Home খেলাধুলা আর্সেনাল ম্যাচে অভিষেক হচ্ছে না মেসির

আর্সেনাল ম্যাচে অভিষেক হচ্ছে না মেসির

21

স্পোর্টস ডেস্ক।।

ইন্টার মায়ামিতে এখনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়নি। তবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে লিওনেল মেসির সম্ভাব্য অভিষেকের একটা ইঙ্গিত মিলেছিল। সংবাদ মাধ্যমে আগে জানা গিয়েছিল, ২০ জুলাই এমএলএস অল-স্টার্সের হয়ে আর্সেনালের বিপক্ষে অভিষেক হতে পারে লিওনেল মেসির। কিন্তু প্রাক মৌসুম ম্যাচটির জন্য অল স্টার্সের ২৬ সদস্যের দল ঘোষণা হতেই দেখা গেলো সেখানে মেসির নামটি নেই।

মেসি না খেললেও অল স্টারের হয়ে খেলবেন তার স্বদেশি থিয়াগো আলমাদা। সঙ্গে থাকছে ইউরোপিয় ফুটবল মাতানো আরও বেশ কিছু তারকা ফুটবলারও। এর মধ্যে রয়েছেন মেক্সিকোর হেক্টর হেরেরা, স্পেন ও সাবেক বার্সেলোনা তারকা রিকি পুই। দলটির ডাগআউটে থাকবেন ডিসি ইউনাইটেডের কোচ ও সাবেক ইংল্যান্ড তারকা ওয়েইন রুনি।

জানা গেছে, চুক্তি দেরি হওয়াতে ইংলিশ ক্লাবের বিপক্ষে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর খেলা হচ্ছে না। এছাড়া ম্যাচের তিন দিন আগে আর্জেন্টাইন অধিনায়কের পরিচয় পর্ব সারবে ইন্টার মায়ামি।

পিএসজির সঙ্গে অফিসিয়ালি মেসির চুক্তি শেষ হবে চলতি মাসের ৩০ তারিখ। আগামী মাসেই মায়ামির সঙ্গে চুক্তি সারবেন ৩৬ বর্ষী মহাতারকা। জানা গেছে, চুক্তি সম্পন্ন হলে মেসির পরিচয় পর্ব ১৬ জুলাই হওয়ার কথা রয়েছে। মেজর লিগ সকারের ক্লাবটির হয়ে মেসির অভিষেক হওয়ার কথা ২২ জুলাই। ওইদিন মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে সাতবারের ব্যালন ডি’অর জয়ীর।

যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে দুবছরের জন্য চুক্তি করবেন মেসি। বছরে বছরে ৫ থেকে ৬ কোটি ডলার আয় করবেন তিনি। চুক্তির মেয়াদ আরও একবছর বাড়ানোর পথও থাকবে খোলা। থাকবে লভ্যাংশ শেয়ারের নানা মাধ্যমও।

এদিকে মেসির আসার জন্য প্রস্তুতি নিচ্ছে মায়ামি। ইতোমধ্যেই ক্লাবটি আসন সংখ্যা ৩ হাজার বাড়ানোর কাজ শুরু করেছে। মাঠের মোট ধারণক্ষমতা হবে ২২ হাজার। হোম এবং অ্যাওয়ে ম্যাচের জন্য খেলোয়াড়দের নিরাপত্তা বাড়ানো হবে।