স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব ছেড়ে সেনাবাহিনীর নারী দলের দায়িত্ব নিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন। আজ মঙ্গলবার তাকে আনুষ্ঠানিক ছাড়পত্র দিয়েছে বাফুফে।
আপাতত দুই মাসের চুক্তিতে সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন তিনি। এ বিষয়ে ছোটন গণমাধ্যমকে বলেন, ‘বাফুফে আমার পদত্যাগপত্র গ্রহণ করে চিঠি দিয়েছে। আমি নতুন চাকরিতে যোগদান করেছি। বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দল গঠন করবে। তাদের সঙ্গে আপাতত আমার দুই মাসের চুক্তি হয়েছে। ২ জুলাই থেকে আমি এখানে যোগদান করেছি।’
ছোটন এখন আর নারী ফুটবলে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না। সাবিনা খাতুনদের সাবেক এই কোচ বলেন, ‘আমি ক্লাব কোচিং করাব। সেটা নারী-পুরুষ যে দলই হোক। সেটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ কিংবা যেকোনো স্তরের দলই হতে পারে।’
প্রায় এক দশক নারী ফুটবল নিয়ে কাজ করছেন ছোটন। জাতীয় দলসহ, অনূর্ধ্ব সব দলকেই তিনি প্রশিক্ষণ দিয়েছেন। ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নারী দলের দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৭ সাল থেকে বয়সভিত্তিক সাফের বেশ কয়েকটি টুর্নামেন্টে ফাইনালে নিয়ে গেছেন দলকে। ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫, ২০১৮ সালে সাফ অনূর্ধ্ব-১৮, ২০২১ সালে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এছাড়া তার অধীনে সর্বশেষ নারী সাফ জিতেছেন সাবিনারা।











































