বিনোদন ডেস্ক।।
ভারতের দক্ষিণী তারকা অভিনেত্রী কাজল আগারওয়াল। সম্প্রতি পুত্রসন্তানের জন্ম দেন তিনি। এরপর গুঞ্জন ওঠে অভিনয় জগৎ ছাড়ছেন। যদিও তা গুজব বলে উড়িয়ে দেন অভিনেত্রী। মা হওয়ার পর কোনো বিরতি না নিয়েই কাজে ফিরেছেন। কমল হাসনের বিপরীতে ‘ইন্ডিয়ান টু’ ছবিতে অভিনয় করেছেন। বিভিন্ন সময় ওজন কমাতে ও শরীরচর্চা করতে দেখা গেছে তাকে।
বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে পছন্দ করেন অভিনেত্রী। তবে এবার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বললেন কাজল। জানালেন, অবসাদে ভুগছেন তিনি। তবে অবসাদের সঙ্গে লড়াই করার উপায়ও বলে দিলেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে আসেন কাজল। সেখানেই এক অনুরাগী অভিনেত্রীকে জিজ্ঞেস করেন, মা হওয়ার পরবর্তী সময়ে অবসাদে ভুগেছেন কিনা? অভিনেত্রী বলেন, হ্যাঁ, মা হওয়ার পর অবসাদে ভুগেছি। এখনো ভুগছি। এটা কঠিন সময় আমার জন্য।
তবে সেটা একেবারেই স্বাভাবিক বলেই আমার মনে হয়। সেই সময় আমি আমার পছন্দের কাজগুলো করে ফেলি। কখনো একটু শরীরচর্চা করি, কখনো আবার কফি খেতে চলে যাই বন্ধুদের সঙ্গে। এই সময়টায় সঙ্গ দেয়ার জন্য আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। এই অবসাদের বিষয়টি যতটা না শারীরিক, তার থেকে অনেক বেশি মানসিক। তবে মাতৃত্ব যে তার কাছে আশীর্বাদ স্বরূপ সে কথাও জানান কাজল।











































