Home জাতীয় আন্দোলনে যাবে না জাতীয় পার্টি

আন্দোলনে যাবে না জাতীয় পার্টি

24

ঢাকা অফিস।।

সরকারের কড়া সমালোচনা করলেও আন্দোলনে যাবে না সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। মাঠের রাজনীতির নয়, কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে দলটি। জি এম কাদের ও রওশন এরশাদের দ্বন্দ্বে বিভক্ত জাপার দুই বলয়ই সরকারের পক্ষে রয়েছে। সরকারের সমালোচনা করে বিরোধী দলের ভাবমূর্তি তৈরি করতে চাচ্ছে জি এম কাদের পক্ষ। আওয়ামী লীগের অধীনে পরবর্তী নির্বাচন হলে তা কাজে লাগিয়ে আসন বাড়িয়ে নেবে। আর অংশগ্রহণমূলক নির্বাচন হলে যাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে, তাদের সঙ্গে থাকবে। জাপা নেতাদের সঙ্গে আলাপে এসব তথ্য জানা গেছে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। ভোটের রাজনীতির নতুন শক্তি চরমোনাই পীরের ইসলামী আন্দোলন চায় জাতীয় সরকারের অধীনে নির্বাচন। আওয়ামী লীগ আভাস দিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংসদে থাকা দলগুলো নিয়ে নির্বাচনকালীন সরকার হবে।

নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে সুষ্ঠু ভোটের দাবিতে জাপা চেয়ারম্যান জি এম কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা ‘কড়া’ বক্তব্য দিলেও কেমন সরকারের অধীনে নির্বাচন হবে, তা নিয়ে দলটির নিজস্ব অবস্থান নেই। সুষ্ঠু নির্বাচনের দাবি করলেও তা আদায়ে কিছু করবে– এমন আভাসও নেই। বরং দলটির চেয়ারম্যান বলেছেন, মাঠ পর্যায়ে লড়াইয়ের জন্য যে শক্তি-সামর্থ্য দরকার, তা জাতীয় পার্টির নেই। যে নির্যাতন বিএনপি সহ্য করতে পেরেছে, তা জাতীয় পার্টি পারবে কিনা আমি সন্দিহান। মাঠে নামলে আঘাত আসবে, মামলা হবে। এ রকম পরিস্থিতিতে দল টিকিয়ে রাখা মুশকিল হবে।’

দলটির একজন কো-চেয়ারম্যান  জানান, নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক সংস্কৃতি, মানবাধিকার ও অর্থনৈতিক সংকট নিয়ে সরকারের কড়া সমালোচনা করে জাপা বিরোধী দল হিসেবে একটি নিজস্ব অবস্থান তৈরি করতে চাচ্ছে।

জি এম কাদের সম্প্রতি  এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগই নির্বাচনে আসবে না।’ তাঁর এ বক্তব্য আসন বাড়িয়ে নেওয়ার চাপ কিনা– এ প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির নেতারাই বলেন, ‘আমরা সরকারের দালাল হয়ে গেছি।’ এই অপবাদ থেকে নিজেদের রক্ষা করতে চান তাঁরা। হয়তো তাই আওয়ামী লীগের বিরুদ্ধে বলছেন।

একদলীয় ব্যবস্থা চালু ও অন্য দলগুলোকে ধ্বংসের চেষ্টা করছে সরকার– এমন অভিযোগ নিয়ে সম্প্রতি সবর হয়েছেন জি এম কাদের। তাঁর একজন ঘনিষ্ঠ প্রেসিডিয়াম সদস্যের ভাষ্য, জাপা বিশ্বাসযোগ্য বিরোধী দল হতে চাইছে। তা করতে পারলে জাপারই লাভ। জোটে রাখতে চাইলে আওয়ামী লীগকে আরও বেশি আসন দিতে হবে। আবার বর্তমান পরিস্থিতির পরিবর্তন হলে বিরোধীদের দিকে যাওয়ার পথও খোলা থাকবে।

তাঁর অভিমত, সরকারের বিরোধিতা আরও বাড়ালে জাপা ভেঙে যেতে পারে। রওশন এরশাদের অনুসারীরা দল ভেঙে সরকারের সঙ্গে থেকে যাবে। তবে তিনি নিশ্চিত করেন, বিএনপি বা অন্য বিরোধীদের সঙ্গে যোগাযোগ নেই জাপার। বরং সরকার যেসব দলের প্রতি নমনীয়, সেগুলোর সঙ্গে সম্পর্ক রয়েছে।

১৯৮৬ সালে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে গঠিত জাতীয় পার্টি ১৯৯৮ থেকে ২০১৩ সালের মধ্যে তিনবার ভেঙেছে। প্রতিবারই দল ভেঙেছে আওয়ামী লীগ বা বিএনপি কোনো দলের সঙ্গে জোট হবে– এ প্রশ্নে। ২০০৬ সালের পর দলটি ইস্যুভিত্তিক কর্মসূচিতে নিষ্ক্রিয়। জাপার তৎপরতা নির্বাচনকেন্দ্রিক। প্রতিটি জাতীয় নির্বাচনের আগে জাপায় টানাপোড়েন সৃষ্টি হয়। এবারও তা হতে পারে।

তবে এবার জাপা কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে। গেল কয়েক মাসে যুক্তরাষ্ট্র, ভারত, চীন ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন জাপা চেয়ারম্যান। এ মাসের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৈঠকে জানতে চেয়েছিলেন জাপা আগামী নির্বাচনে কারও সঙ্গে জোট করবে কিনা।

এ প্রশ্নের স্পষ্ট জবাব দেয়নি জাপা। দলটির আন্তর্জাতিক যোগাযোগের বিষয় দেখভাল করেন এমন এক নেতা  বলেন, জাপা কোন দিকে যাবে– এ সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি। আগামী নির্বাচন যদি বর্তমান পদ্ধতিতেই হয়, তবে দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গেই থাকবে জাপা। বিএনপি যদি নির্বাচন বর্জন করে, তবু জাপা ভোটে অংশ নেবে আওয়ায় লীগের সঙ্গে সমঝোতা করে। কারণ, সম্প্রতি অনুষ্ঠিত সিটি নির্বাচনগুলোতে দেখা গেছে, বিএনপি নির্বাচনে না থাকলেও ধানের শীষের ভোট জাপায় আসছে না। কারণ, বিএনপির ভোটাররা জাপাকে আওয়ামী লীগের ‘বি টিম’ মনে করে। তাই বিএনপিকে ছাড়া নির্বাচন হলেও সংসদে প্রতিনিধিত্ব টিকিয়ে রাখতে জাপাকে আওয়ামী লীগের সঙ্গে থাকতে হবে।

জাপা নেতাদের বিশ্লেষণ, সুষ্ঠু নির্বাচন করতে আওয়ামী লীগকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। সরকারের পক্ষে রয়েছে ভারত। পারস্পরিক বহুমাত্রিক সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্র ও ভারত শেষ পর্যন্ত বাংলাদেশ বিষয়ে ঐকমত্যে আসবে। যুক্তরাষ্ট্র যদি ভারতকে নিজের দিকে নিতে পারে– তাহলে আওয়ামী লীগের ওপর চাপ আরও বাড়বে। আর ভারত যদি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ বিষয়ে নিজের দিকে নিতে পারে, তাহলে সরকারের সুবিধা হবে। যুক্তরাষ্ট্র ও ভারত যেদিকে যাবে, জাপাকেও তার পক্ষে থাকতে হবে।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিতে ঢাকায় এসে এরশাদকে পরামর্শ দিয়েছিলেন ভারতের তৎকালীর পররাষ্ট্র সচিব সুজাতা সিং। তবু নির্বাচন বর্জন করেছিলেন এরশাদ। জি এম কাদের বলেন, ‘এমপি হওয়ার জন্য লোকজন লাইন দিয়ে থাকে, তাই নির্বাচন বর্জন সহজ নয়।’