Home Uncategorized খুলনার ৩টি আসনে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছে জামায়াত!

খুলনার ৩টি আসনে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছে জামায়াত!

49

স্টাফ রিপোর্টার।।

খুলনায় প্রকাশ্যে দলীয় কর্মকাণ্ড কম থাকলেও ৩টি আসনে নীরবে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছে জামায়াতে ইসলামী। ইতোমধ্যে ৩টি আসনে তাদের প্রার্থীও চূড়ান্ত। নির্বাচনী কার্যক্রম চলাতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন জামায়াতের প্রার্থী ও তাদের দলের নেতাকর্মীরা।

খুলনা জেলা জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, খুলনা-৪ আসনে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম, খুলনা-৫ আসনে কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার এবং খুলনা-৬ আসনে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর কমিটির সাবেক আমির মাওলানা আবুল কালাম আজাদের প্রার্থিতা চূড়ান্ত করেছে কেন্দ্রীয় কমিটি।

দলের নেতাকর্মীরা জানান, গেল প্রায় ১০ বছর ধরে তারা প্রকাশ্যে দলীয় কর্মকাণ্ড করতে পারেন না। ‘মিথ্যা মামলা’, গ্রেপ্তার ও দলীয় কর্মসূচিতে বাধাদান ছিল নিয়মিত ঘটনা। কিন্তু গোপনে তাদের দলীয় কার্যক্রম অব্যাহত ছিল। এখন প্রকাশ্যে নির্বাচনী কর্মকাণ্ড করতে কোনো বাধা আসছে না।

খুলনা-৬ (কয়রা ও পাইকগাছা উপজেলা) আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ জানান, সাংগঠনিকভাবে খুলনার ৩টি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত হয়েছে। তিনি ব্যক্তিগত এবং সাংগঠনিকভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে নির্বাচনী এলাকায় পোস্টার লাগিয়েছেন। এলাকায় গিয়ে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ক্ষমতাসীন দল অথবা পুলিশ কেউই তাদের নির্বাচনী প্রস্তুতিমূলক কাজে কোনো বাধা দিচ্ছে না। নির্বাচনী প্রস্তুতিমূলক কর্মকাণ্ড চালাতে কোনো অসুবিধাও হচ্ছে না।’ তবে তারা কোনো শোডাউন করছেন না বলে জানান।

তিনি জানান, গেল নির্বাচনে তিনি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ইতোপূর্বে ২ বার এ আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছিলেন। তার দাবি, এ আসনটি জামায়াতের শক্ত ঘাঁটি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।

খুলনা-৫ (ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা) আসনের প্রার্থী, এ আসনের সাবেক সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার নাশকতাসহ বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। তবে দলের পক্ষ থেকে ইতোমধ্যে এ আসনে নির্বাচনী প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে।

প্রার্থীর ভাই ও খুলনা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস বলেন, ‘নির্বাচনী এলাকায় পুরোদমেই কাজ শুরু করেছি। কার্যক্রম চালাতে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি না। দলের নেতাকর্মীরাও প্রার্থীর পক্ষে কাজ করছে।’

খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা) আসনে এবারই প্রথম প্রার্থী দিচ্ছে জামায়েত। এ আসনের প্রার্থী জেলা নায়েবে আমির ও তেরখাদা উপজেলার বাসিন্দা মাওলানা কবিরুল ইসলাম নির্বাচনের মাঠে নতুন মুখ। অন্য দুটি আসনের তুলনায় এ আসনে দলটির তৎপরতা এখনও অনেক কম।

এ আসনের প্রার্থী মাওলানা কবিরুল ইসলাম জানান, প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ চলছে। এখন ঘর গোছানোর কার্যক্রম করছেন। ঈদের সময় পোস্টার লাগিয়ে শুভেচ্ছা জানানোসহ এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় চলছে। শিগগিরই কার্যক্রম বৃদ্ধি করা হবে।

কোনো ‘চাপ’ আছে কিনা জানতে চাইলে বলেন, ‘কিছুটা আছে, তবে বেশি না।’

বিভিন্ন সূত্রে জানা গেছে, খুলনা-৪ আসনে ইতোপূর্বে কোনো নির্বাচনে প্রার্থী দেয়নি জামায়াতে ইসলামী।
খুলনা-৫ আসনে ২০০১ সালের নির্বাচনে জামায়াতের মিয়া গোলাম পরওয়ার বিজয়ী হন। তবে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। আর ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছিল তার দল।

খুলনা-৬ আসনে জামায়াত নেতা শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। আর ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছিল জামায়াত। এ ছাড়া সবশেষ ২০১৮ সালের আলোচিত নির্বাচনে জামায়াতের আবুল কালাম আজাদ পরাজিত হন।

দলীয় সূত্রে জানা গেছে, খুলনা-৪ আসনে বিএনপির শক্তিশালী ২ জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। তবে খুলনা-৫ ও ৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শক্তিশালী কোনো প্রার্থী নেই।