট্রেনে কাটা পড়ে আরও একজনের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে আরও একজনের মৃত্যু

20

বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের বারোবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল খালেক (৯০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে বারোবাজার মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ঝুঁকিপূর্ণ ট্রেনলাইনের পাশ দিয়ে মাছ কেনাবেচার ভীড় ঠেলে হেঁটে যাচ্ছিলেন। নিহত আব্দুল খালেকের বাড়ি উপজেলার বাদেডিহি গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বারোবাজার ট্রেনলাইনের পাশ দিয়ে কখনও কখনও লাইনের উপরে বসেই দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্নভাবে মাছ কেনাবেচা করে। ফলে সকালের দিকে লাইনের ওপর এতোটাই ভীড় থাকে যে অনেক সময় পায়ে হেঁটেও পার হওয়া কষ্টকর হয়ে পড়ে। এমন অবস্থায় বুধবার সকালে বৃদ্ধ আব্দুল খালেক ট্রেন লাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেন এসে বৃদ্ধের শরীর কয়েক খন্ডে বিভক্ত করে দেয়। খবর পেয়ে নিকটে থাকা পরিবারের সদস্যরা এসে দ্রুত মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

বারোবাজার রেল স্টেশনের স্টেশন মাস্টার আরিফুর রহমান জানান, সকাল সাড়ে ৯ টার দিকে বারোবাজার মাছ বাজার এলাকায় ট্রেন লাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেসে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বিষয়টি জি আর পি পুলিশকে জানানো হয়েছে।

উল্লেখ্য, ট্রেনলাইনের ওপর ঝুঁকিপূর্ণ মাছের বাজার নিয়ে বিভিন্ন সময়ে পত্র পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হওয়ায় কয়েক দফা রেলওয়ের পক্ষ থেকে উচ্ছেদ করা হয়েছে। কিন্ত কিছুদিন যেতে না যেতেই প্রভাবশালী হাট মালিকদের সহযোগীতায় পূর্বের অবস্থায় ফিরে গেছে।